বাংলাদেশের রেডিওতে ডয়চে ভেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের এফএম রেডিওর তালিকাটি আরও একটু দীর্ঘ হলো। এখন থেকে জার্মানির আন্তর্জাতিক বেতার ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন শ্রোতারা। গতকাল বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো এই পথচলা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ডয়চে ভেলের দক্ষিণ এশিয়ার সরবরাহ প্রতিনিধি টোবিয়াস গ্রোটে বেভারবর্গ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী, জার্মান রাষ্ট্রদূত এইচ ই হোলজার মিখায়েল, ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া ডেস্কের সমন্বয় সম্পাদক দেবারাতি গুহ এবং প্রতিষ্ঠানটির বাংলা বিভাগের সমন্বয়ক এ এই এম আবদুল হাই। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে দেশের ছয়টি জেলা শহর এবং এর আশপাশে শোনা যাবে ডয়চে ভেলের অনুষ্ঠান। আর তা প্রচারিত হবে বাংলাদেশ বেতারের তরঙ্গ ব্যবহার করে। গত মার্চে বাংলাদেশ বেতারের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সম্পন্ন হয় ডয়চে ভেলের। অনুষ্ঠান শোনা যাবে ঢাকায় ৯৭.৬, চট্টগ্রামে ১০৫.৪, রাজশাহী ও সিলেটে ১০৫, খুলনায় ১০২ এবং রংপুরে ১০৫.৪ মেগাহার্জে। প্রচারিত হবে প্রতিদিন সকাল আটটায় এবং রাত আটটায়।উদ্বোধনী অনুষ্ঠানে ডয়চে ভেলের দক্ষিণ এশিয়ার সরবরাহ প্রতিনিধি টোবিয়াস গ্রোটে বেভারবর্গ বলেন, ‘বাংলাদেশে আমাদের এই যাত্রা নিশ্চয়ই জার্মানির সঙ্গে একটি সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। আমরা চাই নতুন নতুন অনুষ্ঠান এবং চিন্তাভাবনার মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করতে।’