বাংলাদেশে আজ মুক্তি পাচ্ছে ‘অ্যাভাটার’
আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে হলিউডের এ সময়ের দারুণ সাড়া জাগানো চলচ্চিত্র অ্যাভাটার। শুরুতে ছবিটি দেখা যাবে ঢাকার বলাকা সিনে ওয়ার্ল্ড, স্টার সিনেপ্লেক্স ও খুলনার সংগীতা প্রেক্ষাগৃহে। তবে জেমস ক্যামেরন পরিচালিত এই ছবিতে যে ত্রিমাত্রিক (থ্রিডি) আবহ রয়েছে, তা বাংলাদেশের দর্শকেরা উপভোগ করতে পারবেন না। হলিউডের সাধারণ ছবির মতোই দেখতে হবে এই থ্রিডি ছবিটি। কারণ, ত্রিমাত্রিক আবহসহ থ্রিডি চলচ্চিত্র প্রদর্শনের প্রযুক্তিগত সুবিধা বাংলাদেশের প্রেক্ষাগৃহে এখনো নেই। বাংলাদেশে ছবিটি আমদানি করেছে ইমপ্রেস টেলিফিল্ম। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘অস্কার পাওয়া বিভিন্ন ছবি আমরা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের দর্শকদের দেখানোর একটা উদ্যোগ নিয়েছি। এরই অংশ হিসেবে থ্রিডি ছবি অ্যাভাটার এনেছি। থ্রিডি ছবি দেখার জন্য এক ধরনের বিশেষ চশমার প্রয়োজন হয়। তাও আনা হয়েছে। কিন্তু যে প্রযুক্তিতে এই ত্রিমাত্রিক ছবিটি তৈরি হয়েছে, তা পুরোপুরিভাবে দেখানোর কারিগরি সুবিধা নেই এ দেশের প্রেক্ষাগৃহগুলোতে। ফলে থ্রিডি প্রযুক্তিতে ছবিটি দেখানো সম্ভব হবে না।’ স্টার সিনেপ্লেক্সের একজন কর্মকর্তা জানান, থ্রিডি ছবি দেখানোর জন্য যে ধরনের কারিগরি প্রযুক্তির প্রয়োজন, তা এখানে নেই। তাই এ মুহূর্তে থ্রিডি চলচ্চিত্র দেখানো সম্ভব নয়।ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক (বিপণন) ইবনে হাসান খান জানান, ঢাকা ও খুলনার পাশাপাশি ছবিটি পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছে চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর প্রেক্ষাগৃহে। পরে আরও কয়েকটি জেলা শহরেও মুক্তি পাবে ছবিটি। সম্প্রতি এর ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। গত বছর ১৮ ডিসেম্বর বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৬০ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি।