বাংলাদেশের 'রোহিঙ্গা'য় কলকাতার শাশ্বত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাশ্বত চ্যাটার্জি। ছবি: ভাস্কর মুখার্জি
শাশ্বত চ্যাটার্জি। ছবি: ভাস্কর মুখার্জি

বাংলাদেশে এখন রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যা প্রকট আকার ধারণ করেছে। পাশের দেশ মিয়ানমার থেকে ১১ লাখ রোহিঙ্গা উদ্বাস্তু বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাঁদের এখন সাময়িক পুনর্বাসন করে দেখাশোনা করছে বাংলাদেশ সরকার। সেই রোহিঙ্গাদের জীবনসংগ্রামের নানা কাহিনি নিয়ে এবার বাংলাদেশে তৈরি হচ্ছে চলচ্চিত্র। নাম ‘রোহিঙ্গা’। ছবিটি নির্মাণ করছেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক সৈয়দ অহিদুজ্জামান (ডায়মন্ড)। ইতিমধ্যে এই চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন তিনি।

জানা গেছে, ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রে মিয়ানমারের এক সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন কলকাতার নামী অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। এরই মধ্যে সৈয়দ অহিদুজ্জামানের সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে। শাশ্বত টালিউডের বরেণ্য অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের ছেলে।

‘রোহিঙ্গা’ চলচ্চিত্রের পোস্টার
‘রোহিঙ্গা’ চলচ্চিত্রের পোস্টার

শাশ্বত চ্যাটার্জির সঙ্গে আলোচনা করার জন্য কলকাতায় এসেছেন সৈয়দ অহিদুজ্জামান। গতকাল রাতে তাঁর সঙ্গে কথা হলো প্রথম আলোর। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের জীবনসংগ্রাম, দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ আর দুঃসহ জীবন নিয়ে একটি ছবি করার পরিকল্পনা করছি সেই ২০১২ সাল থেকে। কিন্তু গত বছর আগস্ট মাসে হঠাৎ বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ছবিটি তৈরির ব্যাপারে আমাকে কয়েক ধাপ এগিয়ে দেয়। এরপর “রোহিঙ্গা” নাম দিয়ে একটি ছবি তৈরির উদ্যোগ নিই। কিছু শুটিংও করেছি।’

‘রোহিঙ্গা’ চলচ্চিত্রের পোস্টার
‘রোহিঙ্গা’ চলচ্চিত্রের পোস্টার

সৈয়দ অহিদুজ্জামান বলেন, ‘এই ছবিতে রোহিঙ্গা সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয়ের জন্য শাশ্বত চ্যাটার্জিকে আমার খুবই পছন্দ। সিঙ্গাপুরে একবার চলচ্চিত্র উৎসবে গিয়ে প্রসেনজিৎ, শাশ্বত আর রাইমার সঙ্গে পরিচয় হয়েছিল। তাঁদের সঙ্গে ছিলেন বাংলাদেশের অভিনেতা ফেরদৌস। তখনই আমার মনে শাশ্বত চ্যাটার্জির নাম গেঁথে যায়। তাই কলকাতায় এসেছি। শাশ্বত চ্যাটার্জির সঙ্গে কথা হয়েছে। “রোহিঙ্গা” ছবিতে অভিনয়ের করার ব্যাপারে তিনি রাজি হয়েছেন। এখন তিনি শুটিংয়ের শিডিউল চূড়ান্ত করছেন। আমরা এ বছরই ছবির শুটিং শেষ করব।’

শাশ্বত চ্যাটার্জি কলকাতার একজন নামি অভিনেতা। তাঁর অভিনয়ের শুরুটা হয়েছিল টিভি সিরিয়াল দিয়ে। তিনি অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয় করেছেন হিন্দি ছবিতেও।