বাংলাদেশের আলী জ্যাকোর গান নিয়ে সালমান খান যা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী জ্যাকো। ছবি: সংগৃহীত
আলী জ্যাকো। ছবি: সংগৃহীত


পেশাদার বক্সিং ছেড়ে সংগীত ভুবনে আসা আলী জ্যাকো এখন বাংলাদেশের অনেকের কাছে পরিচিত নাম। ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছেন হুট করে পশ্চিমা সংগীতে নাম লেখানো আলী জ্যাকো; বিশেষ করে বলিউডে সালমান খান তাঁর ‘রেস থ্রি’ ছবির জন্য জ্যাকোর গান নেওয়ার পর বাংলাদেশের মানুষের কাছে তাঁর পরিচিতি আরও বেড়ে গেছে।

এবারের ঈদে বলিউডের সুলতান খ্যাত সালমান খানের ‘রেস থ্রি’ ছবিতে থাকছে জ্যাকোর গাওয়া একটি গানের হিন্দি সংস্করণ। পেশাদার বক্সিং ছেড়ে কণ্ঠে সুর তোলা শিল্পীর এ এক চমকে দেওয়া অর্জন। গতকাল শুক্রবার ‘রেস থ্রি’ ছবির ‘আল্লাহ দোহাই হ্যায়’ গানটির প্রকাশ অনুষ্ঠানে জ্যাকোর গানটি নিয়েও কথা বলেন সালমান খান।
বলিউডের ভাইজান স্বভাবসুলভ দুষ্টুমিতে বলেন, ‘ছবিতে আরও একটি গান আছে। আমার এক বন্ধুর কণ্ঠে অনেক দিন আগে গানটি শুনেছিলাম। ওকে বললাম, গানটি ভালো, কিন্তু গলা খারাপ। এটা আমাকে দিলে ভালো করে গেয়ে নেব। আমি যখন গাইলাম, তখন ওর চাইতে আরও বাজে হলো। অবশেষে পরিচালক ও প্রযোজক সুরাজ সাক্সেনার মেয়ে ভিরা সাক্সেনাকে দিয়ে গানটি গাওয়ানো হয়।’ এরপর সালমান মঞ্চে ডেকে নেন ভিরা সাক্সেনাকে। দুজনে মিলে গানটির কিছু অংশ গেয়ে শোনান।

সংগীত জগতে অল্প সময় ধরে বিচরণ করা আলী জ্যাকো এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন। ইংরেজি ভাষায় গাওয়া তাঁর এবারের গানটির শিরোনাম ‘টপ অব দ্য ওয়ার্ল্ড’। রক ঘরানার এ গানটি গত বুধবার বাজারে আসে। এর মধ্য দিয়ে জ্যাকোর মুক্তি পাওয়া মোট গানের সংখ্যা হলো ১১।

সিলেটের ছাতকে জন্ম নেওয়া আলী জ্যাকোর বেড়ে ওঠা যুক্তরাজ্যে। পরিবার নিয়ে থাকছেন লন্ডনে। ছিলেন পেশাদার কিক বক্সার। ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত যুক্তরাজ্যের হয়ে পাঁচবার বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়ন খেতাব জয় করেন বাংলাদেশি পরিবারের এই সন্তান। ২০১৬ সালে এসে হুট করে সিদ্ধান্ত নেন গান গাইবেন। শুরু করেন চর্চা। ওই বছরের নভেম্বরে ‘গিভ মাই লাভ অ্যা ব্র্যান্ড নিউ নেম’-এর মাধ্যমে গানের জগতে আবির্ভাব ঘটে তাঁর। লন্ডনের ‘ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামে’ জমকালো অভিষেক করে শুরুতেই সাড়া ফেলেন জ্যাকো।

আলী জ্যাকো। ছবি: সংগৃহীত
আলী জ্যাকো। ছবি: সংগৃহীত


আলী জ্যাকো প্রথম আলোকে বলেন, চলতি বছর ১১টি গান বাজারে ছাড়বেন বলে ঠিক করেছেন। সেই পরিকল্পনা অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে প্রতি মাসের শুরুতে একটি করে গান মুক্তি দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ‘টপ অব দ্য ওয়ার্ল্ড’ মুক্তি দিয়েছেন। সদ্য মুক্তি পাওয়া গানটি সম্পর্কে জ্যাকো বলেন, সীমাবদ্ধতাকে তুচ্ছ করে জীবন উপভোগের যে অনুভূতি, সেটির আমেজ আছে এই গানে।
গানটির কথা লিখেছেন জ্যাকো নিজে। তাঁর সঙ্গে মিলে গানটির সুর করেছেন চার্লি ডিউ। আর গানটির সংগীত আয়োজক হচ্ছেন যুক্তরাষ্ট্রের জয়ন্তা পাটেক। জ্যাকোর নিজস্ব প্রোডাকশন হাউস জিএ মিউজিক থেকে মুক্তি পাওয়া এ গানটির অডিও এবং ভিডিও একসঙ্গে এসেছে বাজারে। ইউটিউব, আইটিউন, অ্যামাজন, স্পোটিফাইসহ অনলাইনভিত্তিক বিভিন্ন মাধ্যমে এটি পাওয়া যাচ্ছে।

জ্যাকো জানান, তাঁর প্রথম গান ‘গিভ মাই লাভ অ্যা ব্র্যান্ড নিউ নেম’-এর দুটি রিমিক্স (আরবান ও হাউস রিমিক্স) ভার্সন বাজারে ছেড়েছেন। যুক্তরাজ্যের নাইট ক্লাবগুলোতে গানটি নিয়মিত বাজানো হচ্ছে। ক্লাবের নৃত্য মঞ্চে নিশি উদ্‌যাপনকারীদের কাছে রিমিক্স ভার্সনটি বেশ জনপ্রিয় হয়েছে।

চার সন্তানের জনক জ্যাকো বলেন, তরুণ বয়সে বক্সিং শুরু করতে গিয়ে পরিবার ও পরিচিতজনের বাধার মুখে পড়েছিলেন। নিরুৎসাহই পেয়েছিলেন বেশি। মধ্যবয়সে গান শুরু নিয়েও একই পরিস্থিতির মুখে পড়েছিলেন। তবে ইতিমধ্যে আশপাশের লোকজনের ধারণা অনেকটা বদলে দিতে সক্ষম হয়েছেন তিনি।
আলী জ্যাকো বলেন, সৃজনশীল চর্চায় যুক্ত হওয়ার মধ্যে ক্ষতির কিছু নেই। শখের বশে তিনি সুরের চর্চায় নেমেছেন। এর থেকে যেটুকু পাওয়া, তাঁর সবটুকুই বোনাস হিসেবে দেখতে চান তিনি।