বাংলাদেশের অ্যালবামে লতার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত গায়িকা লতা মুঙ্গেশকরের গানের অ্যালবাম এবার বাংলাদেশ থেকে প্রকাশিত হতে যাচ্ছে। তবে একক গানের অ্যালবাম নয়। একটি মিশ্র অ্যালবামে থাকছে লতার গান। বাংলাদেশ ও ভারতের শিল্পীদের নিয়ে এই অ্যালবামটি প্রকাশিত হবে। লতা মুঙ্গেশকর ছাড়া এই অ্যালবামের অন্য ভারতীয় শিল্পীরা হলেন অলকা ইয়াগনিক, মিতালী মুখার্জি, শ্রেয়া ঘোষাল ও হৈমন্তী শুক্লা। আর বাংলাদেশি শিল্পীদের মধ্যে আছেন রিজিয়া পারভীন ও শাওন চৌধুরী। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘গাও দুই বাংলা’। লতা মুঙ্গেশকরের গানের কথা লিখেছেন প্রয়াত বীরেশ্বর রায়। এ ছাড়া অন্য গানের কথাগুলো লিখেছেন মুহসীন মাহবুব, মনিরুজ্জামান মনির, নুর হোসেন দিলুসহ আরও অনেকে।পুরো অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করছেন মোস্তাক আহমেদ। মোস্তাক আহমেদ বলেন, ‘গানটির কাজ প্রায় বছরখানেক আগে শেষ হয়েছিল। অবশেষে গত মাসে লতা মুঙ্গেশকরের সঙ্গে দেখা করে গানের মাস্টার কপি সংগ্রহ করি। তিনি অ্যালবামটির জন্য শুভকামনা করেছেন।’গাও দুই বাংলা অ্যালবামের জন্য গাওয়া লতার গানটির রেকর্ডিং হয় মুম্বাইয়ের স্বর্ণলতা স্টুডিওতে। গানের শিরোনাম হচ্ছে, ‘এমন করে সুরে সুরে ডাকো’।অ্যালবামটির বেশির ভাগ গানের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। প্রথম দিকে এটি পয়লা বৈশাখে বাজারে ছাড়ার পরিকল্পনা থাকলে পরে পেছানো হয়। অ্যালবামটি বাজারে আসবে অন্বেষা মিউজিকের ব্যানারে।