শেষ হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র উৎসব ‘কলকাতা চলচ্চিত্র উৎসব-২০১০’। শুরু হয়েছিল ১০ নভেম্বর আর শেষ হয় ১৭ নভেম্বর। এই চলচ্চিত্র উৎসব এবার ১৬ বছরে পা দিয়েছে। কলকাতার সংস্কৃতির প্রাণকেন্দ্র নন্দনে প্রদীপ জ্বালিয়ে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সিনেমাটোগ্রাফার রামানন্দ সেনগুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৌমিন্দ্রনাথ বেরা, উৎসব কমিটির চেয়ারম্যান সৌমিত্র চট্টোপাধ্যায়, নন্দনের চেয়ারম্যান তরুণ মজুমদার, চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনসহ অনেকে।এবারের উৎসবে ৩৮টি দেশের ১২৭টি ছবি দেখানো হয়েছে। এর মধ্যে বিদেশি ছবি ছিল ৪০টি। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় অব লাভ অ্যান্ড আদার ডেমনস ছবিটি। ছবিটি তৈরি করেছে কোস্টারিকা ও কলম্বিয়া যৌথভাবে। পরিচালক হিলডা হিডালগোর।এ ছাড়া দেখানো হচ্ছে কবিগুরুর জন্ম সার্ধশত বছর স্মরণে তাঁরই কাহিনি অবলম্বনে তৈরি পাঁচটি চলচ্চিত্র। এগুলো হলো খোকাবাবুর প্রত্যাবর্তন, চারুলতা, অতিথি, স্ত্রীর পত্র ও অর্ঘ্য।নন্দনসহ কলকাতার আটটি প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে এসব ছবি।ফোকাস বাংলাদেশএবারের চলচ্চিত্র উৎসবে সাতটি বাংলাদেশি চলচ্চিত্র অংশ নিয়েছে। এর মধ্যে পাঁচটি ছবি যোগ দিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আর বাকি দুটি ছবি যোগ দিয়েছে এ উৎসবেরই অঙ্গ সিনে সেন্ট্রাল আয়োজিত চলচ্চিত্র উৎসবে।কলকাতা উৎসবে যোগ দেওয়া পাঁচটি চলচ্চিত্র হলো মোরশেদুল ইসলামের প্রিয়তমেসু, গোলাম রাব্বানির বৃত্তের বাইরে, সৈয়দ অহিদুজ্জামানের গঙ্গাযাত্রা এবং স্বল্পদৈর্ঘের ছবি তানভীর মোকাম্মেলের স্বপ্নভূমি ও ইয়াসমিন কবীরের স্বাধীনতা। আর সিনে সেন্ট্রালের উৎসবে যোগ দেওয়া তানভীর মোকাম্মেলের বাকি দুটি ছবি হলো কর্ণফুলীর কান্না ও অচিন পাখি। কলকাতা উৎসবে প্রিয়তমেসু, বৃত্তের বাইরে এবং গঙ্গাযাত্রা ছবির সাতটি প্রদর্শনী হয়েছে পূর্বশ্রী, মধুসূদন মঞ্চ, নন্দন, রবীন্দ্র সদন এবং নন্দন-২ ও নন্দন-৩ প্রেক্ষাগৃহে। পাঁচটি বাংলা ছবিই কলকাতার দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।আর এবারের চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিল দেশ-বিদেশের ১৪০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি। এই উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ ছিল বাংলাদেশ। এখানে দেখানো হয়েছে বাংলাদেশের পরিচালক তানভীর মোকাম্মেলের স্বপ্নভূমি এবং ইয়াসমিন কবীরের স্বাধীনতা। ১৫ নভেম্বর নন্দনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যোগ দেন বাংলাদেশের গঙ্গাযাত্রা ছবির পরিচালক সৈয়দ অহিদুজ্জামান। তিনি বাংলাদেশের ছবি তৈরির বিভিন্ন দিক তুলে দাবি করেন, বাংলা ছবির বাজার বিস্তৃত করতে এখন প্রয়োজন ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় আরও বেশি করে ছবি নির্মাণ করা। একই সঙ্গে তিনি এ কথাও বলেন, ‘আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের অভিন্ন সংস্কৃতি, সাহিত্য, কৃষ্টি ও ঐতিহ্য এক থাকায় আমরা মনে করি পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বাংলা ছবির বিনিময় হোক। এতে করে দুই দেশের সিনেমাপ্রিয় দর্শকেরা আরও বেশি করে উভয় দেশের ছবি দেখার সুযোগ পাবে।’ সিকিম নিয়ে তোলপাড়এবারের চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ ছিল সত্যজিৎ রায়ের ৪০ বছর আগে নির্মিত সিকিম ছবিটির প্রদর্শন। কিন্তু চলচ্চিত্র উৎসব শুরুর দ্বিতীয় দিনে নন্দন প্রেক্ষাগৃহে ছবিটির প্রথম প্রদর্শনী হওয়ার পরই আইনি বেড়াজালে আটকে যায় সিকিম। প্রতিদিন একটি করে সিকিম প্রদর্শনীর কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি। অবশেষে উৎসবের সমাপ্ত দিনে বিশেষ ব্যবস্থায় আর একবার দেখানো হয় সিকিম ছবিটি। ১৯৭০ সালে সিকিমের চৌগিয়াল রাজবংশের রাজা পালডেন থোন্ডুপ নামগিয়াল এবং তাঁর মার্কিনি রানি হোপ কুকের অনুরোধে ৫২ মিনিটের এ ছবিটি তৈরি করেছিলেন প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায়। প্রথমে সিকিম সরকার ও পরে ভারত সরকার আলাদা আলাদা দুটি দৃশ্য নিয়ে আপত্তি করায় সিকিম দেখানোর অনুমতি মেলেনি। এভাবে চলতে চলতে ভারত সরকার শেষ পর্যন্ত রাজার একটি মন্তব্য অংশ এবং শিশুর ডাস্টবিনের পরিত্যক্ত খাবার খাওয়ার দৃশ্য বাদ দিয়ে ছবিটি প্রদর্শনের অনুমতি দেয়। সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার এবারের চলচ্চিত্র উৎসবে সিকিম ছবিটি দেখানোর ঘোষণা দেয়। এদিকে এই ছবির স্বত্বাধিকারী হিসেবে দাবিদার সিকিমের দ্য আর্ট অ্যান্ড কালচার ট্রাস্ট অব সিকিমের ব্যবস্থাপনা ট্রাস্টি উগেন চপেল দাবি করেন ওই ছবিটির স্বত্বাধিকারী তাঁরা। তাঁরাই ভারত সরকারের কাছ থেকে ছবিটি প্রদর্শনের অনুমতি পেয়েছেন। ফলে পশ্চিমবঙ্গ সরকারের বিনা অনুমতিতে চলচ্চিত্র উৎসবে সিকিম প্রদর্শনের বৈধ অধিকার তাঁদের নেই। এই নিয়ে তাঁরা রাজধানী গ্যাংটকের জেলা আদালতে একটি মামলা দায়ের করলে আদালত থেকে সিকিম প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।