বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ রাইমা

‘বাংলাদেশে সংঘটিত ভয়াবহ গণহত্যার ইতিহাস জানার পর দেশটির মানুষদের প্রতি আমার সহানুভূতি অনেকগুণ বেড়ে গেছে। স্বাধীনতা অর্জনের জন্য যে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে তাঁদের যেতে হয়েছে, সে জন্য অবশ্যই দেশটি শান্তি, ঐক্য ও উন্নতির দাবিদার।’ সম্প্রতি এভাবেই বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি অভিনেত্রী রাইমা সেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘চিলড্রেন অব ওয়ার’ ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী রাইমা সেন।
ছবিতে তিনি একজন সাংবাদিকের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটির নাম ফিদা। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
১৯৭১ সালে সংঘটিত মুক্তিযুদ্ধের সময় যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষদের যেতে হয়েছিল ‘চিলড্রেন অব ওয়ার’ ছবিতে সেই চিত্র তুলে ধরেছেন নির্মাতা মৃত্যুঞ্জয় দেবব্রত।
এ ছবিতে যুদ্ধের ভয়াবহতার শিকার এক নারীর চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে রাইমা বলেন, ‘ওই সময়ে বাংলাদেশের মানুষদের যে ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল, তার একটি চিত্র আমরা তুলে ধরতে চেয়েছি এই ছবিতে। এখন পর্যন্ত বড় পর্দায় অনেক ধরনের চরিত্রেই আমি অভিনয় করেছি। কিন্তু ফিদা চরিত্রটি সেগুলো থেকে একেবারেই আলাদা। চরিত্রটির মধ্য দিয়ে নারীশক্তিকে খুব ভালোভাবে তুলে ধরার সুযোগ আমি পেয়েছি। নিঃসন্দেহে আমার অভিনীত সবচেয়ে শক্তিশালী চরিত্র এটি।’
রাইমা আরও বলেন, ‘একজন পেশাদার অভিনয়শিল্পী হিসেবে আমার ব্যক্তিগত জীবনে হয়তো চরিত্রটি খুব বেশি প্রভাব ফেলেনি। কিন্তু ছবির শুটিংয়ের সময় বাংলাদেশের মানুষের প্রতি অদ্ভুত এক ধরনের মমতা অনুভব করেছি। আমার দৃঢ় বিশ্বাস, ছবিটি দেখার পর দর্শকদের মধ্যেও একই ধরনের অনুভূতির জন্ম হবে।’
ফিদা চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে পরিচালক মৃত্যুঞ্জয় অনেক সাহায্য করেছেন বলেও জানিয়েছেন রাইমা। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘মৃত্যুঞ্জয় স্বপ্নচারী একজন মানুষ। ছবি নির্মাণের জন্য নির্মাতার এ গুণটি থাকা খুব জরুরি। ছবিতে অভিনয়ের আগে প্রত্যেক অভিনয়শিল্পীকে নিজ নিজ চরিত্রের জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অনেক সাহায্য করেছেন মৃত্যুঞ্জয়। ছবিতে গণহত্যার চিত্র তুলে ধরার জন্য তিনি বিষয়টি নিয়ে রীতিমতো গবেষণা চালিয়েছিলেন। তিনি খুব ভালোভাবে আমাদের চরিত্র বুঝিয়ে দেওয়ায় চরিত্রকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে আমাদের মোটেও বেগ পেতে হয়নি। আমি কেবল পরিচালকের নির্দেশনা অনুযায়ী ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করেছি।’

বৈচিত্র্যময় নানা ধরনের চরিত্রে অভিনয়ের আকাঙ্ক্ষার কথা জানাতে গিয়ে রাইমা বলেন, ‘সব রকম ছবিতেই আমি অভিনয় করতে চাই। এমনকি পুরোদস্তুর বাণিজ্যিক ঘরানার ছবিতে ‘‘গ্ল্যামার গার্ল’’রূপে আবির্ভূত হতেও আমার কোনো আপত্তি নেই। আমি চাই, ভক্তরা আমাকে বৈচিত্র্যময় নানা ধরনের চরিত্রে অভিনয় করতে দেখুক। ভিন্নধর্মী নানা চরিত্রে অভিনয় করে তাঁদের প্রশংসা কুড়াতে চাই আমি। আমার মতে, একজন অভিনয়শিল্পীর অভিনয়ের ক্ষেত্রে গিরগিটির মতো রং পাল্টানোর ক্ষমতা থাকা উচিত।’
এখন পর্যন্ত বেশির ভাগ ছবিতেই পোশাক-পরিচ্ছদের ক্ষেত্রে আদর্শ ভারতীয় নারী হিসেবে নিজেকে তুলে ধরেছেন প্রখ্যাত অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রাইমা সেন। তবে ব্যক্তিগত জীবনে সংক্ষিপ্ত কালো রঙের পোশাক পরতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানিয়েছেন রাইমা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে ধরনের পোশাক পরে স্বাচ্ছন্দ্যবোধ করি, তেমন পোশাকই পরার চেষ্টা করি আমি। পোশাক নির্বাচনের ক্ষেত্রে সবারই নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। আমারও আছে। সংক্ষিপ্ত কালো রঙের পোশাক পরতেই আমি সবচেয়ে বেশি পছন্দ করি।’
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত হয়েছে বলিউডের ছবি ‘চিলড্রেন অব ওয়ার’। শুরুতে এর নাম ‘দ্য বাস্টার্ড চাইল্ড’ রাখা হলেও সেন্সর জটিলতার কারণে পরে নাম পাল্টে ‘চিলড্রেন অব ওয়ার’ রাখেন নির্মাতা মৃত্যুঞ্জয়। ১৯৭১ সালে তত্কালীন পূর্ব পাকিস্তানে ভয়াবহ গণহত্যা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। এ ছাড়া যুদ্ধ চলাকালে বহু নারী ধর্ষণের শিকার হন, যাঁরা অসংখ্য যুদ্ধ-শিশুর জন্ম দেন। ছবিতে এ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন, তিলোত্তমা সোম, পবন মালহোত্রা, ইন্দ্রনীল সেনগুপ্ত, ভিক্টর ব্যানার্জি, প্রয়াত ফারুখ শেখ প্রমুখ।
‘চিলড্রেন অব ওয়ার’ ছবি সম্পর্কে মৃত্যুঞ্জয়ের ভাষ্য, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে গণহত্যা নিয়ে প্রচুর ছবি নির্মিত হয়েছে হলিউডে। কিন্তু বাংলাদেশের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খুব একটা আলোচনা হয়নি। ১৯৭১ সালে গণহত্যার পাশাপাশি ধর্ষণ ও ধর্মকে যে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল, তা-ই আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার ছবিতে। আমার শৈশব কেটেছে বাংলাদেশে। এ ছবি বাংলাদেশের জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার।’
১৯৯৯ সালে বলিউডের ‘গডমাদার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রাইমার চলচ্চিত্রে অভিষেক হয়। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি। পরবর্তী সময়ে হিন্দি, তেলেগু, মালয়লাম এবং বাংলা ভাষায় নির্মিত বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছেন ৩৪ বছর বয়সী রাইমা। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত বাংলা ছবি ‘কলকাতা কলিং’। ছবিটিতে রাইমা ছাড়াও অভিনয় করেছেন তাঁর ছোট বোন বলিউডের অভিনেত্রী রিয়া সেন এবং মা মুনমুন সেন।