বাংলার উৎসবে সুরের ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাঙালি জাতি উৎসবপ্রিয়। যেকোনো একটা উপলক্ষ হলেই হলো। অমনিতেই উৎসব আয়োজন শুরু হয়ে যায়। তাই তো কথায় বলে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এর কিন্তু একটা ইতিহাস আছে। একসময় এ দেশের মানুষের প্রাচুর্য ছিল। কোনো কিছুর অভাব ছিল না। তাই মনে আনন্দ ছিল। তখন তারা নানা ধরনের উৎসবের আয়োজন করত। সময়ের সঙ্গে সঙ্গে উৎসবের চরিত্র ও ধরন পাল্টেছে। এখন আমরা জাতীয়, সামাজিক, ঋতু আর লৌকিক উৎসব পালন করি। তারই একটা আভাস দেওয়ার জন্য এবার আমরা আয়োজন করেছি বাংলার উৎসব।’ বললেন সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যা। বাংলা বছরের শেষ সন্ধ্যায় সুরের ধারা আয়োজন করেছে চৈত্রসংক্রান্তি উৎসব। আর এবারের উৎসবের নাম দেওয়া হয়েছে ‘বাংলার উৎসবে সুরের ধারা’। বন্যা জানান, লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে সুরের ধারার এই আয়োজন শুরু হবে ১৩ এপ্রিল সন্ধ্যা ছয়টায়। চলবে মধ্যরাত পর্যন্ত। এখন সুরের ধারায় চলছে অনুষ্ঠানের চূড়ান্ত মহড়া। আর এখানে অংশ নিচ্ছেন সুরের ধারার বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক শিল্পী। থাকছেন অতিথিশিল্পীরাও। তাঁদের মধ্যে রয়েছেন সুবীর নন্দী, মৃদুল কান্তি চক্রবর্তী, রিজিয়া পারভীন, আবু বকর সিদ্দিকী, অদিতি মহসিন, লুত্ফুন্নাহার পান্না, অনিমা, মুক্তি প্রমুখ। থাকবে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পরিবেশনা। বন্যা বললেন, ‘ঋতু উৎসবের মধ্যে থাকবে বর্ষা, শরত্ ও বসন্ত; জাতীয় উৎসবে রবীন্দ্র ও নজরুলজয়ন্তী, ভাষা দিবস, স্বাধীনতা ও বিজয় উৎসব আর সামাজিক উৎসবে বিয়ে ও জন্মোৎসব। আমরা ওই দিন সন্ধ্যায় সবাইকে সঙ্গে নিয়ে বাংলা পুরোনো বছরকে বিদায় জানাব এবং নতুন বছরকে বরণ করব।’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন উৎসবের সঙ্গে সঙ্গে আলো আর শিল্পীদের পোশাকের মধ্য দিয়ে বদলে যাবে মঞ্চের চেহারা। শিল্পীরা নাচ, গান আর আবৃত্তির মধ্য দিয়ে ফুটিয়ে তুলবেন সংশ্লিষ্ট উৎসবের আবহ।’পুরো আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।