বাংলাদেশেই নজরুলচর্চা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ জ্যৈষ্ঠ ২৫ মে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মদিন। প্রথম আলোর আমন্ত্রণে নজরুলসংগীতের পাঁচজন বিশিষ্ট শিল্পী—শাহীন সামাদ, ফেরদৌস আরা, খায়রুল আনাম শাকিল, লীনা তাপসী খান, সুজিত মোস্তফা এক হয়েছিলেন আনন্দ আড্ডায়। বিষয় ছিল বাংলাদেশে নজরুলসংগীতের চর্চা এবং এর প্রসার। আলোচনার উল্লেখযোগ্য অংশ উঠে এসেছে এই প্রতিবেদনে। কবির বকুল: এ জন্য প্রথম আলোর পক্ষ থেকে প্রথমেই আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা দীর্ঘদিন ধরে নজরুলসংগীতে নিবেদিত। বাংলাদেশে নজরুলসংগীতের চর্চা এবং এর প্রসার, কীভাবে নজরুলসংগীতের চর্চা আরও বাড়ানো যায়, নতুন প্রজন্মকে নজরুলের গানে আরও আগ্রহী করা যায়—এ নিয়ে আজকের আড্ডায় আপনাদের ভাবনার কথা শুনব। এই আড্ডার সূত্রধর হিসেবে থাকার জন্য সুজিত মোস্তফাকে আমি অনুরোধ করছি।সুজিত মোস্তফা: আমাদের জাতীয় কবির জন্মদিনের আগে আগে এই আড্ডায় আমরা কিছু কিছু বিষয়ে পরামর্শ চাইব, আমাদের করণীয় কী, তা নিয়ে আলোচনা করব। আমার প্রথম জিজ্ঞাসা হচ্ছে, নজরুল তো পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন। তাঁকে এ দেশের নাগরিকত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের জাতীয় কবি, কিন্তু তিনি যেন বাংলাদেশের কবি হয়ে গেছেন। তাঁকে নিয়ে চর্চাটা বাংলাদেশেই বেশি হচ্ছে। কিন্তু আমি মনে করি না যে তিনি কেবল বাংলাদেশের কবি, তিনি সমগ্র বাঙালি জাতির কবি। আপনাদের কী ধারণা?শাহীন সামাদ: নজরুল আমাদের দেশের জাতীয় কবি। সংগত কারণেই ওদের চেয়ে আমাদের এখানে নজরুলচর্চাটা বেশি হয়। তবে একটা সময় ছিল, ষাট-সত্তর দশকের কথা বলছি, ওই সময় পশ্চিমবঙ্গে নজরুলের গানের চর্চাটা বেশি হতো। নজরুলের প্রচার, প্রসারে সেই সময় কলকাতা অনেক এগিয়ে ছিল। কিন্তু এখন চিত্রটা উল্টো। মনে হচ্ছে, আমরা তাদের চেয়ে অনেক এগিয়ে।সুজিত: এটা একটু শাকিলের কাছ থেকে শুনতে চাই। কারণ, নজরুল বাঙালিদের দুঃসময়ে নানাভাবে প্রেরণা জুগিয়েছেন। তাঁর সাহিত্য দিয়ে, তাঁর সম্পাদকীয় দিয়ে, কবিতা-গান দিয়ে তিনি দিকনির্দেশনা দিয়েছেন। ষাটের দশকে পশ্চিমবঙ্গে নজরুলের গান ভীষণ জনপ্রিয় ছিল। এখন নজরুলের গানকে তারা এতটা ছেড়ে দিয়েছে কেন? খায়রুল আনাম শাকিল: প্রথমে আমার যেটা মনে হয়, প্রথম থেকেই নজরুলসংগীতের চর্চাটা মূলত পশ্চিমবঙ্গেই ছিল। আমাদের মুসলিম সমাজে তো গান শোনার বিষয়টা অনেক পরে এসেছে। যখন কাজী নজরুল ইসলাম বিখ্যাত হয়েছিলেন, একটা বিশেষ সম্প্রদায়ের মধ্যেই তিনি জনপ্রিয় ছিলেন। কারণ কলকাতা, বিশেষ করে এখন পর্যন্ত বলা হয় যে সংগীতের প্রধান জায়গা। তাই পশ্চিমবঙ্গেই তিনি বেশি পরিচিতি লাভ করেন। পরবর্তী সময়ে নজরুল যখন ইসলামি গান তৈরি করলেন, তখন থেকেই মুসলিম সমাজে গান শোনার অভ্যাসটা আরও বাড়ল।তার পরের সময়গুলোতে কবি অসুস্থ হয়ে যাওয়ার পর মাঝখানে রাজনৈতিক কারণে তাঁর গানের রেকর্ডিং কিছুদিন বন্ধ ছিল। পরে আবার বিশিষ্ট কয়েকজন শিল্পী কবির গান পরিবেশন করলেন। সেই সময় মূলত ফিরোজা বেগম, মানবেন্দ্র মুখোপাধ্যায়সহ জনপ্রিয় কয়েকজন শিল্পীর কারণে নজরুলের গান জনপ্রিয়তা পায়। তারপর আবার বেশ কিছুদিনের জন্য থেমে গেল। বর্তমানে আমার যে অভিজ্ঞতা, তাতে কলকাতা শহরে বা পশ্চিম বাংলায় নজরুলচর্চাটা খুব বেশি হচ্ছে, তা আমার মনে হয় না। এর কারণ কী? আমি ওখানকার দু-একজন শিল্পীর সঙ্গে কথা বলেছিলাম, ওঁরা বললেন, সুর নিয়ে অনিশ্চয়তাটা একটা বড় কারণ। নজরুলের গানের সুর নিয়ে বাংলাদেশে নজরুল ইনস্টিটিউট যে রকম কাজ করেছে, তেমন কিন্তু পশ্চিমবঙ্গে হয়নি। তথ্যগুলো এমন অনিশ্চয়তার কারণে ওখানকার অডিও রেকর্ড কোম্পানিগুলো নজরুলের গান বের করার বিষয়ে খুব একটা আগ্রহী নয়। হঠাৎ হঠাৎ হয়তো জন্মদিনে কিংবা পুজোয় বিশিষ্ট শিল্পীকে দিয়ে কিছু গান করানো ছাড়া আর কোনো কার্যক্রম নেই ওখানে। মূলত বাংলাদেশেই নজরুলচর্চা হচ্ছে। লীনা তাপসী খান: নজরুল ইনস্টিটিউট থেকে যে স্বরলিপিগুলো বেরিয়েছিল, দুঃখজনক হলেও সত্য, সেগুলো ওদের লাইব্রেরিতে এখন পাওয়া যাচ্ছে না। ফলে যারা চর্চা করতে চায়, তাদের সুর সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ নেই। এ ক্ষেত্রে সরকারি বা বেসরকারিভাবে খুব জোরালোভাবে পদক্ষেপ নিতে হবে, যেন স্বরলিপিগুলো লাইব্রেরিতে পাওয়ার নিশ্চয়তা তৈরি হয়।তারপর বলব, ফিরোজা বেগম পুরো বিশ্বে যেভাবে নজরুলসংগীতকে নিয়ে গিয়েছিলেন, সেভাবে পরে তাঁর মতো আমরা আর কোনো সৈনিক পাইনি বা তৈরি হয়নি। কিন্তু কাউকে না কাউকে তো মশাল ধরতেই হবে। নজরুলের গান অনেকেই ভালো করেন। কিন্তু নজরুলের গানের সৈনিক হওয়া—সেই বিষয়টাতেও আমার মনে হয়, কিছুটা কমতি রয়ে গেছে। সরকারি-বেসরকারিভাবে আদান-প্রদানের বিষয়টা সেই রকমভাবে আসছে না বলে আজকে আমরা পিছিয়ে আছি। তার পরও কলকাতায় নজরুলের জন্মদিনে অন্তত একটা হলেও সিডি বের করে। কিন্তু আমাদের এখানে নজরুল ইনস্টিটিউট থাকা সত্ত্বেও আমরা সিডি বের করতে পারছি না। শাহীন সামাদ: আমাদের অগ্রজ যাঁরা আছেন, তাঁরা কিন্তু তাঁদের পরবর্তী প্রজন্মকে ওভাবে দিকনির্দেশনা দেননি। তাঁদের অনেকেই নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ব্যস্ত ছিলেন। তাঁরা যদি আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতেন, তবেই ভালো হতো। আমি বলব, প্রত্যেকে আমরা একেকজন নজরুলের সৈনিক। আমরা সারা জীবন এর পেছনে খেটেছি, সারা জীবন নজরুলকে নিয়ে আছি। নজরুলের অনেক বড় বড় শিল্পী এখানে আছে এবং আমরা নজরুলের চর্চা করছি, করে যাচ্ছি। ১০ বছর আগেও আমি যা দেখিনি, এখন তা দেখছি। ইদানীং যে যেখানে আছে, সেই ক্ষেত্র থেকে নজরুলসংগীতের শিল্পী তৈরি করছি। এই ক্ষেত্রে নজরুল ইনস্টিটিউটেরও অনেক অবদান। কেননা, স্বরলিপি যেটা রেকর্ড থেকে করা হয়েছে, তা কিন্তু এখন মোটামুটি সারা দেশেই ইনস্টিটিউট থেকেই নেওয়া হচ্ছে। লীনার কথা ঠিকই, যে বইগুলোর কথা বলব, তার কিছু কিছু নেই। আমার মনে হয়, এর সংরক্ষণ জরুরি। এটা না থাকলে মুশকিল। এই স্বরলিপিটা নজরুলসংগীতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।ফেরদৌস আরা: গত বছর থেকে আমি স্বরলিপিই খুঁজছি। কিন্তু এখন পর্যন্ত তা আমি পাইনি। লীনা ও শাহীন আপার কথার রেশ ধরেই বলি, এখনো কেন নজরুলকে নিয়ে সৈনিক হয়ে থাকতে হবে? এত বছর পরে এটা এখনো ক্ষুদ্রশিল্পের মতো হয়ে আছে কেন? ফিরোজা আপারা যে সময় সৈনিক ছিলেন, সেই সময় তাঁরা একটা ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে এসেছেন। সুজিত: নজরুল কিন্তু শুধু বাংলাদেশের বাঙালির কবি নন, সংগীতস্রষ্টা নন। তিনি সারা পৃথিবীর বাঙালির সংগীতস্রষ্টা। কিন্তু পশ্চিমবঙ্গে এখন তাঁর সে রকম প্রচার-প্রসার নেই। বিষয়টা কেন? সেখানে কী করণীয়?ফেরদৌস আরা: নজরুলজয়ন্তী আগেও তেমন খুব একটা দেখতাম না। আর ইদানীং বাংলাদেশে যে পর্যায়ে আমরা এগিয়ে গেছি, সেই পর্যায়ে তো আর পার্শ্ববর্তী দেশ এগোতে পারেনি। একটু এগিয়ে গিয়ে বলতে পারি, আমাদের দেশ থেকে বহু শিল্পী উচ্চাঙ্গ এবং রবীন্দ্রসংগীতে বৃত্তি নিয়ে পাশের দেশে নিয়মিত যাচ্ছেন। কিন্তু এখন নজরুলসংগীতের অবস্থাটা বাংলাদেশে এ রকম একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে পাশের দেশ থেকে শিল্পীরা নজরুলের গানের ওপর বৃত্তি নিয়ে এ দেশে আসতে পারেন।সুজিত: নজরুলের স্বরলিপি ও গান নিয়ে কিছু বক্তব্য আছে। গান কিন্তু হূদয়ে, মননে, ভালোবাসার মধ্যে প্রবেশ করতে হবে। সেটা কিন্তু স্বরলিপি দিয়ে সম্ভব নয়। স্বরলিপি নিয়ে সংগীত প্রশিক্ষকেরা কাজ করবেন। স্বরলিপি দেখে একজন সাধারণ শ্রোতা কখনোই গান তোলে না। গানটা যখন রেডিও, টিভি, সিডিতে ক্রমাগত বাজতে থাকে, তা যদি শ্রোতার মনে অনুরণন তোলে, তখন শ্রোতা সেই গানের প্রতি আগ্রহী হয়। এই জায়গাটায় নজরুল ইনস্টিটিউট স্বরলিপি প্রকাশ করেছে কিন্তু গানটাকে ভালো শিল্পীদের দিয়ে গাইয়ে জনমানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, ভালো লাগিয়ে তাদের আগ্রহী করে তোলার জায়গাটায় কিছু ঘাটতি আছে। আরেকটা বিষয় যেটা, নজরুল জাতীয় কবি, সব সময় বড় দিকনির্দেশনা দিয়েছেন, তাঁকে রাষ্ট্রীয় পর্যায়ে যে মূল্যায়ন করা হয়, আমার কাছে তা যথেষ্ট বলে মনে হয় না। রাষ্ট্রীয় সফরগুলোতে যেমন অন্যান্য গান অন্তর্ভুক্ত হচ্ছে, আমাদের নজরুলসংগীত সেভাবে অন্তর্ভুক্ত হয় না। এই জায়গাটায় নজরুল খানিকটা অবহেলিত।লীনা: আমরা কি বিদেশে যাই বিদেশিদের গান শোনানোর জন্য, নাকি বাংলাদেশিদের গান শোনানোর জন্য? ফেরদৌস আরা: এখানে দুটো বিষয় রয়েছে। বাংলাদেশিরা তো গান শোনেই। বাংলা ভাষায়ই তারা কথা বলে। আর আমরা যখন বিদেশে যাচ্ছি, সেখানে কার জন্য যাচ্ছি?সুজিত: আমি বলছি অন্তর্ভুক্তির বিষয়টা। নজরুলের উপস্থাপনটা নেই কেন?শাকিল: এটা একেবারেই সত্য যে, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি হলেও আমরা তাঁকে সেভাবে মূল্যায়ন করছি না। যদিও আমরা তাঁকে স্বীকৃতি দিয়েছি। উনি যেহেতু জাতীয় কবি সেহেতু সব সরকারি অনুষ্ঠানে, দেশে-বিদেশে প্রতিনিধিত্ব করা নানা ধরনের অনুষ্ঠানে, প্রতিটাকে আমাদের বাংলা গানের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে তুলে ধরতে হবে। শাহীন: ১০-১২ বছর ধরে যে শিল্পীরা বাইরে গেছেন, তার মধ্যে নজরুলসংগীতের শিল্পী নেই বললেই চলে। আধুনিক শিল্পীরাই সেখানে নজরুল, রবীন্দ্র, পল্লিগীতি গাইছেন। এটা কেন হবে? আমাদের জাতীয় কবির প্রতিনিধিত্ব তো নজরুলসংগীতের শিল্পীরাই করবেন। যাঁরা এই গানের জন্য আজীবন সাধনা করে যাচ্ছেন।সুজিত: আমাদের দূতাবাস রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। সেখানে কিন্তু তাদের নিজস্ব জায়গায় থেকে তারা নজরুলের গানের অনুষ্ঠান করতে পারে। সে রকমও হয় না। যা হোক, আমি অন্য প্রসঙ্গে আসছি। আদি সুর পুনরুদ্ধার স্বরলিপিকরণ এবং খুঁজতে খুঁজতে আমরা প্রায় এক হাজার ২০০ গানের সুর পেয়েছি। কিন্তু আমরা গানের যে কথা পেয়েছি, সেটা তিন হাজার ৫০০-এর মতো। এই এক হাজার ২০০-এর বাইরে অন্য গানগুলোর কী হবে? শাকিল: না, সে গানগুলো হারাবে না। আমরা চেষ্টা করব আরও কিছু তথ্য বের করতে, সেগুলো থাকতে পারে। আমরা পেয়েছি এক হাজার ২০০, আরও যে নেই, তা কিন্তু বলা যাবে না। তবে সাড়ে তিন হাজার লেখা গীতিকবিতার সব কটিরই যে সুর হয়েছে, তারও তো কোনো গ্যারান্টি নেই। কিছু কিছু কবিতা হিসেবে রয়ে গেছে। সুজিত: আমরা ধরে নিচ্ছি, নজরুল বাণিজ্যিক কারণে গান লিখেছেন, জীবিকার তাগিদে। শখের বসে গান লেখার সময় তাঁর খুব কম ছিল। ফলে যে গানই লিখেছেন, সেটা কিন্তু সুর করার জন্যই লিখেছেন। আমার বক্তব্য হচ্ছে, নজরুলের সমসাময়িকেরা কিন্তু অনেকেই বেঁচে নেই, দিন দিন দুরূহ হয়ে পড়েছে সেই পুরোনো রেকর্ড সংগ্রহ করা। সেখানে বাকি গানগুলোর মধ্যে আরও ১০২টি গান পাওয়া যেতে পারে, কিন্তু আরও বহু গান রয়ে যাবে। সেগুলোর ক্ষেত্রে করণীয় কী?