বাংলাদেশে শুরু ইউরোপে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান l ছবি: প্রথম আলো
শাকিব খান l ছবি: প্রথম আলো

শুধু গল্পেই নয়, শাকিব চান তাঁর প্রতিটি ছবির পার্থক্য যেন হয় দৃশ্যগত। এ জন্য তাঁর প্রযোজিত ছবিগুলোয় তিনি গল্পের পাশাপাশি জোর দিচ্ছেন লোকেশন বাছাইয়ের দিকেও। তাই শাকিব জানালেন, তাঁর প্রযোজনা সংস্থার নতুন দুই ছবির শুটিং বাংলাদেশ থেকে শুরু হয়ে, শেষ হবে ইউরোপে।
শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে প্রোডাকশনস চূড়ান্ত করেছে তাদের নতুন দুই ছবির নাম। এর মধ্যে একটি প্রেমবাজ, অন্যটি লাগাম। প্রেমবাজ পরিচালনা করবেন বদিউল আলম। আর লাগাম থাকছে পরিচালক শামীম আহমেদের হাতে। শাকিব খান বলেন, ‘কাজ গুছিয়ে এনেছি। চিত্রনাট্যের শেষ পর্যায়ের কিছু কাজ চলছে।’
আগামী এপ্রিল থেকে একে একে প্রেমবাজ ও লাগাম ছবির শুটিং শুরু হবে। দুই ছবিতেই দেখা যাবে অপু বিশ্বাসকে। অপুর পাশাপাশি দুজন নতুন নায়িকারও অভিষেক ঘটবে। তবে নতুনদের নাম এখনই প্রকাশ করতে চাননি শাকিব।
গত বছর শাকিব খান প্রযোজিত প্রথম ছবি হিরো দ্য সুপারস্টার মুক্তি পায়। এর পরপরই শাকিব ঘোষণা দেন, প্রতিবছর অন্তত দুটি করে ছবি প্রযোজনা করবেন। সে অনুযায়ী এ বছর তাঁর প্রযোজনায় শুরু হতে যাচ্ছে প্রেমবাজ ও লাগাম-এর কাজ।