বাংলাভিশনে লংমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সোমবার থেকে বাংলাভিশনে শুরু হবে ধারাবাহিক নাটক লংমার্চ। একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে ঘিরে লংমার্চের গল্প আবর্তিত হয়েছে। পরিচালক মাসুদ সেজান জানান, নাটকে দেখা যাবে দেশের অবহেলিত ও বঞ্চিত প্রতিভাবানদের নিয়ে ডা. এজাজ ও শাহনাজ খুশী একটি সংগঠন গড়ে তুলেছেন। এখানে মোশাররফ করিমের মতো অবহেলিত শিল্পী-প্রতিভা যেমন যোগ দিয়েছেন, তেমনি আ খ ম হাসানের মতো ভুয়া প্রতিভাও নকল যাত্রাশিল্পী সেজে ঢুকে পড়েছেন। এখানে রাস্তার ক্যানভাসার থেকে চিকিৎসক হয়ে ওঠার চিত্র যেমন পাওয়া যাবে, তেমনি স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে গ্রামের সহজ-সরল একটি মেয়ে কীভাবে লংমার্চে শামিল হলো সেই গল্পটিও দেখা যাবে। মাসুদ সেজান আরও বলেন, ‘লংমার্চ নাটকে আমি সমাজের বাস্তব কিছু চরিত্র তুলে ধরার চেষ্টা করেছি। যারা আসলে নিজেদের প্রতিভাবান মনে করে কিংবা অন্যকে মনে করাতে চায়। তাদের সৃষ্ট মজার মজার ঘটনা প্রবাহগুলোই হাসি-তামাশার মধ্য দিয়ে তুলে আনার চেষ্টা করেছি লংমার্চ নাটকে। এইম ইন লাইফ কিংবা পাটিগণিতের মতো লংমার্চও দর্শকের ভালো লাগবে বলে মনে করছি।’বাংলাভিশনের হেড অব প্রোগ্রাম শামীম শাহেদ বলেন, ‘এখন একটা কথা চালু আছে, বিজ্ঞাপনের ফাঁকে দর্শকদের নাটক দেখতে হয়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা লংমার্চের দৈর্ঘ্য বাড়িয়েছি। আশা করছি নাটকটি দেখে দর্শক একই সঙ্গে স্বস্তি পাবেন এবং নির্মল আনন্দ উপভোগ করবেন।’লংমার্চ নাটকের অভিনয়শিল্পীরা হলেন, মোশাররফ করিম, নুশরাত ইমরোজ তিশা, আ খ ম হাসান, চাঁদনী, ডা. এজাজ, রুনা খান, ইনামুল হক, শাহনাজ খুশি, মাসুম আজিজ, শিরিন আলম, মিশু সাব্বির প্রমুখ।লংমার্চ নাটকটি প্রতি রবি ও সোমবার রাত নয়টা পাঁচ মিনিটে দেখানো হবে।