শাকিল: সেই গানগুলোতে আমাদের হাত নেই। কেউ কেউ ওই গানগুলো গেয়েছেন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, নজরুলের গানের যে ধাঁচ দেখা যায়, সেসব সুর শুনলে সে সময়কার সুরের যে ধারা, তার মধ্যে কিছুটা মিল পাওয়া যায়।লীনা: আমার মনে হয়, যদি কোনো গানের সুর আদৌ না পাওয়া যায়, তবে সেটা সবাই মিলে বসে সিদ্ধান্তে নিয়ে ঘোষণা দিতে হবে যে, সর্বশেষ চেষ্টার পরও এই গানের সুর পাওয়া যায়নি। কারণ পরবর্তী প্রজন্মের কাছে এই গানগুলো ফেলে যাওয়া উচিত নয়। সে জন্য আমার মনে হয়, এখনো যাঁরা বেঁচে আছেন, তাঁদের দিয়ে সুর করানোর চেষ্টা করা উচিত। সুজিত: পরামর্শটা ভালো। এখানে একটা সমস্যাও আছে। নজরুলের জীবদ্দশায় কিন্তু নজরুল নিজে সুর করেছিলেন এবং তাঁর অনুমোদনক্রমে ৩৩ জন সুরকার সুর করেছেন। এখন দেখা যাচ্ছে, নজরুলের সুর করা বা অন্যদের সুর করা গানেও আরেকটা দ্বিতীয় সুর বা তৃতীয় সুর পাওয়া যাচ্ছে। এমনকি রেকর্ডের মধ্যেও একই গানের একাধিক সুর পাওয়া যাচ্ছে। এগুলো আমাদের খানিকটা বিভ্রান্ত করছে যে কোনটা কার, যেহেতু নজরুল নিজে অনুমোদন করেছেন অন্যদের সুর করতে, সেহেতু সরকার যদি একটা ‘সেট অব কম্পোজারস’ নির্ধারণ করে দেয়, তাহলে সেটা ভালো উদ্যোগ হবে। নজরুলের কিছু গান আছে—ঠুমরি, খেয়াল, ভজন, শ্যামাসংগীতে। নজরুলের সুর, গায়কী শুনে সেটা চেনা সম্ভব। লীনা: কিছু গান যেমন শেখ লুৎফর রহমান, মফিজুল ইসলাম, সুধীন দাশ করে গেছেন। তাহলে যেসব গানের সুর নেই, সেগুলোকে সুরারোপ করতে বাধা কোথায়? গান হিসেবে এটাকে বাঁচিয়ে রাখার জন্য, এটাকে প্রাণ দিতে হবে। এই প্রজন্ম চলে গেলে, এই গানের প্রাণ তো ব্যান্ড কিংবা আধুনিক শিল্পীকে দিলে হবে না।শাহীন: আমার মতে, ওই রকম প্রাণ দেওয়ার মতো সুরকারও তো থাকতে হবে। যাঁরা ছিলেন তাঁরা তো চলে গেছেন। এখন এটা যদি ওই রকমভাবে মুক্ত করে দেওয়া হয়, তবে ভূরি ভূরি নজরুলের সুর চলে আসবে। সেটা কি ভালো হবে?সুজিত: আমাদের দেশে অনেক শক্তিমান সুরকার কিন্তু আছেন। এটা যদি একটা উদ্যোগ নেওয়া হয়, তবে এটা করা যাবে। এখানে সমস্যাটা অন্য জায়গায়, এই যে বারো শ গানের মধ্যে আমরা দেখেছি যে কিছু গানে মূল সুরটা পাওয়া যায়নি, আমরা কিন্তু অন্য সুরকে অনুমোদিত ধরে গাইছি। যখনই এ গানের আদি সুরটা পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে বলা হচ্ছে, এটা বন্ধ করে দাও।শাহীন: আমরা যখন ছায়ানটে গান শিখতাম, সেই ’৬৬ সালের কথা, লুৎফর ভাই, সোহরাব ভাই স্বরলিপি থেকে শেখাতেন। এখন রেকর্ড করা গানগুলোতে দুই রকম সুর পাওয়া যাচ্ছে। আমরা ওই স্বরলিপিগুলো কেন বাদ দিয়ে দিচ্ছি। আমার ক্ষেত্রে আমি নিজেকেও নিজে প্রশ্ন করি। এই রকম ধরো, একটা গানের রেকর্ডে এক রকম, স্বরলিপিতে এক রকম। তাহলে কি আমরা সেই গান বাদ দিয়ে দেব?ফেরদৌস আরা: আমি একটু যোগ দিতে চাই। আমাদের কিন্তু একটা উপসংহারে পৌঁছানো প্রয়োজন। আমরা নজরুলসংগীতের শিল্পীরা আজও একতাবদ্ধ নই—এই কথাটা এখনো শুনতে হয়। এই জায়গা থেকে আমরা সরে আসব। আমরা যদি সিদ্ধান্ত নিই যে এ জন্য একটা গাইডলাইন তৈরি করতে হবে।সুজিত: আমরা পাঁচজন কিন্তু এখানে বসেছি একতাবদ্ধ হওয়ার জন্যই।ফেরদৌস আরা: কেবল আমরা পাঁচজনই নই, আমরাই তো সব না। আরও তো শিল্পী আছেন।সুজিত: আপনারা নজরুলসংগীতের ক্ষেত্রে নেতৃত্বদানকারী শিল্পী। এখানে যদি একটা সিদ্ধান্ত নিতে পারি। তাও কিন্তু এগিয়ে নেওয়া যাবে।ফেরদৌস আরা: আমি শুধু একটা কথা বলতে চাই, নজরুলের গান নিয়ে একসময় অনেক মতবিরোধ ছিল। আপনাদের তো অনেক গানের কোনো ঠিকঠিকানা নেই, এ রকম একটা ব্যাপার ছিল। আমরা তো এখন এটা বলতে পারি যে, না, আমাদের কিছু অথেনটিক গান আছে, যেগুলো আমরা পেয়েছি। তার পরও পরের যে গানগুলোর কথা বলা হচ্ছে, সেটাকে ধরতে হবে। আর কিছু গান আছে, যার ভিন্ন সুর পেয়েছি, আমরা মানুষকে কেন দ্বিধান্বিত করব। যে গানগুলো সুর পায়নি সেগুলো কী করব? এই বিষয়গুলো নিয়ে আমরা এগোতে পারি। যে গানগুলোর সুর পাইনি, তা নিয়ে আমরা কী করব, সে ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছানো দরকার।সুজিত: গান বেঁচে থাকে কিন্তু গাওয়ার মাধ্যমে, কানে, হূদয়ে যে সুরটা আসে। স্বরলিপি বা রেকর্ড সংরক্ষণ করলাম কিন্তু এর ব্যবহার যদি না করি তবে তা অর্থহীন। খুব জটিল একটা বিষয় দীর্ঘদিন ধরে করে যাচ্ছি আমরা যেমন—মানবেন্দ্র মুখোপাধ্যায় খুব বিতর্কিত একজন শিল্পী। যদিও নজরুলের গানকে তিনি খুব খারাপ সময়ে জনপ্রিয় করে তুলেছিলেন। তাঁর ৬০ শতাংশ গান কিন্তু শুদ্ধ সুরে গাওয়া। কিন্তু ওনাকে যখন গালমন্দ করা হয়, তখন ঢালাওভাবে করা হয়, এটা ঠিক নয়। মানবেন্দ্রের সামনে কোনো দিকনির্দেশনা ছিল না, তাঁর সামনে স্বরলিপি ছিল না, রেকর্ড ছিল না। তাঁকে তাঁর প্রশিক্ষক যেটা শিখিয়েছেন, তিনি সেভাবেই তা করছেন। তিনি যদি মূল রেকর্ড পেতেন, তিনি অবশ্যই তা ফলো করতেন। আমরা যদি একজন বড় শিল্পীকে সম্মান করতে না শিখি, তবে আমরাও তা পাব না। সবচেয়ে কঠিন প্রশ্ন হলো, মানবেন্দ্র যে গানগুলোকে