বাংলাদেশে ভূমি
কলকাতার ব্যান্ড ‘ভূমি’র এটি ছিল বাংলাদেশে দ্বিতীয় সফর। তাই ঢাকায় এসে অবসরটা তাঁরা কাটিয়েছেন ঘুরে-ফিরে। এক সন্ধ্যায় ঢাকা ক্লাবের অতিথিশালায় আনন্দ মুখোমুখি হয়েছিল ভূমির। অবশ্য তখন দলের সবাইকে পাওয়া গেল না। দলের হয়ে কথা বললেন প্রধান ভোকাল সুরজিৎ চ্যাটার্জি।কলকাতার বাংলা ব্যান্ড ‘ভূমি’কে চেনানোর জন্য দলের শ্রোতাপ্রিয় কয়েকটি গানই যথেষ্ট। এ তালিকায় রয়েছে জনপ্রিয় কিছু গান—‘বারান্দায় রোদ্দুর’, ‘মনে আর নাইরে’, ‘দুষ্ট হাওয়া’, ‘রঙিলারে’, ‘কান্দে শুধু মন কান্দে’, ‘ওরম তাকইও না’, ‘ঘুম ঘুম নির্ঘুম’, ‘মানুষ মানুষের জন্য’, ‘মধুর মধুর চাওনি’, ‘সোনালি চাঁদের আলো’, ‘কাম সারসে’। দলটি সম্প্রতি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দেশ টিভির আমন্ত্রণে বাংলাদেশে এসেছিল। ছয় সদস্যের এই দলের প্রধান গায়ক, গীতিকার এবং সুরকার দুজন—সুরজিৎ চ্যাটার্জি ও সৌমিত্র রায়। পারকার্সন স্পেশালিস্ট হিসেবে আছেন সঞ্জয় মুখার্জি। বেইজিস্ট অভিজিৎ ঘোষ। বেহালায় রবিন লাই আর লিড গিটারে আছেন হেমন্ত গোস্বামী। প্রধান গায়ক সুরজিৎ চ্যাটার্জির কাছে আনন্দর প্রশ্ন ছিল—এবারের সফরটা কেমন উপভোগ করছেন?এবারের সফরে আমরা বেশ সময় পেয়েছি। অনুশীলন করার পরই দলের সবাই বেরিয়ে গেছি এদিক-সেদিক। আর এবার বেশ ভালো লাগল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বিশেষ করে কার্জন হল, অপরাজেয় বাংলা ও টিএসসির সৌন্দর্যে আমরা মুগ্ধ। প্রথমবার যখন বাংলাদেশে এসেছিলাম, তখন হাতে সময় ছিল কম। খুব একটা বেড়ানো হয়নি। এবার ঘোরাঘুরির জন্য যথেষ্ট সময় পেয়েছি। বাংলাদেশ আর কলকাতার গানের সঙ্গে কোনো পার্থক্য আছে বলে মনে করেন?আমি আসলে দুই বাংলার গানের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না। বাংলাদেশে গানে গীতিকবিতার বিষয়গুলো অসাধারণ। এত ভালো বিষয় নিয়ে বাংলাদেশের গানগুলো ভাবা হয়, যা এককথায় অসাধারণ। আমার মনে হয়, এটির ওখানে অভাব রয়েছে। গতবার আমি যখন বাংলাদেশে এসেছিলাম, তখন প্রায় ২৫টি বাংলা গানের সিডি সংগ্রহ করেছিলাম। এবারও বেশ কটি অডিও প্রযোজনা সংস্থার আমন্ত্রণে তাদের অফিসে গিয়েছিলাম। বেশ কিছু সিডি উপহার পেয়েছি। আমার সব সময় মনে হয়, বাংলাদেশের গানের কথায় স্বপ্নের কথাটা ভালোভাবেই প্রতিফলিত হয়। এবার ঢাকায় নেমে এয়ারপোর্ট থেকে গাড়িতে হোটেলে যাওয়ার পথে বাংলাদেশি কয়েকজন শিল্পীর গান শোনা হয়েছে। আমার অনেক ভালো লেগেছে। দুই বাংলার গান সম্পর্কে শুধু এটাই বলব, রাজনৈতিক এবং অন্য বিষয়গুলোতে কাঁটাতারের সীমানা থাকলেও গানের ক্ষেত্রে কোনো সীমানা নেই।বাংলাদেশে কাদের গান ভালো লাগে?বাংলাদেশে আমি অনেকেরই গান শুনে থাকি। এঁদের মধ্যে কৃষ্ণকলির গান আমার কাছে খুব পছন্দের। তাঁর গানের কথাগুলো বেশ চমৎকার। আমি সর্বশেষ মনপুরা ছবির গান শুনেছি। অসাধারণ লেগেছে। আইয়ুব বাচ্চুর গিটারের ভীষণ ভক্ত আমি। গিটার অনেককেই বাজাতে দেখেছি। কিন্তু তাঁর মতো বাজাতে কাউকে দেখিনি। মাইলসের গানও আমার খুব ভালো লাগে। আর কলকাতার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের কাছে একটা বিশাল আদর্শের জায়গায় অবস্থান করছেন আপনাদের জেমস।