বাংলাদেশের বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশিদের কাছে তাঁর বড় পরিচয়, তিনি ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর আয়োজক। আর বিশ্বজুড়ে সংগীতপ্রেমীরা তাঁকে জানেন ‘বিটলস’খ্যাত সংগীতজ্ঞ হিসেবে। ভারতে তাঁর আরেকটি পরিচয় হচ্ছে, বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর তাঁর বন্ধু এবং সেতারশিক্ষক। জর্জ হ্যারিসনের কথা বলা হচ্ছে। ১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডে জন্ম জর্জ হ্যারিসনের। তাঁকে বুঝতে হলে অবধারিতভাবে তাকাতে হবে ‘বিটলস’-এর দিকে। বিটলস কেবল বিশ্বখ্যাত একটি ব্যান্ড দলই ছিল না, ষাটের দশকে এ দলটি অনেক কিছুকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার, নানা বিষয়ে, নতুনভাবে ভাবার পথ দেখিয়েছিল। যুক্তরাষ্ট্র তথা বিশ্বের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের চিন্তার জগতে প্রচণ্ড ঝড় তুলেছিলেন এই দলের সদস্যরা। দলটি একের পর এক অ্যালবাম বের করে পপসংগীতের জগতে যে যুগান্তকারী ধারা সৃষ্টি করেছিল, অনেকের স্মৃতিতে সে বিষয়টি আজও অম্লান। সেই দলের অন্যতম সদস্য জর্জ হ্যারিসন। প্রতিভাবান এই শিল্পীর স্বভাব ছিল অকৃত্রিম বিনম্রতা। ফলে তাঁকে গণ্য করা হতো ‘শান্ত বিটলস’ হিসেবে। সংগীতবোদ্ধাদের মতে, জর্জ হ্যারিসনের বেশ কিছু গান সংগীত জগতে অতি মূল্যবান সম্পদ হিসেবে স্বীকৃত এবং সেগুলো টিকে থাকবে যুগের পর যুগ। ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস...’, ‘হেয়ার কাম্স দ্য সান...’ও ‘সামথিংস..’—এই গানগুলো তাঁকে অন্যতম সেরা গীতিকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিটলস-পরবর্তী জীবনেও তিনি অনেক কালোত্তীর্ণ গান রচনা করেছেন। এসবের মধ্যে ‘হোয়াট ইজ লাইফ...’, ‘অল থিংগস মাস্ট পাস...,’ বিওয়্যার অব ডার্কনেস...’, উল্লেখযোগ্য।জর্জ হ্যারিসন সব সময় প্রথাগত ধারণা ভেঙে দিতে পছন্দ করতেন। তিনি অতি প্রশংসা, রক অ্যান্ড রোল জগতের খ্যাতি এবং গ্ল্যামার নিয়েই সন্তুষ্ট ছিলেন না, বরং তিনি আত্মার সমৃদ্ধির জন্য সব সময় আত্মনিমগ্ন থাকতেন। ভারতীয় সংগীত ও অধ্যাত্মবাদ তাঁকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। আর সে জন্যই তিনি ভারতে এসে রবিশঙ্করের কাছে সেতার শিখেছিলেন। রবিশঙ্করের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে ওঠে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় তহবিল সংগ্রহে সহযোগিতা দেওয়ার উদ্দেশ্যে রবিশঙ্কর জর্জ হ্যারিসনের শরণাপন্ন হয়েছিলেন। জর্জ হ্যারিসন তাতে সাড়া দিয়ে ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে আয়োজন করেছিলেন ব্যতিক্রমী এক চ্যারিটি কনসার্ট ‘কনসার্ট ফর বাংলাদেশ’। ওই চ্যারিটি কনসার্টে জর্জ হ্যারিসনের অনুরোধে বিশ্বসংগীতের বেশ কিছু তারকা সংগীতশিল্পী যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বব ডিলান, রিঙ্গো স্টার, এরি ক্ল্যাপটন, লিওন রাসেল, বিলি প্রিস্টন ও জোয়ান বায়েজ; রবিশঙ্কর আর জর্জ হ্যারিসন তো ছিলেনই। এই কনসার্ট, বিশেষ করে জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ শিরোনামের গানটি এক চরম সংকটাপন্ন সময়ে বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধের ভিন্নমাত্রার প্রচার দিয়েছিল। অশুভ শক্তির বিরুদ্ধে নির্যাতিত মানুষের সংগ্রামই ফুটে উঠেছিল তাঁর সেই গানে। পশ্চিমা বিশ্বে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রতি সাধারণ মানুষের সমর্থন আদায়ে সাহায্য করেছিল সেই গান। এ ধরনের ইস্যুতে অবদান রাখার জন্য বিশ্বসংগীত জগতের বেশ কয়েকজন তারকা শিল্পী একত্র হয়ে কাজ করার এ ঘটনা ছিল বিশ্বে প্রথম উদাহরণ। ষাটের দশকের শুরুতে আমেরিকায় নাগরিক অধিকার রক্ষা আন্দোলনে সংগীতের সৃজনশীলতার মাধ্যমে বিদ্রোহ করার যে গৌরবময় অধ্যায় শুরু হয়েছিল, অনেকের মতে, ‘কনসার্ট ফর বাংলাদেশ’ ছিল এর শেষ উদাহরণ।জর্জ হ্যারিসন ২০০১ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও তিনি জনপ্রিয়। বাংলাদেশের কিছু সিডির দোকানে জর্জ হ্যারিসনের গানের সিডি পাওয়া যায়। তা ছাড়া বাংলাদেশে জর্জ হ্যারিসনের প্রতিকৃতি এবং ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর পোস্টারসংবলিত টি-শার্ট ও মগ পাওয়া যায়।প্রাসঙ্গিক গ্রন্থ: জর্জ হ্যারিসনের লেখা আত্মজৈবনিক বই আই মি মাইন। বইটিতে অনেক কিছুর সঙ্গে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ ও রবিশঙ্করের সঙ্গে তাঁর বন্ধুত্ব এবং সেতার শিক্ষার বিষয়টিও গুরুত্বসহ স্থান পেয়েছে।আশরাফুল হক