বাংলাদেশের হৃদয় হতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনীর শিরোনাম ‘আমার প্রিয় মাতৃভূমি’। ছবিতে আমার দেশ। গ্রামের কৃষক ঘাম ঝরিয়ে ফসল ফলাচ্ছে। জেলেরা ধরছে মাছ। সে গ্রামেই হচ্ছে বন্যার মতো বিপর্যয়। শহরে এসে মানুষের শুরু হয় নতুন জীবনসংগ্রাম। কিন্তু দুর্নীতি, দূষণ, সন্ত্রাস ও অপরাজনীতির কাছে পরাজিত হচ্ছে তারা।

কার্টুন ও চিত্রে বাংলাদেশের এ গল্পটাই বলতে চেয়েছেন মো. আবু সেলিম। তাঁর একক কালি ও কলম প্রদর্শনী শুরু হলো ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের গ্যালারি জুমে। চলবে ৫ জুন পর্যন্ত।
ছবিগুলোতে স্পষ্টত দেখা যায় দুটি ধারা। একই বাংলাদেশের হৃদয়ে দুটি চিত্র। একদিকে সততার সঙ্গে কায়িক শ্রম করা মানুষগুলো প্রকৃতি ও মানুষের তৈরি দুর্যোগে সব হারাচ্ছে, অন্যদিকে আরেক দল মানুষ এ দুর্যোগগুলো তৈরি করছে। তাদের পকেটে অনেক টাকা। একটি ছবিতে করমর্দনের বাহানায় ৫০০ টাকা ঘুষ দেওয়া হচ্ছে, আরেকটিতে সততাকে হারিকেন দিয়ে খুঁজতে হচ্ছে। কুশিক্ষা আর মিথ্যাচারীরাই বৈভবের মালিক। অন্য আরেক ছবিতে গাছ কাটা উৎসব ফিতা কেটে উদ্বোধন করা হচ্ছে। ছবিটির সামনে দাঁড়িয়ে শিল্পীর প্রশ্ন, এদের ঠেকাবে কে?
গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, চারপাশ থেকেই সেলিম বিষয় নির্বাচন করেছেন। বিদ্যমান পরিস্থিতিতে তাঁর অস্বস্তি ফুটে উঠেছে ছবিতে। ক্যাফে লা ভেরান্দায় হওয়া অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন।