
কাওরি মমোইয়ের নামের সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্র অনুরাগীদের পরিচয় না থাকা অস্বাভাবিক কিছু নয়। এর কারণ হলিউড ও বলিউডের বাইরের চলচ্চিত্র সম্পর্কে খুব বেশি কিছু আমাদের জানা না থাকা। জাপানি চলচ্চিত্রের বেলায় ওযু আর কুরোসাওয়ার বাইরে আর কারও নামের সঙ্গে আমরা ভালোভাবে পরিচিত—এ কথা জোর গলায় বলার উপায় নেই। ফলে কাওরি মমোইও আমাদের কাছে সেই নাম না-জানা জাপানি চলচ্চিত্র ব্যক্তিত্বদের দলে অন্তর্ভুক্ত। আর তাই জাপানের সেই নামী অভিনেত্রীর পরিচিতি শুরুতে তুলে ধরলে তাঁর বক্তব্যের গভীরতা অনেকেই হয়তো সহজে অনুধাবন করতে পারবেন।
৬৪ বছর বয়সী জাপানি অভিনেত্রী কাওরি মমোই দীর্ঘ অভিনয়জীবনে নানা রকম চরিত্রে অভিনয় করার মধ্য দিয়ে জাপানি চলচ্চিত্রের কিংবদন্তি এক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বেশি পরিচিত এই জাপানি অভিনেত্রী। অভিনয়জীবন শুরু করেছিলেন ১৯৭১ সালে পরিচালক কন ইচিকাওয়ার ছবি আই ফুতাতাবি বা ‘আবারও ভালোবাসা’য় অভিনয় করার মধ্য দিয়ে। পরবর্তীকালে আকিরা কুরোসাওয়া, শোহেই ইমামুরা ও ইওজি ইয়ামাদা থেকে শুরু করে জাপানি ছায়াছবির দিকপাল হিসেবে গণ্য পরিচালকদের প্রায় সবার ছবিতে অভিনয় করে সমৃদ্ধ এক অভিজ্ঞতার ভান্ডার নিজের জন্য তিনি তৈরি করে নিতে পেরেছেন। আর সেই পথ ধরেই আরও পরে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর পদচারণ।
৩৫ বছরের দীর্ঘ অভিনয়জীবনে ৬০টির বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন। ইদানীং পরিচালক হিসেবেও তাঁর পরিচিতি ছড়িয়ে পড়ছে।
>বাংলাদেশ আজকাল ক্রমশই আকর্ষণীয় একটি দেশ হয়ে উঠছে এবং ইদানীং বেশ কিছু ভালো চলচ্চিত্র পরিচালকের আবির্ভাবও দেশটিতে লক্ষ করা যাচ্ছে
২০০৭ সালে ফেসেস অফ এ ফিগ ট্রি ছবির মধ্য দিয়ে পরিচালক হিসেবে কাওরি মমোইয়ের আবির্ভাব। ছবিটি সে বছর বার্লিন চলচ্চিত্র উৎসবে কয়েকটি পুরস্কার লাভ করা ছাড়াও চলচ্চিত্র সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর ২০১৫ সালে তিনি শুরু করেন তাঁর দ্বিতীয় ছবি হি ছবির কাজ, যার আক্ষরিক অর্থ ‘আগুন’। এ বছর বার্লিন চলচ্চিত্র উৎসবে এই ছবির আন্তর্জাতিক প্রিমিয়ার হয়ে গেলেও জাপানে এটা মুক্তি পায় এপ্রিল মাসে অনুষ্ঠিত ওকিনাওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। জাপানে হির মুক্তি উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে ছবিটি দেখার পর ওকিনাওয়াতে প্রথম আলোর পক্ষ থেকে সংক্ষিপ্ত এক সাক্ষাৎকার নেওয়ার জন্য কাওরি মমোইয়ের মুখোমুখি হয়েছিলাম। চলচ্চিত্র বিষয়ে আলাপচারিতার একপর্যায়ে সেখানে উঠে আসে বাংলাদেশের ছায়াছবির প্রসঙ্গ।
