বাংলার মহানায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি মুজিব বলছি—বাংলার মানুষের মুক্তির জন্য আমি উল্কার বেগে ছুটে বেড়িয়েছি দিনের পর দিন, রাতের পর রাত। স্ত্রী-পুত্র-কন্যার মায়া-মমতার বাঁধন ছিন্ন করেছি। হাসিমুখে সয়েছি জুলুম-নির্যাতন। তবুও অন্যায়ের কাছে, স্বৈরাচারের কাছে কোনো দিন মাথা নত করিনি। আজও করব না। আমার ছয় দফার মধ্যে বেজে ওঠে বাঙালির ঐকতান, ছয় দফা বাঙালির মুক্তির সনদ, ছয় দফা বাঙালির বেঁচে থাকার অস্তিত্ব।’যাত্রামঞ্চে দরাজকণ্ঠে যখন শেখ মুজিব চরিত্রাভিনেতা এই সংলাপ বলছিলেন, তখন শত শত শ্রোতার করতালিতে সিক্ত হচ্ছিলেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ কালচারাল ফোরামের মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ১৬ ডিসেম্বর সন্ধ্যায় দেশ অপেরার পরিবেশনায় মঞ্চস্থ হয় মুক্তিযুদ্ধের যাত্রাপালা বাংলার মহানায়ক। যাত্রাশিল্পী সুলতান সেলিম শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেন। তাঁর স্ত্রী ফজিলাতুন্নেসা চরিত্রে ছিলেন কল্পনা ঘোষ। প্রধান ব্যবস্থাপক সালাহউদ্দিন জানান, এটি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনভিত্তিক যাত্রাপালা, এ এইচ খানের ফাদার অব দ্য নেশন অবলম্বনে রচিত। পালাটি লিখেছেন মিলন কান্তি দে। নির্দেশনাও তাঁরই। এটি প্রথম মঞ্চায়ন। কিছু ত্রুটি-বিচ্যুতি বাদ দিলে প্রযোজনা সফল ছিল বলা যায়। প্রচণ্ড শীত উপেক্ষা করে বাউল মঞ্চের অস্থায়ী যাত্রার আসরে শত শত লোক বসা ছিল মন্ত্রমুগ্ধের মতো। সবাই এক প্রকার মোহাচ্ছন্ন! মাঝেমধ্যে সুর উঠছিল শ্রোতার আসর থেকেও। মঞ্চে বিবেকবেশী বাচ্চু খান যখন দেশাত্মবোধক গান গেয়ে মুক্তিযোদ্ধাদের শক্তি-সাহস জোগাচ্ছিলেন, তখন উপস্থিত শ্রোতারাও তাঁর সঙ্গে সুর মেলান। পালায় অন্যান্য চরিত্রে অভিনয় করেন সোহরাওয়ার্দী-তাপস সরকার, শেরেবাংলা-আজাদ, তাজউদ্দীন-বিষ্ণুপদ, সৈয়দ নজরুল ইসলাম-মোবারক, মনসুর আলী-পংকজ, কামরুজ্জামান-বজলুর রশিদ, খন্দকার মোশতাক-সুদর্শন, মুক্তিযোদ্ধা-রহিম, ইয়াহিয়া খান-বাবু মুখার্জী, জুলফিকার আলী ভুট্টো-দীপক বণিক, টিক্কা খান-লাবু, কামাল-সোহাগ, জামাল-হাবিব, রাসেল-আঁখি, মেজর ফারুক-আজাদ রহমান, মেজর নুর-উদয় চক্রবর্তী, মেজর ডালিম-বজলু রহমান, কর্নেল রশিদ-দীপক, মেজর বজলুল হুদা-পংকজ, রিসালদার মোসলেহউদ্দিন-লাবু মিয়া, মেজর মহিউদ্দিন-রাজীব। নির্যাতিত গ্রাম্য কিশোরী চরিত্রে লাকি চৌধুরী।খোঁজখবর নিয়ে দেখা গেছে, ঢাকার কোনো যাত্রার আসরে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক যাত্রাপালার এই প্রথম মঞ্চায়ন। অনেক দর্শকের মন্তব্য, নতুন প্রজন্ম এই পালা দেখে মুক্তিযুদ্ধের সঠিক দিকগুলো জানতে পারবে।দেশ অপেরার আরও একটি পালাদেশ অপেরা মুক্তিযুদ্ধের আবহে রচিত আরও একটি পালা মঞ্চায়ন করে শিল্পকলায়। বিজয়ের মাস হিসেবে ১৮ ডিসেম্বর শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ করে শান্তিরঞ্জন দে রচিত পালা গঙ্গা থেকে বুড়িগঙ্গা। এ পালারও নির্দেশক মিলন কান্তি দে। দুটি পালাতেই গোকুল সরকার ও তাঁর দল যন্ত্রসংগীতে সংগত করেন। ঢোল, খোল, করতাল, কর্নেট, প্লুট আর বাঁশের বাঁশির ঐকতান বাদনে মুগ্ধ শ্রোতামণ্ডলী বারবার বাহবা দিয়ে যন্ত্রীদের উৎসাহিত করে। দেশ অপেরার হয়ে এবারই প্রথম আসরে নামল গোকুলের যন্ত্রী সংঘ দল। যাত্রার ঐতিহ্যের ধারা অনুসরণ করে এই যন্ত্রী সংঘটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।