বাংলাদেশের টিভিতে 'যুদ্ধশিশু'

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতে নির্মিত হয়েছিল ‘যুদ্ধশিশু’ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন মৃত্যুঞ্জয় দেবব্রত। গত বছর ভারতে মুক্তি পায় ছবিটি। এর পরপরই ছবিটি বাংলাদেশে আমদানি করা হয়। সেসময় দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে এ ছবির প্রদর্শনীও করা হয়েছিল। এবারই প্রথম এই ছবিটি বাংলাদেশের টিভি চ্যানেলে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের বিজয় দিবস উপলক্ষে বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে কাল মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিটে ‘যুদ্ধশিশু’ ছবিটি দেখানো হবে।
১৯৭১ সালের মার্চ মাস থেকে ‘যুদ্ধ শিশু’ ছবির কাহিনির শুরু। বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রাম থেকে বৈরী সময়ে একটি পরিবারের যাত্রা, একজন সাংবাদিকের মুক্তিসেনায় রূপান্তর, তাঁর স্ত্রীর পরিণতি এবং যুদ্ধ নিয়ে মর্মস্পর্শী এক কাহিনি তুলে ধরা হয়েছে এ ছবিতে।
এ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন। এ ছবিতে আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, ফারুক শেখ, ভিক্টর ব্যানার্জি, পবন মালহোত্রা প্রমুখ।