বাংলাদেশের গল্পের ওপর ছবি বানাতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুজিত সরকার মানেই অন্য ধারা। অন্য হলেও তাঁর ছবি জয় করে সবার মন। তাঁর পরিচালনার ক্যানভাসজুড়ে নানা রঙের পুরস্কার। ভারতীয় এই পরিচালককে আকৃষ্ট করে বাংলাদেশের সাহিত্য। পিংক-এর সফল প্রযোজক তিনি। এই পরিচালক ও প্রযোজক সুজিত সরকারের সঙ্গে এক অন্য রকম আড্ডায় প্রথম আলোর মুম্বাই প্রতিবেদক দেবারতি ভট্টাচার্য।

ক্যামেরার পেছনে সুজিত সরকার
ক্যামেরার পেছনে সুজিত সরকার

প্রথমেই জানাই অভিনন্দন। সামাজিক ছবির বিভাগে  পিংক  সেরা ছবির জাতীয় পুরস্কার পেল। কী রকম অনুভূতি?

ধন্যবাদ। ভালো কাজ করে স্বীকৃতি পেলে নিশ্চয়ই ভালো লাগে। এই নিয়ে পরপর চার বছর আমার ছবি কোনো না কোনো বিভাগে জাতীয় পুরস্কার পেল। তাই ভীষণ ভালো লাগছে। তবে পিংক-এর হাত ধরে জাতীয় পুরস্কার পাওয়ার পর সমাজের প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আর সর্বোচ্চ এই সম্মানের অংশীদার পিংক-এর পুরো দল। অমিতাভ বচ্চন, তাপসী পান্নু সব অভিনেতা, কলাকুশলীকে এর জন্য ধন্যবাদ জানাতে চাই।

 পিংক কে ঘিরে কি এবারও আশাবাদী ছিলেন?

আশা নিশ্চয়ই ছিল। তবে ভেবেছিলাম অমিতাভ বচ্চন সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পাবেন। তাই কোথাও একটু হতাশ লাগছে।

শুনেছি,  পিংক  প্রথমে বাংলায় হওয়ার কথা ছিল। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরি (টোনি দা) বাংলাতেই  পিংক  করতে চেয়েছিলেন। কিন্তু আপনি তা চাননি। কেন?

হ্যাঁ, আমিই টোনিকে হিন্দিতে পিংক করার পরামর্শ দিই। কারণ, আমার মনে হয়েছিল এই ছবিটির বিষয়বস্তু ভীষণ সময়োপযোগী। শুধু বাংলার নয়, পুরো ভারতের মেয়েদের অসহায়ত্বের কথা তুলে ধরা হয়েছে এখানে। হিন্দি মানেই ব্যাপ্তি অনেক বেশি। আমি চেয়েছিলাম পিংক-এর বার্তা সারা ভারতে ছড়িয়ে পড়ুক। আজ আমি তা পেরেছি।

 পিংক -এর প্রযোজক আপনি। পরিচালনা করলেন না কেন?

টোনিই প্রথম পরিচালনার কথা বলে। তবে এখানে শুধু নিজেকে প্রযোজক বললে ভুল বলা হবে। আমি আদ্যোপান্ত ছবিটির পরিচালনার কাজে যুক্ত ছিলাম। প্রতি পদে আমি টোনিকে নির্দেশনার কাজে সহায়তা করেছি। এত দিনে অর্জিত আমার পরিচালনগত অভিজ্ঞতা পিংক-এ পুরোপুরি ব্যবহার করেছি। সত্যি বলতে এই ছবিটির সঙ্গে আমি আত্মিকভাবে জড়িয়ে পড়েছিলাম।

পিংক ছবির পোস্টার
পিংক ছবির পোস্টার

ইয়াহা ,  মাদ্রাজ ক্যাফে ,  ভিকি ডোনার ,  পিকু  এবং  পিংক —চারটি ভিন্ন ধারার ছবি। আপনি কি নিজের গায়ে  টাইপ-কাস্ট  পরিচালকের তকমা লাগাতে চাননি?

না, সেই ধরনের চিন্তাভাবনা থেকে একদমই না। আমি বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে ছবি বানাতে ভালোবাসি। দিল্লিতে থাকাকালীন আমি চুটিয়ে নাটক করতাম। নাটকই আমার সামনে নানা দরজা খুলে দিয়েছে। মঞ্চ থেকেই পেয়েছি নানা আইডিয়া। তবে আমার পরিচালনায় আসার মূলে রয়েছেন সত্যজিৎ রায়। তাঁর ছবি আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে।

 পিকু  ছবিতে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও ইরফান খানকে নিয়ে কাজ করলেন। এই তিন স্টারকে একসঙ্গে নিয়ে কাজ করতে অসুবিধা হয়নি?

সত্যি, খুবই কঠিন কাজ ছিল। তবে এই তিন তারকার মধ্যে সবচেয়ে সহজ বচ্চনজিকে নিয়ে কাজ করা। কখনো মনে হয়নি তিনি অত বড় মেগা স্টার। অমিতাভ বচ্চন ও দীপিকা—দুজনেই কোনো দৃশ্য শুট করার আগে বারবার অনুশীলন করতে পছন্দ করতেন। আর আমার একটু অভ্যাস আছে প্রত্যেকের চরিত্র অভিনয় করে দেখানো। ইরফান আমাকে বারবার আবদার করতেন ওর চরিত্রটা অভিনয় করে দেখাতে। আর দীপিকা বলত,  একদম অভিনয় করবে না। তোমার অভিনয় আমাকে প্রভাবিত করে।  তবে এদের তিনজনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আবার এই তিন রথী-মহারথীকে নিয়ে কাজ করতে চাই।

 পিকু ,  পিংক —পর পর দুটো ছবিতে অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তি অভিনেতাকে নিয়ে কাজ করলেন। কেমন ছিল তাঁর সঙ্গে এই সফর?

