বাংলার পক্ষে ফেরদৌস-প্রসেনজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস-প্রসেনজিৎ
ফেরদৌস-প্রসেনজিৎ

বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ে সবার আগে বাংলাকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই অভিনেতা ফেরদৌস ও প্রসেনজিৎ। বাংলাদেশের সিনেমা হলগুলোতে ভারতীয় হিন্দি সিনেমার মুক্তি নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এ দাবি জানিয়েছেন তাঁরা। ২৩ জানুয়ারি শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন সিনেমা হলে সালমান খান অভিনীত বলিউডের ছবি ওয়ান্টেড মুক্তি দেওয়ার পর আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ফেরদৌস ও প্রসেনজিৎ।
ফেরদৌস বলেন, ‘আমি বরাবরই সাংস্কৃতিক বিনিময়ে বিশ্বাসী। এ বিনিময়ের কথা আমি বলেও আসছি। আমরা চেয়েছি দুই বাংলায় বাংলা ছবির বিনিময় হোক। বিষয়টি আপাতত ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে আমরা ভেবেছি। পশ্চিমবঙ্গের অভিনয়শিল্পী প্রসেনজিৎসহ অনেকের সঙ্গেই এ নিয়ে কথাও হয়েছে। কিন্তু বাংলা ছবির ব্যাপারটিকে পাশ কাটিয়ে আমাদের দেশে হঠাৎ হিন্দি ছবির প্রবেশ কিছুটা বিস্ময়ের জন্ম দিয়েছে।’
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি হঠাৎ বৃষ্টির মধ্য দিয়ে চলচ্চিত্রে ব্যাপক পরিচিতি পান ফেরদৌস। চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। নায়ক হিসেবে জনপ্রিয়তা অর্জনের পর চলচ্চিত্র প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। ফেরদৌস প্রযোজিত এক কাপ চা ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে।
বাংলাদেশে হিন্দি চলচ্চিত্র মুক্তির খবর শুনে বিস্ময় প্রকাশ করেছেন প্রসেনজিৎ। আজ রোববার সকালে টেলিফোনে প্রথম আলোকে তিনি বলেন, ‘হিন্দি ছবি রিলিজ হয়ে গেছে! সেন্সর বোর্ড ছাড়পত্র দিল! এতে সাময়িকভাবে কিছু মানুষ হয়তো লাভবান হবেন। আমরা দুই বাংলার চলচ্চিত্রকে এক করে কিছু একটি করার কথা ভেবেছিলাম। প্রথম পদক্ষেপ ছিল, সরকারি নিয়ম মেনে কীভাবে ছবির আদান-প্রদান করা যায়, কীভাবে যৌথ প্রযোজনার ছবি বানানো যায়।’
প্রায় একই কথার প্রতিধ্বনি শোনা যায় ফেরদৌসের কণ্ঠেও। তিনি বললেন, ‘একটা সময় বাংলা সিনেমা অনেক জনপ্রিয় ছিল। কয়েক বছর ধরে বাংলা সিনেমা আগের অবস্থানে নেই। এই বিষয়টি ভেবে দুই বাংলা মিলে আমরা ছবি বানানো এবং ছবি বিনিময়ের কথা ভেবেছি। দুই বাংলা একসঙ্গে কাজ করলে আমাদের সিনেমার উন্নতি যেমন ঘটবে, তেমনি বাংলা ভাষাভাষী মানুষের কাছে বাংলা চলচ্চিত্র অন্য রকম একটি জায়গায় যেতে পারবে।’
ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাংলা চলচ্চিত্রের বিকাশে দুই জায়গার চলচ্চিত্রশিল্পের মানুষদের একসঙ্গে কাজ করা দরকার বলে মনে করেন প্রসেনজিৎ। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘বাংলা ছবির দুটি বাজারকে এক করার ক্ষেত্রে বিনিময়কে আমাদের কাছে সেরা উপায় মনে হয়েছে। আমাদের এখানকার ১০-১২টি ছবি যদি ওখানে যায়, আর বাংলাদেশের একই সংখ্যক ছবি যদি আমাদের এখানে আসে, তবে একসময় ভালো একটি অবস্থানে যেতে পারব বলে মনে হয়। এ ক্ষেত্রে অন্য ভাষার ছবির কথা কিন্তু আমরা কোনোভাবেই ভাবিনি।’
প্রসেনজিৎ আরও বলেন, ‘ছবির বিনিময় ও যৌথ প্রযোজনার ব্যাপারে আমরা চেয়েছিলাম দুই বাংলাতে একটি কমিটি করা হোক যে কমিটির দায়িত্ব হবে কোন ছবিটি আসা উচিত আর কোন ছবিটি আসা উচিত না, তা দেখা। বাংলাদেশের জন্য বাংলা রাষ্ট্রীয় ভাষা, আর আমাদের জন্য বাংলা আঞ্চলিক ভাষা। আমার কাছে মনে হয়েছে, দুটি ভাষা যেহেতু এক তাই আমাদের একসঙ্গে কিছু করা উচিত।’
হিন্দি ছবি বাংলাদেশের বাজারে প্রবেশকে কোনোভাবেই সমর্থন করেন না ফেরদৌস। বললেন, ‘বলিউডের ছবির বাজেট এক শ কোটি টাকার মতো। আর আমাদের এখানে গড়পড়তা ছবির বাজেট এখন ৬০-৭০ লাখ টাকা। এভাবে বড় বাজেটের ছবির সঙ্গে টেক্কা দিতে হলে বড় বাজেটেরই ছবির দরকার। এত বেশি ফারাক হলে তো টিকে থাকাই মুশকিল।’
অবশ্য কয়েক বছর ধরে বাংলা চলচ্চিত্র তার আগের অবস্থানে নেই বলেও স্বীকার করেছেন ফেরদৌস। এ ব্যাপারে তিনি বললেন, ‘এটা ঠিক বাংলা চলচ্চিত্র এখন আগের অবস্থানে নেই। এ কারণে হল মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই অনেক হল মালিক তাঁদের সিনেমা হল বন্ধ করে দিয়েছেন। কিন্তু সেই হারে তো সিনেপ্লেক্সও তৈরি হয়নি। আর হলের ব্যবসা চাঙা করার জন্য বলিউডের ছবি কেন মুক্তি দিতে হবে, তা আমার বোধগম্য নয়।’
প্রসেনজিৎ বলেন, ‘হিন্দি ছবির চাপ আমাদের এখানেও থাকে। এখন বিশ্বায়নের যুগ। কিন্তু কথা হচ্ছে, আমাদের যেকোনো কিছুই করতে হবে আমাদের যার যার বাজারকে বাঁচিয়ে রেখে।’
প্রসেনজিৎ আরও বলেন, ‘হিন্দি ছবি যদি বাংলাদেশের বাজারে নিয়মিতভাবে মুক্তি পেতে থাকে তাহলে অবশ্যই কঠিন প্রতিযোগিতা হবে। সৃজনশীল মাধ্যমে কাজ করা একজন মানুষ হিসেবে বলতে চাই, একটি সময় ছিল যখন হিন্দি কোনো ছবি মুক্তি পেলে আমরা খুব ভয় পেতাম। কিন্তু আজকের দিনে আমাদের চলচ্চিত্রশিল্প দাঁড়িয়ে গেছে। আজকে শাহরুখ খান, আমির খান, সালমান খানের ছবি মুক্তির সময় আমরাও ছবি মুক্তি দিচ্ছি এবং আমাদের ছবিগুলো ব্যবসায়িক সাফল্য পাচ্ছে। ভালো মানের ছবি হলে অবশ্যই ব্যবসা করবে। আমাদের পুরো ব্যাপারটি ক্রিয়েটিভলি ভাবতে হবে।’
বর্তমান সময়কে বিশ্বায়নের অবাধ প্রবাহের যুগ উল্লেখ করে প্রসেনজিৎ এও বলেন, ‘এখন কিন্তু কোনো কিছু আটকানোও সম্ভব না। আমি বাংলাদেশের চলচ্চিত্রশিল্পকে আমার নিজের বলেই মনে করি। বিনিময় হলে এবং যৌথ প্রযোজনার ছবি নির্মিত হলে পুরো বাংলা চলচ্চিত্রশিল্প লাভবান হবে। শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের দুই বাংলাতেই চাহিদা তৈরি হবে।’