বাংলাদেশে আসছেন শাহরুখ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড সুপারস্টার ও হার্টথ্রব তারকা শাহরুখ খান বাংলাদেশে আসছেন। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজ তাঁকে বাংলাদেশে আনার সব আয়োজন চূড়ান্ত করেছে। অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী জানান, কিং খানের বাংলাদেশে আসার বিষয়টি পুরোপুরি চূড়ান্ত হয়েছে। তিনি এই লাইভ শোতে অংশগ্রহণের জন্য ৯ ডিসেম্বর ঢাকায় আসবেন। পরদিন ১০ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে টানা ছয় ঘণ্টার অনুষ্ঠানে পারফর্ম করবেন। ১১ ডিসেম্বর শাহরুখ আবার ভারতে ফিরে যাবেন। এখন বিশাল এই আয়োজনের প্রস্তুতি চলছে। অনুষ্ঠানে মাঠজুড়ে থাকবে এলসিডি প্রজেক্টর, যাতে দর্শকেরা প্রাণবন্তভাবে অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। থাকছে কিং খানের সঙ্গে ফটোসেশনও। স্বপন আরও জানান, ছয় ঘণ্টার ‘শাহরুখ নাইট’-এর টিকিটের মূল্য প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা। আগামী অক্টোবর মাস থেকে সারা দেশে টিকিট বিক্রি শুরু হবে।শাহরুখ খানের সঙ্গে এ সফরে আরও আসছেন বলিউড তারকা অর্জুন রামপাল, রানি মুখার্জি, প্রীতি জিনতা, মালাইকা অরোরা খান, সংগীতশিল্পী নিরজ শ্রীধর এবং কোরিওগ্রাফার গণেশ হেগড়ে।স্বপন চৌধুরী বলেন, ‘শাহরুখ খান ফিল্ম দুনিয়ার বাদশা। তাঁকে বাংলাদেশে নিয়ে আসা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আমার সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। এই আনন্দে আমি উচ্ছ্বসিত। কোরবানির ঈদের পরপরই ‘শাহরুখ নাইট’কে ঘিরে বাংলাদেশের দর্শকেরা মেতে উঠবেন বলে আমি আশাবাদী।’অনুষ্ঠান বিষয়ে যেকোনো প্রয়োজনে ৯৮৮১৯২৮ ও ০১৬৭১১৮৮৮৮৮ নম্বরে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করা যাবে।