বাংলাদেশের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কান উৎসবে গতকাল এক ফটোসেশনে কানাডার তরুণ নির্মাতা হাভিয়ের দোলান l ছবি: এএফপি
কান উৎসবে গতকাল এক ফটোসেশনে কানাডার তরুণ নির্মাতা হাভিয়ের দোলান l ছবি: এএফপি

কাচঘেরা ঘর থেকে সামনে তাকালে সাগরের নীল পানি যেন আয় আয় বলে ডাকে। দূর পাহাড়ের সারি বুঝি কাছে এসে কথা কইতে চায়। পাহাড় আর সমুদ্র ছাড়াও প্রেস অফিস থেকে আরও একটা জিনিস চোখে পড়ে, সেটি কান সৈকতে সগর্বে উড়তে থাকা নানা দেশের পতাকা। একগুচ্ছ পতাকা দেখলেই সবার আগে নিজের দেশের পতাকাটা খঁুজতে ইচ্ছে করে। জানি, আমাদের লাল-সবুজ পতাকা নেই সেখানে, তবু প্রতিটা পতাকা ঘুরে ঘুরে খেয়াল করে দেখতে ইচ্ছে করে।
কানের ‘ভিলেজ ইন্টারন্যাশনাল’ অংশের তাঁবুগুলোতে প্রতিবেশী দেশ ভারত এবং ইসরায়েল, কাতার, আরব আমিরাত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, ইউক্রেন কিংবা মিসরের মতো অর্ধশত দেশ হাজির তাদের সিনেমার ঐতিহ্য তুলে ধরতে। এই বিশ্বসভায় নিজের দেশের পতাকাটা খঁুজে পেলে কোন বাংলাদেশির বুকটা না একটু মোচড় না দেয়?
সাগরপারে বালুকাবেলায় সব দেশের জন্য একটি করে তাঁবু বরাদ্দ। ঢোকার মুখেই হাসিমুখে দাঁড়িয়ে থাকেন অভ্যর্থনাকারীরা। অতিথিদের হাতে ধরিয়ে দেন তাঁদের দেশের চলচ্চিত্রবিষয়ক পুস্তিকা। দুপুরবেলায় আর রাতে বেশির ভাগ তাঁবুতেই আয়োজন করা হয় ছোটখাটো উৎসবের। থাকে সেমিনার আর বৈঠকি আলাপও।
সেদিন ইউক্রেনের তাঁবুতে গিয়ে চোখে পড়ল ছোটখাটো ঘরটার ভেতরেই মোটামুটি অনুষ্ঠান জমিয়ে ফেলেছেন তাঁরা। নানা সমস্যার মধ্যেও ইউক্রেনের ছবি কীভাবে এগিয়ে যাচ্ছে, সে কথাই বলছিলেন আলোচকেরা। উৎসব সরগরম বলে এমনকি এই সামান্য আয়োজনও জমে উঠতে সময় লাগেনি। অনুষ্ঠানে দেখানো হলো ইউক্রেনের দুটো স্বল্পদৈর্ঘ্য ছবিও। শেষে পরিচয় করিয়ে দেওয়া হলো ইউক্রেনের দুজন উঠতি নির্মাতাকে। এভাবেই নিজেদের চলচ্চিত্র আর সংস্কৃতিকে তুলে ধরার, সিনেমা দুনিয়ায় নিজেদের উপস্থিতির চেষ্টা থাকে মোটামুটি সব তাঁবুতেই।
কান চলচ্চিত্র উৎসবে এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় অর্জন সম্ভবত প্রয়াত তারেক মাসুদের মাটির ময়নার সাফল্যই। বছর বারো আগে ডিরেক্টরস ফর্টনাইট বিভাগে পুরস্কার জিতেছিল এই ছবি।
এবারে কানে লালগালিচায় উপস্থাপিত হয়েছেন বাংলাদেশের তরুণ নির্মাতা কামার আহমাদ। কানে অপেক্ষাকৃত কম সরব দেশগুলোর তরুণ সম্ভাবনাময় নির্মাতাদের তালিকায় আছেন শুনতে কি পাও তথ্যচিত্রের এই নির্মাতা।
আবারও বৃষ্টির হানা: ‘আমব্রেলা! আমব্রেলা!’ বলে ছাতা হাতে চিৎকার করে যাচ্ছেন এক কৃষ্ণাঙ্গ যুবক। মানুষজন সব বৃষ্টির হাত থেকে বাঁচতে ছুটছে দিগ্বিদিক৷ মৌসুমি ব্যবসায় মরিয়া তরুণও ছুটেছেন সম্ভাব্য খদ্দেরদের পিছু পিছু। গতকাল কান উৎসবে আবারও হানা দিয়েছে বৃষ্টি। এবারে আরও জোরেশোরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।
বৃষ্টির উৎপাতের মাঝেই উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেছে কানাডার তরুণ নির্মাতা হাভিয়ের দোলানের মমির (মা)। বখে যাওয়া ছেলে আর মায়ের বিচিত্র সম্পর্কের গল্প নিয়ে এই ছবি। মায়ের চাকরি নেই। এরই মধ্যে তাকে তাড়া করে চলেছে ছেলের অপকর্মের ফাঁড়া। মা ছেলেকে কাছে রাখবেন নাকি আবার তাকে পাঠিয়ে দেবেন সংশোধনী কেন্দ্রে? মা-ছেলের চিরকালীন স্নেহ-ভালোবাসার গল্পকে ২৫ বছর বয়সী নির্মাতা দেখেছেন নতুন এক চোখে। সেই দেখাটা কি দারুণভাবে অন্তর ছঁুয়ে যায়! সিনেমা শেষে হল থেকে বেরুবার সময় দেখা গেল বেশির ভাগ দর্শকের চোখ জলে ছলছল। কেউ বা অশ্রু লুকোচ্ছেন। মমি যদি এবারে স্বর্ণ পাম জিতে নিয়ে যায়, খুব অবাক হওয়ার কিছু থাকবে না।
উৎসবে এসেছেন খ্যাতিমান ইংরেজ নির্মাতা কেন লোচ। তাঁর ছবি জিমিস হল-এর উদ্বোধনী প্রদর্শনীও হয়েছে গতকাল। চিরায়ত শাখায় প্রদর্শিত হয়েছে আলফ্রেড হিচককের ছবি জ্যামাইকা ইন । সাগরপারে সিনেমা দেখার আয়োজনে ছিল জন ওয়াটার্সের পলিয়েস্টার ছবির প্রদর্শনী।