বাংলাভিশনের ‘আনন্দ আয়োজন’ নিয়ে হানিফ সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ষষ্ঠ বছরে পদার্পণ করল বাংলাভিশন। প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাভিশন পাঁচ বছরের পথ চলাকে সাজিয়েছে ‘পূর্তির পাঁচ বছর, ফুর্তির ছয় বছর’ শিরোনামে। আজ সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আনন্দ আয়োজন। অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে। এর পরিকল্পনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। এর আগে একুশে টিভি ও এনটিভির উদ্বোধনী অনুষ্ঠান এবং এটিএন বাংলার ইউরোপ যাত্রার আয়োজনটির পরিকল্পনা ও পরিচালনা করেছিলেন হানিফ সংকেত। এবার বাংলাভিশনের আনন্দ আয়োজন কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘কেমন হবে তা আগ বাড়িয়ে বলব না, তবে এটুকু বলতে পারি, অনেকগুলো ক্ষেত্রে বৈচিত্র্য আনার জন্য চেষ্টা করেছি। যেমন—অনেক শিল্পীর সমন্বয় ঘটবে। সরাসরি এই আয়োজনটি হবে বিজ্ঞাপনমুক্ত। দর্শক এই আয়োজন দেখে নির্মল এবং অর্থবহ বিনোদন পাবেন।’ উপস্থাপনা কারা করছেন? হানিফ সংকেত বলেন, ‘যাঁরা উপস্থাপনা করবেন তাঁরা নবীন, তবে কোনো তারকা নন। কোনো পর্বে ২০ জন, কোনো পর্বে পাঁচজন, আবার কোনো পর্বে দুইজন অংশগ্রহণ করবেন। দেশের বিভিন্ন জায়গা থেকে এঁদের সংগ্রহ করেছি।’ অনুষ্ঠানটিতে অংশ নেবেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, শাকিলা জাফর, ফেরদৌস, শাকিব খান, শিবলী মহম্মদ, শামীম আরা নীপা, তানিয়া, আফসানা মিমি, তারিন, মীম, সারিকা, বিন্দু, আরফিন রুমী, মিলা, কনা, হূদয় খানসহ আরও অনেকে।