
কানাডাভিত্তিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় (আইএফএফএসএ) আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের ছবি ভুবন মাঝি, মাটির প্রজার দেশে ও লাইভ ফ্রম ঢাকা। এবারের উৎসবে দক্ষিণ এশিয়ার ৪০টি ছবি প্রদর্শনের কথা রয়েছে। কানাডার টরন্টোতে আয়োজিত এই উৎসবের পর্দা উঠবে আগামী ১১ মে। চলবে ২২ মে পর্যন্ত।

ভুবন মাঝি প্রদর্শিত হবে ২১ মে। এর পরিচালক ফাখরুল আরেফীন খান বলেন, ‘দেশে মুক্তি পাওয়ার আগেই এমন একটি উৎসবে আমন্ত্রণ পেয়ে খুবই ভালো লাগছে। ভুবন মাঝি এ বছর আরও কয়েকটি উৎসবে যাওয়ার ডাক পেয়েছে। তাদের নিমন্ত্রণ আমাকে ছবির ব্যাপারে আশাবাদী করছে।’
মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই ছবি মুক্তি দেওয়ার কথা রয়েছে মার্চ মাসে। ছবিটিতে নায়ক চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও ঢাকার নায়িকা অপর্ণা ঘোষ।

বাংলাদেশ থেকে মাটির প্রজার দেশে ও লাইভ ফ্রম ঢাকা ছবি দুটিও এই উৎসবে প্রদর্শনের জন্য আমন্ত্রণ পেয়েছে বলে জানান ছবি দুটির প্রযোজক। মাটির প্রজার দেশের প্রযোজক আরিফুর রহমান বলেন, ‘ছবির প্রযোজক হিসেবে এটা আমার জন্য খুব আনন্দের বিষয়। কারণ, এর আগে বেশ কয়েকটি উৎসবে আমাদের ছবি দেখানো হলেও সেখানকার অধিকাংশ দর্শক ছিলেন বিদেশি। কিন্তু এবারের উৎসবে বাংলাদেশেরও প্রচুর দর্শক থাকবেন। এটা ভেবেই আমি ভীষণ উত্তেজিত বোধ করছি।’
এই ছবিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, আবদুল্লাহ রানা, কচি খন্দকার প্রমুখ। আর পরিচালনা করেছেন বিজন। লাইভ ফ্রম ঢাকা পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার ও তাসনোভা তামান্না।