জনপ্রিয় করেছিলেন, একটা গান জনপ্রিয় হওয়া যে গানের হাজার বছরের ভাগ্য। এখন আমি ওই গানটা বন্ধ করে অন্য সুর চালু করলাম, ওই গানটা যে জনপ্রিয় হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সে জন্য এই গানটাকে জনপ্রিয় করার চেষ্টা আমরা অব্যাহত রাখব, তার পাশাপাশি ওই গানটাকেও আমরা ধরে রাখব। সেই সঙ্গে একটা গবেষণাও করা দরকার। যে গানটার সুর আমরা পাচ্ছি না, সেই গানটা কোথা থেকে এসেছে, সেটা খুঁজে দেখাও দরকার।শাহিন: মানবেন্দ্র নজরুলের সুরকে ভীষণভাবে চটকে দিয়েছিলেন, নিজের মতোই তিনি গেয়েছেন। অনেক গান আছে, যার সুর মানা হয়নি।ফেরদৌস আরা: আমি কোনো তর্কে যাব না। মানবেন্দ্র মূলত তখন চলচ্চিত্রের জনপ্রিয় আধুনিক গায়ক। যিনি ওই জনপ্রিয়তাকে হাতে রেখে নজরুলকে শুনিয়েছিলেন। আমি এটুকুর জন্য তাঁকে শাবাশ দেব।লীনা: নজরুলকে নিয়ে ফিরোজা আপার যেমন ভূমিকা, মানবেন্দ্রেরও তেমন। সে জন্য তাঁকে অত্যন্ত সম্মান করি। পশ্চিমবঙ্গে নজরুলকে বাঁচিয়ে রেখেছেন তিনি। সুজিত: একটা জটিল প্রসঙ্গ। একটা গান জনপ্রিয় হয়ে গেছে, কিন্তু সঠিক সুর নয়। আবার এটাও কিন্তু ফাইনাল করা হয়নি যে এই সুরটার উৎসটা কী। এখানে আমরা একটা আদি সুর পেয়ে গেলাম এবং নিশ্চিত এটা নজরুল অনুমোদিত। এ ক্ষেত্রে প্রচলিত জনপ্রিয় গানটাকে বাদ দিলে নতুন গানটা যে জনপ্রিয় হবে, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই।শাকিল: জনপ্রিয়তাই কি মূল? মূল হচ্ছে নজরুলের আদর্শটাকে টিকিয়ে রাখা। নজরুল যে সুর অনুমোদন করেছেন, সেই সুর চালু করে সেটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া; সেই সঙ্গে জনপ্রিয় করে তোলার চেষ্টা করা।লীনা: একটা সুর ৫০ বছর ধরে চলে আসছে, সে গানের ক্ষেত্রে আমাদের গবেষণা করা দরকার। সেই সঙ্গে গানটাকে চালু রাখাও উচিত। একটা সময় বেঁধে নির্দিষ্ট গানকে অথরিটি দেওয়া হবে যে এই গানগুলো প্রচলিত নিয়মে গাওয়া হবে। কেননা শ্রোতাদের মধ্যে আমাদের বিভাজন তৈরি করা উচিত হবে না। শ্রোতাদের কষ্ট দেওয়ার কোনো মানে হয় না।সুজিত: ভালো প্রস্তাব।শাহীন: আমি সেটার পক্ষে।শাকিল: আমি আমার মতো গান গাইব। নতুনভাবে নজরুলের গানকে জনপ্রিয় করব।সুজিত: আমাদের অনেক ভালো শিল্পী আছে কিন্তু মাঝেমধ্যে আত্মপ্রসাদে ভুগি। আমাদের আরও ভালো করতে হবে। এই বাণীটা সবার মধ্যে পৌঁছাতে চাইছি যে আমরা, আপনারা এবং নতুন প্রজন্মের সবাই গানটাকে আরও সতর্কভাবে বিচার করি, গানটা কেমন করে গাইলে শ্রোতারা গ্রহণ করবে। সবশেষে প্রথম আলোকে ধন্যবাদ জানাই এমন একটা আয়োজন করার জন্য। নজরুল আরও ভালোভাবে আমাদের নাড়া দিয়ে যাক, এই কামনা করেই আজকের আড্ডার ইতি টানছি।