
জামাই আদর
বাংলাভিশনে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক জামাই আদর। লিখেছেন কাজী শাহীদুল ইসলাম, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন মীর সাব্বির, আ খ ম হাসান, ভাবনা, রুনা খান, প্রাণ রায়, হারুণ প্রমুখ। চুইটিকে হাবুও চায় শাবুও চায়। কিন্তু চুইটি চায় শুধু লাড্ডুকে। মনের মানুষকে চাওয়া খুব সহজ, কিন্তু পাওয়া কি অত সহজ? চুইটি কি পাবে লাড্ডুকে? দুই বিচ্ছু যুবক হাবু আর শাবুর চোখের সামনে দিয়ে লাড্ডু এসে ছোঁ মেরে নিয়ে যাবে চুইটিকে—তারা কি তা মানবে? মানবে না। কী করবে চুইটি?
ধূপছায়া গোধূলি বেলা
বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক ধূপছায়া গোধূলি বেলা। লিখেছেন ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন অপি করিম, মিলন প্রমুখ।
অপি করিম ও মিলন ভালো বন্ধু। একদিন অপির গ্রামের বাসা থেকে খবর আসে তাকে গ্রামে যেতে হবে। মিলনও যায় তার সঙ্গে। গ্রামে গিয়ে অপি করিম জানতে পারে, তার বিয়ে হবে। এদিকে মিলন অপিকে তার ভালোবাসার কথা জানায়। অপি তাকে ফিরিয়ে দেয়। পাঁচ বছর পর তাদের দেখা হয়। তখনো তারা কেউই বিয়ে করেনি।
হে নিস্তব্ধ পূর্ণিমা যামিনী

বাংলাভিশনে ঈদের দিন রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক হে নিস্তব্ধ পূর্ণিমা যামিনী। লিখেছেন বিপাশা হায়াত, পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। অভিনয় করেছেন তারিন, তৌকীর আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। আবারও জহিরের চাকরি চলে যায়। সহকর্মীদের নানান কারণে সন্দেহ করার অভিযোগে আগে বহুবার সে চাকরি হারিয়েছে। তার স্ত্রী দীপা চাকরি করে একটি বিদেশি স্কুলে। তার কারণেই সংসারটা টেনেটুনে চলছে। এদিকে একটি ঘটনা জহিরকে পাল্টে দেয়। সে আত্মহত্যা করতে চায়। এদিকে তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে একটি দুর্ঘটনা। আর তা শুধু জানে তার বাবা। ছেলেকে বাঁচাতে ছুটে আসে বাবা।
বীণার অসুখ
বাংলাভিশনে ঈদের পরদিন রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক বীণার অসুখ। হুমায়ূন আহমেদের নাটকটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। অভিনয় করেছেন ওমর সানী, মৌটুসী প্রমুখ।
বীণা তার মামার বাসায় থেকে চাকরি করে। বীণার বিয়ের জন্য তার মামা পাত্র দেখে। ছেলে মামার পছন্দ হলেও বীণার পছন্দ হয় না। একটি ছেলেকে মামা পছন্দ করে বিয়ে ঠিক করতে চায়। কিন্তু বীণা কিছুতেই বিয়েতে রাজি হয় না। সেই ছেলেটিকে বীণা স্বপ্নে দেখে। ছেলেটিকে দেখে সে ভয় পায়। একপর্যায়ে বীণা অসুস্থ হয়ে যায়। তাকে গ্রামে তার মা-বাবার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেও সে একই স্বপ্ন দেখে—ছেলেটি তাকে জোর করে ধরে নিয়ে যায়, মারতে চায়, অ্যাসিড ছুড়ে মারে।

বিশ্বাস করুন সবই মিথ্যা
বাংলাভিশনে ঈদের দিন বেলা দুইটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি বিশ্বাস করুন সবই মিথ্যা। লিখেছেন ও পরিচালনা করেছেন মোহন খান। অভিনয় করেছেন সজল, বিন্দু, তানভীর হোসেন প্রবাল, নাদের চৌধুরী, লুনা নীহারিকা, চন্দন চৌধুরী প্রমুখ। বিয়ের পর মধুচন্দ্রিমা কাটাতে কক্সবাজার যায় রাসেল আর মিতু। সেখানে তাদের দেখা হয় জুয়েলের সঙ্গে, রাসেলের বন্ধু। এদিকে রাসেল অফিস থেকে ছুটি না নিয়েই এখানে এসেছে। কারণ, তাদের বিয়েটাই হয়েছে হঠাৎ করে। এ কারণেই তাকে নানা ঝামেলা পোহাতে হয়।
হুইলচেয়ার
বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক হুইলচেয়ার। লিখেছেন ও পরিচালনা করেছেন রায়হান খান। অভিনয় করেছেন তারিক আনাম খান, প্রভা প্রমুখ।
ঢাকা শহরের একটি পুরোনো বাড়ি। অযত্ন আর অবহেলায় অনেকটা ভুতুড়ে রূপ ধারণ করেছে। বাড়িতে বাস করে দুটো মানুষ, একজন কেয়ারটেকার আর অন্যজন হুইলচেয়ারে বসে থাকা প্রতিবন্ধী রিফাত। সঙ্গী একটি মুঠোফোন। কোনো দিন কোনো ফোন আসে না। হঠাৎ একদিন বেজে ওঠে ফোনটা। ছুটে এসে রিসিভ করে রিফাত। ওপারে একটি মেয়ের কণ্ঠ। শুরু হয় তাদের ফোনালাপ।
দি নিউ হাতেম আলী
বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন বেলা দুইটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি দি নিউ হাতেম আলী। একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল ও হাতেম আলী টেলিছবির সিক্যুয়াল। লিখেছেন ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুণ প্রমুখ। হাতেম আলী গ্রামের দরিদ্র পরিবারের ছেলে। ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে নানান মানুষের সহায়তায় বড় হয়েছে। ঘটনাপরম্পরায় সে এখন কোটিপতি। বিয়ে করেছে আরেক কোটিপতির কন্যাকে। সবকিছু মিলিয়ে তার ভালো থাকার কথা, কিন্তু হাতেম ভালো নেই। তার দুর্দিনে যারা তাকে নানাভাবে সহযোগিতা করেছিল, হাতেম মনে-প্রাণে চায় তাদের সেই ঋণ শোধ করে দিতে। কিন্তু কিছুই করতে পারছে না। কেন পারছে না?: