বাংলাদেশের 'অশ্বারোহী তাসমিনা' গ্রিসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘অশ্বারোহী তাসমিনা’র একটি দৃশ্য
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘অশ্বারোহী তাসমিনা’র একটি দৃশ্য

নওগাঁর একটি গ্রামের এগারো বছরে কন্যা তাসমিনা। এলাকার সবাই ‘ঘোড়াওয়ালি’ নামে ডাকে। যে দেশে পনেরো বছর বয়স হওয়ার আগেই বেশির ভাগ মেয়ের বিয়ে হয়ে যায়, সেখানে তাসমিনা আরও অন্তত পাঁচ বছর ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার আশা রাখে।

অলিম্পিয়া ফিল্ম ফেস্টিভ্যাল ফর চিল্ড্রেন অ্যান্ড ইয়ং পিপল-এর পোস্টার
অলিম্পিয়া ফিল্ম ফেস্টিভ্যাল ফর চিল্ড্রেন অ্যান্ড ইয়ং পিপল-এর পোস্টার

তাসমিনা যখন তার চেয়ে বেশি বয়সের পুরুষ প্রতিযোগীদের পেছনে ফেলে প্রতিযোগিতায় প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে নেয়, তখন দর্শকদের অভিনন্দন বা প্রশংসা জোটে ঠিকই—কিন্তু পুরস্কারের নগদ অর্থ কিংবা দামি পুরস্কারগুলো নিয়ে যান ঘোড়ার মালিক। তাই তাসমিনার ইচ্ছা, টাকা জোগাড় করে একটা বড় ঘোড়া কিনেই সে প্রতিযোগিতায় অংশ নেবে।
এটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘অশ্বারোহী তাসমিনা’র গল্প। ‘চলচ্চিত্রে সাংস্কৃতিক বৈচিত্র্য ও শিশুদের সহনশীলতা’ স্লোগান নিয়ে গ্রিসের অলিম্পাস পর্বতমালার পাদদেশে পিরগোস শহরে অনুষ্ঠিত হতে হচ্ছে অলিম্পিয়া ফিল্ম ফেস্টিভ্যাল ফর চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপল। এই চলচ্চিত্র উৎসবে প্রামাণ্যচিত্র বিভাগে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘অশ্বারোহী তাসমিনা’ (তাসমিনা : দ্য হর্স গার্ল)।
৩ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত দশ দিনের এই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ছবির পরিচালক ফরিদুর রহমান শুক্রবার যাত্রা করেছেন। উৎসবে যাওয়ার আগে পরিচালক বলেন, ‘পুরুষশাসিত সমাজে তাসমিনার মতো ছোট্ট মেয়েটি সাহসী প্রতিবাদের প্রতীক। অনেক রক্তচক্ষু উপেক্ষা করে সে এগিয়ে চলেছে একটি কষ্টসাধ্য, প্রায় অবিশ্বাস্য দৌড়ের শেষ প্রান্তে।’ শিশুদের জন্য নির্মিত ছবিতে বিশ্বের বিভিন্ন দেশের বিচিত্র মানুষ ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হলে শিশুদের মধ্যে অল্প বয়স থেকে ভিন্ন দেশ ও জাতি গোষ্ঠীর মানুষের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ জন্মাবার সুযোগ সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
উৎসবের ওয়েবসাইটে দেখা যায়, প্রায় দেড় হাজার ছবির ভেতর থেকে ৪২১টি বিভিন্ন দৈর্ঘ্যের ছবি উৎসবে প্রদর্শিত হবে। মূল প্রতিযোগিতা পর্বে রয়েছে ৩৪টি দেশের ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও ৪৫টি মধ্য ও স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র, অ্যানিমেশন ছবি ও প্রামাণ্যচিত্র। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উৎসবে তরুণ নির্মাতাদের জন্য ২১টি পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, ৬টি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন ওয়ার্কশপ এবং ১৮টি সেমিনারের আয়োজন করা হয়েছে।
‘অশ্বারোহী তাসমিনা’ প্রযোজনা করেছেন মাহবুবা বেগম।