বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে বই বেরিয়েছে কলকাতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে বই বেরিয়েছে ভারতের কলকাতায়। নাম বাংলাদেশের অন্য সিনেমা। ছয় খণ্ডের বইটি সম্পাদনা করেছেন সুশীল সাহা। কলকাতার আইজেনস্টাইন সিনে ক্লাবের উদ্যোগে এবং কলকাতার রুশ দূতাবাসের বিজ্ঞান ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় প্রকাশিত হয়েছে বইটি। আর প্রকাশ করেছে অভিযান পাবলিশার্স।
গত সোমবার সন্ধ্যায় কলকাতার গোর্কি সদনে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক খোলেন সাহিত্যিক দেবেশ রায়। প্রকাশনা অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল ও মোরশেদুল ইসলাম। সঙ্গে ছিলেন অরুণ সেন, সঞ্জয় মুখোপাধ্যায় এবং রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেক্সান্দর মাঝিদকভ।
প্রকাশনা অনুষ্ঠানে তানভীর মোকাম্মেল বলেন, বাংলা চলচ্চিত্রকে আরও সমৃদ্ধিশালী করতে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যৌথভাবে চলচ্চিত্র নির্মাণের বিকল্প নেই। এখন দুই দেশের বাংলা চলচ্চিত্রের বাজার উন্নত হচ্ছে। ভালো ভালো ছবি হচ্ছে। এই বাজারকে ধরে রাখতে হবে। দুই দেশের যৌথ প্রযোজনায় ছবি নির্মিত হলে বাংলা চলচ্চিত্রের বাজার আরও বিস্তৃত হবে।
মুক্তিযুদ্ধের সময় নির্মিত জহির রায়হানের স্টপ জেনোসাইড ছবিটির প্রদর্শনী হয় এই অনুষ্ঠানে।