পুরস্কৃত জাপানি লেখক ফুমিনোরি নাকামুরার একই নামের ছোটগল্পের ওপর ভিত্তি করে নির্মিত নিজের পরিচালিত সর্বশেষ ছবি হিতে কাওরি মমোই অভিনয় করেছেন বয়স্ক এক পতিতার ভূমিকায়। জীবনের দীর্ঘ পথ পরিক্রমায় নানা রকম বঞ্চনা আর প্রতারণার শিকার হয়েছেন। অনেকটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় শেষ পর্যন্ত খুনের আসামি সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মনোরোগ চিকিৎসক সানাদার কাছে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল তাঁর অতীতের ওপর আলোকপাত করার মধ্য দিয়ে অপরাধ সম্পর্কে নিশ্চিত হতে। ছবির দীর্ঘ অংশজুড়ে আছে মনোরোগ চিকিৎসকের সঙ্গে বৃদ্ধার আলাপচারিতা, যার অনেকটাই আবার একপাক্ষিক। ফলে মূল অভিনেত্রীর একক সংলাপ হচ্ছে ছবির মুখ্য উপাদান, যার মধ্য দিয়ে আমরা জানতে পারি বৃদ্ধা পতিতার বঞ্চিত শৈশবের কাহিনি, পরবর্তী জীবনে পুরুষের কাছে বারবার তাঁর প্রতারিত হওয়ার কথা, জীবনের শেষ দিকে এসে ঘরে আগুন লাগিয়ে পুরুষ সঙ্গী ও নিজের কন্যাকে খুন করার পেছনের বিবরণ।

জানতে চেয়েছিলাম, পরিচালক হিসেবে কেন গতানুগতিক জীবনের বাইরের এ রকম একটি কাহিনি বেছে নেওয়া এবং কোন বক্তব্য ছবির মধ্য দিয়ে তিনি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাইছেন। কাওরি মমোই শুরুতেই পরিষ্কার করে নেন, নিজে তিনি একই সঙ্গে পরিচালক ও মুখ্য অভিনেত্রী হওয়ায় ছবির মূল চরিত্রের কাছ থেকে কী প্রত্যাশা করছেন এবং অভিনেত্রী হিসেবে পরিচালকই বা তাঁর কাছ থেকে কী চাইছে, তা তাঁর ভালোভাবে জানা ছিল। ফলে এমন এক কাহিনির খোঁজ তিনি করেছেন, যেখানে নিজের সেই দুটি দিকের প্রকাশ সহজে তিনি ফুটিয়ে তুলতে পারবেন।
তিনি জানান, তাঁর এই ছবি হচ্ছে এ রকম এক রমণীর কাহিনি, যাঁর জীবনে নেই কোনো স্থিতিশীলতা এবং যে বুদ্ধিমান কোনো নারীও নন। বলা যায় অপ্রীতিকর এক চরিত্র তিনি, যাঁর জন্য একমাত্র যে পেশাগত দুয়ার উন্মুক্ত, সেটা হচ্ছে পতিতাবৃত্তি। কাওরি মমোইয়ের নিজের ভাষায় তাঁর এই সর্বশেষ নির্যাস হচ্ছে এ রকম: ‘এতটা প্রতিকূলতা সত্ত্বেও সেই রমণী যে কেবল বেঁচে আছেন তা-ই নয়; বরং আমি বলতে চেয়েছি বেঁচে থাকার অধিকার তাঁর আছে। আজকাল যখন এ রকম সংবাদ আমি খবরের কাগজে পড়ি, যেখানে দেখা যায় শিশুর গলায় ছুরি চালিয়ে কেউ জানতে চাইছে ব্যথা লাগছে কি না, কিংবা অসুস্থ বৃদ্ধকে কেউ যখন উঁচু ভবন থেকে ঠেলে দিচ্ছে, তখন আমার মনে হয় এসব কী হচ্ছে আমাদের এই জগতে? ছবির অসহায় মহিলার মধ্য দিয়ে যে বার্তা আমি দিতে চেয়েছি তা হলো, বেঁচে থাকার অধিকার সবার আছে।’
সবশেষে বাংলাদেশ ও বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে তাঁর কোনো ধারণা আছে কি না—জানতে চাইলে কাওরি মমোই বলেছেন, বাংলাদেশ আজকাল ক্রমশই আকর্ষণীয় একটি দেশ হয়ে উঠছে এবং ইদানীং বেশ কিছু ভালো চলচ্চিত্র পরিচালকের আবির্ভাবও দেশটিতে লক্ষ করা যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নিজের যোগ দেওয়া এবং সেসব উৎসবে বাংলাদেশের দু-একটি ছবি দেখার সুযোগ হওয়ার আলোকে সে রকম ধারণা তাঁর হয় বলে তিনি জানান। ফলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে গিয়ে সেখানকার কোনো চলচ্চিত্র পরিচালকের সঙ্গে কাজ করার আন্তরিক ইচ্ছা তিনি পোষণ করছেন।