দুর্দান্ত ছিল এই সফর। আমি আগেও বলেছি, অমিতাভ বচ্চনকে নিয়ে কাজ করা সহজ। উনি আজও একই রকম নিষ্ঠা এবং শৃঙ্খলার মধ্যে কাজ করেন। এখনো শুটিংয়ের আগের দিন রাতে বচ্চনজি ঠিকমতো ঘুমাতে পারেন না। যখন তিনি কোনো চরিত্রের মধ্যে ঢুকে যান ঠিক ষোলো বছরের কিশোরের মতো আচরণ করেন। বারবার চিত্রনাট্য পড়তে থাকেন। ক্রমাগত অনুশীলন করেন। গভীর রাতেও আমাকে ফোন করে চরিত্র নিয়ে আলোচনা করেন। শুটিং চলার সময় মধ্যাহ্নের বিরতিতে অমিতজি খাবার খেতেও ভুলে যান। আমি বলি, আপনি না খেলে আপনার বাড়ির লোক আমাকে বকাবকি করবে। তাঁর উত্তর,  এই সব বিরতির কোনো প্রয়োজন নেই। শুধু কাজ করো।  

প্রবাসে বড় হলেও আপনি ষোলো আনা বাঙালি। কিন্তু আপনার ছবিতে বলিউডের তারকাদের দাপট। কেন?

পিকু-তে যিশু সেনগুপ্তকে নিয়ে কাজ করেছি। মনে হয়েছিল ওই চরিত্রের জন্য যিশুই যথাযথ। আসলে অনেক কিছু মাথায় রেখে চরিত্র নির্বাচন করতে হয়। আমার ছবির চরিত্রগুলোর সঙ্গে মিল বলিউড থেকে খুঁজে পেয়েছি। ভবিষ্যতে টলিউড থেকে পেলে নিশ্চয় সেখানকার অভিনেতাদের নিয়ে কাজ করব।

বাংলাতে ছবি প্রযোজনা করেছেন। পরিচালনা কবে করছেন?

সত্যি বলতে, বাংলায় ছবি পরিচালনার সাহস পাই না। দীর্ঘ ২০ বছর বাংলা তথা বাঙালি সংস্কৃতি থেকে দূরে থেকেছি। তাই সে অর্থে বাংলা ভাষার ওপর আমার দখল নেই। এই ভাষাটিকে যেদিন নিজের দখলে পুরোপুরি আনতে পারব, সেদিনই বাংলায় ছবি বানানোর সাহস হয়তো পাব। যদিও সিনেমা নিজেই একটা ভাষা।

টলিউডে বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় প্রচুর সফল ছবি হয়েছে। বাংলাদেশের সঙ্গে গাঁটছড়া বাঁধার আপনার কোনো অভিপ্রায় আছে?

এই মুহূর্তে সে রকম কোনো পরিকল্পনা নেই। তবে এই ধরনের কোনো সুযোগ এলে নিশ্চয় ভেবে দেখব।

ওপার বাংলার অনেক অভিনেত্রী আজ এপার বাংলায় প্রতিষ্ঠিত। জয়া আহসান, কুসুম শিকদার বা সোহানা সাবার মতো নায়িকাদের নিয়ে কাজ করার কথা কখনো ভেবেছেন?

জয়ার নাম শুনেছি। আমি আগেও বলেছি টলিউড বা ওপার বাংলার কোনো অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে আমার ছবির চরিত্রের কোনো সাদৃশ্য খুঁজে পেলে নিশ্চয় তাঁদের নিয়ে কাজ করব। তবে বাংলাদেশের গল্প নিয়ে ছবি বানানোর ইচ্ছা আছে। ওপার বাংলার সাহিত্য খুবই সমৃদ্ধ। বেশ কিছু গল্প মাথায় আছে। তবে সবকিছুই এখন প্রাথমিক স্তরে। বাংলাদেশের পটভূমির ওপর ছবি নির্মাণেরও পরিকল্পনা আছে। আরে, ওপার বাংলার সঙ্গে তো আমার নাড়ির টান আছে। আমাদের বাড়ি ছিল ফরিদপুরে।

আপনি নিজে মুম্বাইতে থাকেন, অথচ আপনার স্ত্রী এবং দুই মেয়ে কলকাতায় থাকেন। মেয়েদের কি বঙ্গ সংস্কৃতির উত্তাপে বড় করতে চান সেই জন্য?

একদম তাই। আমি যা থেকে বঞ্চিত হয়েছি, আমি চাই না আমার পরিবারের ক্ষেত্রে তাই হোক। আমার দুই মেয়ে বাংলার কোলে বড় হয়ে উঠুক।

শুনলাম, উধম সিং-এর জীবনীর ওপর ছবি তৈরি করতে যাচ্ছেন?

হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রায় উনিশ বছর ধরে  উধম সিং -এর জীবনের ওপর কাজ করছি। সবার প্রথমে এই ছবিটি বানানোর ইচ্ছাই ছিল। কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি।

শেষ প্রশ্ন, পরিচালক না হলে কী হতেন?

(একটু ভেবে) হয়তো ফুটবলার। কোচিং করাতাম।      (সশব্দে হেসে)