বাংলাদেশের বহু মানুষের আমি ভয়ঙ্কর ভক্ত: রূপঙ্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি তো অনেক দেশে গান করেছি। কিন্তু বাংলাদেশের শ্রোতাদের আমার কাছে একটু আলাদা মনে হয়। এর অবশ্য কারণও আছে। আমার পূর্বপূরুষেরা ছিলেন সিলেটের বাসিন্দা। দেশভাগের পর আমার বাবা ও দাদারা ভারতের কলকাতায় চলে আসেন। তবে আমার কখনো সিলেটে যাওয়া হয়নি। আমার জন্ম কলকাতাতেই। তবে এবার ভীষণ ভালো লাগছে, বাংলাদেশের মানুষদের কাছে আমার আলাদা একটা পরিচিতি গড়ে উঠবে এই পরস্পর অ্যালবামের মধ্য দিয়ে।’ কথাগুলো বলছিলেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক রূপঙ্কর। গতকাল ওপার বাংলার জনপ্রিয় এ শিল্পীর সঙ্গে কথা হয় ‘পরস্পর’ অ্যালবামের গীতিকার জুলফিকার রাসেলের সহায়তায়। কাল অগ্নিবীণার ব্যানারে বাজারে আসছে দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের নিয়ে মিশ্র অ্যালবাম ‘পরস্পর’। বাপ্পা মজুমদারের সুর ও সংগীতায়োজনে ‘পরস্পর’ অ্যালবামে মোট গান রাখা হয়েছে নয়টি। এর মধ্যে পাঁচটি দ্বৈত, চারটি একক গান। গানের কথাগুলো হচ্ছে আকাশ দেখে প্রতিদিনই ভাবি, ইচ্ছে হলে, ভেবেছিলাম, কোথায় যাব উড়ে, মাঝে, রাণী, শুধু শুধু, ঝড়ো হাওয়া, মন খারাপের একেকটা দিন। অ্যালবামটিতে এপার বাংলা থেকে গেয়েছেন সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার।অ্যালবামটি সম্পর্কে রূপঙ্কর বলেন, ‘অ্যালবামটির মাধ্যমে আমার সঙ্গে গীতিকার জুলফিকার রাসেলের সঙ্গে পরিচয়। ওর সঙ্গে কাজ না করলে বুঝতেই পারতাম না, কত ভালো লেখে সে। ওর বিষয়বস্তু নির্বাচন আমার কাছে অনবদ্য মনে হয়েছে। আর বাপ্পার সুর করার তো কোনো তুলনা নেই। আমি এ অ্যালবামে তিনটি গান বাপ্পার সুরে গেয়েছি।’রূপঙ্কর আরও বলেন, ‘বাপ্পার সঙ্গে কাজ করে আমার মনে হয়েছে, উনি ভয়ঙ্কর একজন ট্যালেন্টেড মানুষ। উনার সাউন্ডকে যথাযথভাবে ব্যবহার করা এবং পুরো আয়োজন দেখে আমি মুগ্ধ। তা ছাড়া বাপ্পার মিক্সিংও অসাধারণ। আমি মনে করি, বাপ্পা আমাদের কলকাতার মিউজিশিয়ানদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। আমার আসলে এদের সবার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে।’বাংলাদেশে কারও গান শোনেন কি না, এমন প্রশ্নের উত্তরে রূপঙ্কর বলেন, ‘আমার জীবনের শুরুর দিকের কথা যদি বলি, তাহলে বলব, পৃথিবীর অন্যতম গায়িকাদের একজন রুনা লায়লা। তাঁর গান আমাকে ভীষণ অনুপ্রেরণা জোগায়। বাংলাদেশে আমি অনেকেরই গান শুনেছি। আমি অনেকেরই ভীষণ ভক্ত। বলতে পারেন, এখন পর্যন্ত সাবিনা ইয়াসমিনের মতো সুমধুর কণ্ঠস্বর আমি খুব কমই শুনেছি। আইয়ুব বাচ্চুর গানেরও আমি ভীষণ ভক্ত। তারপর হাবিবের গানও আমার ভালো লাগে। বাপ্পার কথা তো বলতেই হয়। এ অ্যালবামের মাধ্যমে আমি ওর ভীষণ ভক্ত হয়ে গেছি। এক কথায় বলতে গেলে বাংলাদেশের বহু মানুষের আমি ভয়ঙ্কর ভক্ত।’