বাংলাদেশে আসছে সুইস দল
প্রথমবারের মতো বাংলাদেশে নাটক করতে আসছে সুইজারল্যান্ডের একটি নাটকের দল। দলটির নাম ‘মামেনসচানজ’। ঢাকার নাটকের দল ঢাকা পদাতিকের ৩০ বছর পূর্তিতে আট দিনের উত্সবে দলটি নাটক পরিবেশন করবে। তবে যে নাটকটি পরিবেশন করবে, এর নাম এখনো জানা যায়নি। ২২ মার্চ দলটি ঢাকায় আসবে। এবং উত্সবে ২৪ মার্চ শিল্পকলার মূল মিলনায়তনে নাটক পরিবেশন করবে। ঢাকা পদাতিকের অন্যতম কর্ণধার গোলাম কুদ্দুছ বলেন, এই দলটি চীনে নাটক পরিবেশন শেষে দক্ষিণ কোরিয়া হয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নাটক পরিবেশন করছে। এখন ভারতে রয়েছে। ২২ মার্চ দলটি ঢাকায় আসবে এবং ২৪ মার্চ নাটক পরিবেশন করবে। তবে কী নাটক পরিবেশন করবে, তা এখনো দলটি জানায়নি।কীভাবে সুইজারল্যান্ডের নাটকের দল আনার সুযোগ হচ্ছে—এ প্রসঙ্গে গোলাম কুদ্দুছ বলেন, ‘সুইজারল্যান্ড দূতাবাস থেকে এক কর্মকর্তা শিল্পকলা একাডেমীতে ফোন করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তাঁদের দেশের নাটকের দল দক্ষিণ এশিয়া সফরে এখন ভারতে নাটক করছে। বাংলাদেশে শিল্পকলায় নাটক করতে চায়। ওই সময়টাতে আমাদের উত্সব আছে, মিলনায়তন খালি নেই বলে শিল্পকলা তাদের জানিয়ে দেয়। পরে তারা উত্সবে নাটক করতে আগ্রহী জানিয়ে শিল্পকলা থেকে আমাদের ফোন নম্বর সংগ্রহ করে। পরে তারা ফোন করে আমাদের উত্সবে নাটক করতে চায়। আমরা রাজি হয়ে যাই।’ তিনি আরও বলেন, সুইজারল্যান্ডের একটা নাটক উত্সবে থাকলে তো মন্দ হচ্ছে না। দলের কর্মীরাও উত্সাহ পাবে, একই সঙ্গে উত্সবের দর্শকেরাও একটা ভিন্ন স্বাদের নাটক দেখার সুযোগ পাবেন।