
বিশ্বে বাংলাদেশের পরিচিতি প্রকৃতি ও মনুষ্যসৃষ্ট দুর্যোগের দেশ হিসেবে। এই নেতিবাচক পরিচয় থেকে দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেবে দ্য বাংলাদেশ রিডার বইটি। তাতে বাংলাদেশের পরিচিতি সম্পর্কে পাঠকের মনোভাব বদলাবে। গতকাল শনিবার বইটির প্রকাশনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন আলোচকেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক খোলা হয়।
যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি প্রেস থেকে দ্য বাংলাদেশ রিডার (হিস্ট্রি, কালচার, পলিটিকস) নামের এই বইটি প্রকাশিত হয়েছে। সম্পাদনা করেছেন মেঘনা গুহঠাকুরতা ও ভিলেম ফান শেন্ডেল। বইটির মোড়ক খোলেন অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ। আলোচনা করেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক মুনতাসীর মামুন ও খুশী কবির। সভাপতিত্ব করেন অধ্যাপক সিরাজুল ইসলাম। ভিলেম ফান শেন্ডেল বইটির পরিচিতি তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেঘনা গুহঠাকুরতা।
আলোচকেরা বলেন, ৫৪০ পৃষ্ঠার এই বইতে নয়টি অধ্যায় রয়েছে। সাক্ষাৎকারের ভিত্তিতে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশা ও নানা বয়সের নারী-পুরুষের মন্তব্য তুলে ধরা হয়েছে দেশের বিভিন্ন প্রেক্ষাপট সম্পর্কে। এ বইয়ে রয়েছে দেশ-বিদেশের বহু বিদ্বজ্জনের বাংলাদেশ নিয়ে লেখা। ব্লগ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম থেকেই বাংলাদেশ নিয়ে দেশে-বিদেশের নানা জনের বিশেষ কিছু মন্তব্য ও প্রতিবেদনও সংযোজিত হয়েছে বইটিতে।
আলোচকেরা বলেন, বহুজনের কণ্ঠ ও দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে মূল্যায়ন ও পর্যবেক্ষণের নির্যাস বইটিতে রয়েছে। এ বই মূলত বাংলাদেশ সম্পর্কে জানতে আগ্রহী সাধারণ পাঠকের উপযোগী করে তোলা হয়েছে। তবে যাঁরা গভীর অনুসন্ধিৎসা নিয়ে বাংলাদেশকে জানতে চাইবেন, তাঁরাও এ থেকে অনেক তথ্য-উপাত্ত পাবেন। মোট কথা হলো, বিদেশে এ ধরনের বই বাংলাদেশের পরিচিতিকে তুলে ধরতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের আয়োজনে ২০তম জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে গতকাল শনিবার থেকে। জাতীয় চিত্রশালা গ্যালারির দ্বিতীয় ও তৃতীয় তলায় চলছে এই প্রদর্শনী।
বিকেলে জাতীয় চিত্রশালা মিলনায়তনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।
প্রদর্শনীতে চিত্রকলা, ভাস্কর্য, ছাপচিত্র, বুনন, মিশ্র মাধ্যম, স্থাপনা ও ভিডিও স্থাপনাসহ ২৫৫ জন শিল্পীর ২৮০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত।
এবার সব মাধ্যমে শ্রেষ্ঠ ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার’ পেয়েছেন শিল্পী মাঈনউদ্দীন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী সম্মান পুরস্কার’ পেয়েছেন হাসান মোর্শেদ, মনজুরুল লভি ও মোহাম্মদ হাসানুর রহমান। ‘দীপা হক পুরস্কার’ পেয়েছেন আনিসুজ্জামান মামুন, ‘বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার’ পেয়েছেন গুলশান হোসেন, ‘এবি ব্যাংক পুরস্কার’ পেয়েছেন রাসেল কান্তি দাস, ‘বেগম আজিজুন্নেসা চারুকলা পুরস্কার’ পেয়েছেন জাহিদা আখতার এবং ‘সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট’ পুরস্কার পেয়েছেন রুহুল করিম।
জেমকন সাহিত্য পুরস্কার
জেমকন সাহিত্য পুরস্কার পেলেন আহমাদ মোস্তফা কামাল এবং জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন মেহেদী উল্লাহ্। গতকাল শনিবার বাংলা একাডেমীর আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জেমকন সাহিত্য পুরস্কার-২০১৩ তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
মেহেদী উল্লাহ্ হাতে সম্মাননাপত্র তুলে দেন আহমেদ রেজা। উত্তরীয় পরিয়ে দেন রফিকুন মুনীর। আর কাগজ প্রকাশনের বই প্রদান করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। সম্মাননা স্মারক তুলে দেন কবি বেলাল চৌধুরী। আহমাদ মোস্তফা কামালকে সম্মাননাপত্র প্রদান করেন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। কাগজ প্রকাশনের বই তুলে দেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। উত্তরীয় পরিয়ে দেন কবি আসাদ চৌধুরী। সম্মাননা স্মারক প্রদান করেন হাসান আজিজুল হক।
কান্না পর্ব উপন্যাসের জন্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল এবং পোস্টমাস্টার ও অন্যান্য গল্পের পাণ্ডুলিপি গ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন মেহেদী উল্লাহ্। পুরস্কারের স্বীকৃতিস্বরূপ আড়াই লাখ টাকা দেওয়া হয় আহমাদ মোস্তফা কামালকে। মেহেদী উল্লাহ্ পেলেন ৭৫ হাজার টাকা। পুরস্কারপ্রাপ্তদের হাতে চেক তুলে দেন জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ।
নৃত্যানুষ্ঠান
গতকাল সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে ছিল বর্ষার ওপর ভিত্তি করে নৃত্যানুষ্ঠান। নৃত্যসংগঠন নৃত্যনন্দন ‘বাদল মেঘে মাদল বাজে’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ছিল সংগঠনের শিল্পীদের একক ও দলীয় নৃত্য পরিবেশনা।