যাঁরা ব্যান্ডসংগীত করেন, একটা সময় তাঁদের সুর, গান, যন্ত্রসংগীতের ব্যবহার—সবকিছুতেই পরিবর্তন লক্ষ করা যায়। আপনাদের ক্ষেত্রে কি সে ধরনের পরিবর্তন হয়েছে?পরিবর্তন হয়েছে। তবে সেটা ম্যাচিউরিটির পরিবর্তন বলব আমি। আমাদের প্রথম অ্যালবাম যাত্রা শুরু। এটা প্রকাশিত হয় ২০০০ সালে। অ্যালবামের কয়েকটি গান বেশ জনপ্রিয়তাও পায়। কিন্তু তাই বলে অ্যালবামটি যে খুব ভালো ছিল সেটা বলব না। আমাদের কাছে এখন মনে হয়, প্রথম অ্যালবামটিতে আমাদের কারিগরি দিকে অনেক ভুল ছিল—গান গাওয়াটা ঠিক হয়নি। নোটগুলো ঠিক নেই, মিক্সিংয়ে সমস্যা আছে। এগুলো এখন করলে হয়তো আরও ভালো করা যেত। আসলে প্রথম অ্যালবাম থেকে ১১ নম্বর অ্যালবাম পর্যন্ত আসতে আসতে আমাদের অনেক পরিবর্তন হয়েছে। সেটা গুণগত দিকে। যেমন প্রথম অ্যালবামে আমি যেভাবে বাঁশি বাজিয়েছি, সেটা এখন করলে আরও অনেক বেশি ভালো করতে পারতাম। সবকিছু মিলিয়ে আমি বলব, আমাদের বাজানো থেকে শুরু করে গানের কথা—সবকিছুতে অনেক বড় ধরনের পরিবর্তন এসেছে।আপনাদের নিয়ে একটা বিষয় খুবই লক্ষণীয়। সেটা হচ্ছে, আপনারা একটা গান খুব কম পরিবেশন করেন। কারণ কী?দলের সবাই মনে করে, একজন ভালো মিউজিশিয়ান হতে হলে চুজি হওয়াটা ভালো। আসলে বাজানোর মধ্যে সব সময় একটা পরিমিতিবোধ নিয়ে আসা উচিত। একজন চিত্রশিল্পী খুব ভালো ছবি আঁকেন। কিন্তু তাঁর মানে এই নয় যে তিনি ওই ছবির মধ্যে যেনতেনভাবে রঙের ব্যবহার করবেন। বাজাতে পারছি বলে সারাক্ষণ শুধু বাজিয়েই যাব, সেটার তো কোনো মানেই হয় না। আমার কাছে মনে হয়, সবার আগে গানটা। বাজনাটা হচ্ছে গানকে সুন্দর করার জন্য।আপনাদের ভালো কাজের মধ্যে উল্লেখযোগ্য কী কী?জাতিসংঘের জন্য আমরা একটি গান করছি। এ ছাড়া ২০০৮ সালে আমরা কানাডার মন্ট্রিল জ্যাজ ফেস্টিভালে বাজিয়েছি। আমরা যখন থেকে ব্যান্ড দল গঠন করেছিলাম, তখন থেকেই চিন্তা ছিল, বাংলা গান শুধু বাঙালিরা নয়, বিশ্বের তাবৎ মানুষকেই শুনতে হবে। আমরা মনে করি, গানের কোনো ভাষা নেই। যিনি বাংলা জানেন না, তাঁর সামনে যদি প্রেমের গান অথবা বিচ্ছেদের গান গাওয়া হয়, অবশ্যই তিনি সেটা উপলব্ধি করতে পারবেন। সারা ভারতবর্ষ যদি ‘বলো তারা রা রা’ অথবা ‘তুনাক তুন না’ বুঝেও শুনতে পারে, তাহলে ‘নঝম নঝম’ কেন শুনবে না?আপনাদের গানগুলো নগরকেন্দ্রিক ফোক ঘরানার। কিন্তু এগুলোর মধ্যে রক, জ্যাজ, ব্লুজের মিশ্রণ রয়েছে। এ প্রভাবটা আপনাদের মধ্যে বেশি কাজ করে কী?আমি বলব, আমাদের গানে ফোকের প্রভাবটাই সবচেয়ে বেশি। ভূমি করার আগে কলেজে পড়াকালীন প্রত্যেকেরই আলাদা আলাদা রক ব্যান্ড ছিল। সবাই একসঙ্গে ছিলাম না। একসময় একাট্টা হলাম। আমি বাংলা গানের দিকে অনুপ্রাণিত হই গৌতম চ্যাটার্জির জন্য। বাংলা গাওয়ার পর যখন দেখলাম সবাই প্রশংসা করল, তখন মনে মনে ভাবলাম, এটাই আসলে ঠিক। তখন থেকেই বাংলা গানের দিকে আমাদের বিচরণ। আর সেখান থেকেই ফোকের শুরু। বাংলা গান গাওয়াটা যে কী পরিমাণ আনন্দের, বলে বোঝানো সম্ভব নয়। আর রক, জ্যাজ, ব্লুজের যে প্রভাব, সেটা প্রকৃতিগতভাবে চলে আসাটাই স্বাভাবিক। এই প্রভাবটা চলে এলে আমরা আর আটকাই না। তা ছাড়া আমরা নিজেরাও প্রচুর রক, জ্যাজ ও ব্লুজ শুনি।