বাংলাদেশে থ্রিডি অ্যানিমেটেড চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোতাপাখিটির নাম হীরামন। সে যা দেখে, সব বুঝতে পারে, কথা বলতে পারে। তোতাপাখিটি যে রাজ্যে এসেছে, সেই রাজ্যের রাজা তাকে খুব পছন্দ করে। মন্ত্রীদের সব অপরাধ ও দুর্নীতির কথা সে রাজাকে জানায়। রাজ্যের প্রজাদের সুখ-দুঃখের কথা এই তোতাপাখির কাছ থেকে জানতে পেরে ব্যবস্থা নিতে পারে রাজা। রাজা এবার বিয়ে করবে। তোতাপাখি তার কাছে এক রাজকুমারীর সন্ধান নিয়ে আসে। কিন্তু মেয়েটি থাকে পারস্যে। রাজা তার পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে ছুটে যায় সেই রাজকুমারীর কাছে। পুরোটাই একটি অ্যানিমেটেড চলচ্চিত্রের কাহিনি। আর এই কাহিনি নিয়ে ত্রিমাত্রিক (থ্রিডি) প্রযুক্তির অ্যানিমেটেড চলচ্চিত্র তৈরি হচ্ছে বাংলাদেশে। নাম হীরামন তোতা।এটি পরিচালনা করছেন মেহেদী হাসিব ও আরিফ আহমেদ। মেহেদী জানান, ঠাকুরমার ঝুলির গল্পের একটু ছোঁয়া থাকছে এতে। পাশাপাশি এ সময়ের সঙ্গেও মিল থাকবে। এরই মধ্যে এই চলচ্চিত্রের সংলাপ তৈরির কাজ শেষ হয়েছে। এখন অ্যানিমেশন চরিত্রগুলোর মডেল তৈরির কাজ চলছে। বাকি কাজগুলো শুরু হবে শিগগিরই। পুরো কাজ শেষ করতে প্রায় মাস ছয়েক সময় লাগবে। ছবিটি তৈরির ব্যাপারে সব ধরনের কারিগরি সহযোগিতা দিচ্ছে ডট থ্রি প্রোডাকশন।বাংলাদেশের প্রেক্ষাগৃহে ত্রিমাত্রিক (থ্রিডি) প্রযুক্তির চলচ্চিত্র দেখানোর মতো সুবিধা প্রসঙ্গে মেহেদী বললেন, ‘আমাদের এই অ্যানিমেটেড চলচ্চিত্রটি তৈরি হচ্ছে স্টেরিও থ্রিডি প্রযুক্তিতে। এ দেশের প্রচলিত প্রেক্ষাগৃহেই ছবিটি দেখা যাবে। এমনকি ল্যাপটপ কম্পিউটারেও যে কেউ ছবিটি দেখতে পারবে। এর জন্য শুধু বাড়তি প্রয়োজন হবে থ্রিডি ছবি দেখার জন্য বিশেষ চশমা।’ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এই প্রতিষ্ঠানের পরিচালক (বিপণন) ইবনে হাসান খান বলেন, ‘এরই মধ্যে আমরা থ্রিডি ছবি দেখার বিশেষ চশমা আমদানি করেছি। এগুলো বিভিন্ন প্রেক্ষাগৃহে সরবরাহ করা হবে।’নির্মাতারা জানিয়েছেন, পুরো কাজটাই পরীক্ষামূলকভাবে করা হচ্ছে। তাই বাজেটের ব্যাপারে এখনই তাঁরা কিছু বলতে চাননি। আগামী ডিসেম্বরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।