বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে ভারতে ভ্রাম্যমাণ উৎসব
বাংলাদেশের নতুন ধারার চলচ্চিত্র নিয়ে ভারতে আয়োজন করা হচ্ছে ভ্রাম্যমাণ উৎসব। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে এই উৎসব যৌথভাবে আয়োজন করছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ইন্ডিয়া। জানা গেছে, উৎসবে বাংলাদেশের আটটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। চলচ্চিত্রগুলো হলো—মোরশেদুল ইসলামের চাকা, তানভীর মোকাম্মেলের চিত্রা নদীর পারে, তৌকীর আহমেদের জয়যাত্রা, গোলাম রাব্বানী বিপ্লবের স্বপ্নডানায়, এনামুল করিম নির্ঝরের আহা, মুরাদ পারভেজের চন্দ্রগ্রহণ, মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং আবু সাইয়ীদের অপেক্ষা। ২৩ মে বিকেলে ভারতের কলকাতায় জার্মান সাংস্কৃতিক কেন্দ্র (ম্যাক্স মুলার ভবন) মিলনায়তনে ভ্রাম্যমাণ এই উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশের উপ-হাইকমিশনার মোস্তাফিজুর রহমান। পর্যায়ক্রমে ভারতের বিভিন্ন শহরে উৎসবের ছবিগুলো দেখানো হবে।