বাংলাদেশের ফুটবল নিয়ে যা বললেন রোকেয়া প্রাচী

‘বাংলাদেশের ফুটবলের একটা গৌরবোজ্জ্বল অধ্যায় ছিল। কিন্তু এত সমৃদ্ধ অতীত থাকা এই খেলাটির প্রতি আমাদের যেন কোনো খেয়ালই নেই। আমরা এখন সবাই ক্রিকেট নিয়ে মাতামাতি করছি। আমি বলছি না ক্রিকেট নিয়ে মাতামাতি করা ঠিক না, কিন্তু ক্রিকেটের পাশাপাশি আমাদের অন্য খেলাগুলোর দিকেও নজর দেওয়া উচিত।’ কথাগুলো বলছিলেন সংস্কৃতিকর্মী রোকেয়া প্রাচী। প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ‘আমাদের দেশে আবাহনী-মোহামেডানের মতো অনেক নামী ও জনপ্রিয় ক্লাব আছে। কিন্তু আবাহনী-মোহামেডানের জনপ্রিয়তাকে ব্যবহার করে দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের ফুটবল কর্তৃপক্ষ কেন যেন বেশ উদাসীন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও স্বাধীন বাংলা ফুটবল দল গৌরবের ইতিহাস তৈরি করেছিল। কিন্তু ইদানীং ফুটবলের দিকে তাকালে সবকিছুই অতীত মনে হয়। বেশ কয়েক বছর ধরে লক্ষ করছি, আমাদের দেশে ফুটবল নিয়ে মাতামাতিটা একেবারেই “বিশ্বকাপ-কেন্দ্রিক” হয়ে গেছে। বিশ্বকাপের সময় ফুটবল নিয়ে যত আলোচনা-মাতামাতি দেখা যায়, অন্য সময় সেটা একেবারেই অনুপস্থিত থাকে। এমনকি মিডিয়াতেও ফুটবল প্রাধান্য পায় অনেক কম।’
রোকেয়া প্রাচীর মতে, সারা বিশ্বে অল্প কয়েকটা দেশ ক্রিকেট খেলে। কিন্তু অন্যদিকে ফুটবল খেলুড়ে দেশের সংখ্যা অনেক বেশি। রাষ্ট্রীয় পর্যায়ের সুনজরের কারণে বেসরকারি দিক থেকেও ফুটবল অবহেলিত। একটু অবহেলা, একটু পরিকল্পনাহীতার কারণে ফুটবল তার অতীত ঐতিহ্য হারাতে বসছে।
সম্প্রতি রোকেয়া প্রাচী ফুটবল নিয়ে নির্মিত একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। চ্যানেল আইতে প্রচার চলতি এই ধারাবাহিক নাটকটির নাম ‘জার্সি নম্বর ১০’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। এতে ফুটবল, ফুটবল ক্লাব এবং খেলোয়াড়দের বিভিন্ন সমস্যা চমত্কারভাবে তুলে ধরা হয়েছে বলে জানান রোকেয়া প্রাচী। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে একটা নাটকের মধ্যে সমস্যা এবং সম্ভাবনা দুটোই দেখানো হয়। কিন্তু সবকিছু তো আর চিহ্নিত করা সম্ভব না। ‘জার্সি নম্বর ১০’ নাটকের একটি সম্ভাবনাময় ফুটবলের ঐতিহ্যের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ফুটবলকে কেন্দ্র করে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। এর ভেতর দিয়ে নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিদের বিষয়টি নিয়ে ভাবাতে চেয়েছি। ক্লাবগুলো যাঁরা পরিচালনা করেন, তাঁরা ভাবতে পারেন কীভাবে সবকিছুর উন্নতি করা যাবে, কেনই বা ফুটবলের এই দৈন্যদশা। ক্লাবগুলোকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তাদের হতে হবে আধুনিক। ক্রিকেটে যেখানে সময় বুঝে অনেক কিছু করা হচ্ছে, সেগুলো ফুটবলেরও জন্যও নয় কেন?’