বাংলাদেশ-ত্রিপুরা সাংস্কৃতিক উৎসব কাল শুরু
ভারতের ত্রিপুরার জনগণের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ-ত্রিপুরা সাংস্কৃতিক উৎসব-২০১৭’। কাল বৃহস্পতিবার এ উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চসহ বিভিন্ন মিলনায়তনে চলবে এই উৎসবের নানা কার্যক্রম। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ত্রিপুরা সরকারের সংস্কৃতিমন্ত্রী ভানু লাল সাহা ও ৬০ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা আসছে।
গতকাল মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে রাজধানীর তোপখানা রোডের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই উৎসবের বিস্তারিত জানানো হয়। এতে উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন উৎসব পর্ষদের চেয়ারম্যান নাট্যজন রামেন্দু মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন পর্ষদের সদস্যসচিব সেলিম শামসুল হুদা চৌধুরী, গোলাম কুদ্দুছ, বাবুল বিশ্বাস, শিল্পকলা একাডেমির পরিচালক সোহরাব উদ্দিন, নৃত্যশিল্পী তামান্না রহমান প্রমুখ।