বাংলার মাটি বাংলার জল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সেই কবে একবার এসেছিলাম বাবা মশায়ের সঙ্গে’...। রবীন্দ্রনাথ তো বলেই খালাস! নদীতে ঢিল ছুড়ে মারার সময়টিতে একটি লোক যে তাঁকে খেয়াল করছে, সেদিকে তার মন যাবে কী করে? কিন্তু এও তো সত্য, লোকটা দেখছে রবীন্দ্রনাথকেই! কিন্তু কীভাবে দেখছে? এই যে দূর থেকে রবীন্দ্রনাথকে দেখতে দেখতে কাছে চলে এল, ভঙ্গিমাটা ঠিক আছে তো?আমিনুর রহমান মুকুল খুশি হলেন না। লোকটির প্রকাশভঙ্গি ঠিক হচ্ছে না। রবীন্দ্রনাথকে দেখে লোকটা খুশি হলো, নাকি গম্ভীর হয়ে গেল, তার কোনো চিহ্ন নেই অভিনয়ে। লোকটি তাকাচ্ছেও মাটির দিকে।‘আরে বাবা, মানুষ মানুষকে কীভাবে দেখে? তাকাতে হয় চোখের দিকে। এখন পর্যন্ত তা পাওয়া যাচ্ছে না অভিনয়ে। রাজা হয়ে এসেছেন যিনি, তাঁকে তিনি গ্রহণ করছেন কি না, তাও বোঝা যাচ্ছে না।তাহলে কী করতে হবে?ডাকা হলো আরেকজনকে। অভিনয়টা করে দেখাতে হবে।এবার যিনি এলেন, তিনি চোখ ছোট ছোট করে দূর থেকে দেখলেন রবীন্দ্রনাথকে। মাপলেন চোখ দিয়ে। রবীন্দ্রনাথের ঢিল ছুড়ে মারার আগে-পরে তাঁর অভিব্যক্তি হলো দুই রকম। পছন্দ হলো মুকুলের। বললেন, ‘চলনে-বলনে এবার বয়সটাও পাচ্ছি। পাথর ছুড়ে মারার পর প্রতিক্রিয়াটাও চমৎকার। রাজার বালসুলভ আচরণ দেখে লোকটার মধ্যে জেগে উঠল পিতৃসুলভ ভালোবাসা।’ চলতে থাকে মহড়া। মগবাজারের গাবতলার একটি বাড়িতে। সংকীর্ণ একটি ঘরে কাঠের পাটাতন। তাতেই দুদিকে বসেছে পালাকারের অভিনেত্রী দল। একটি পাখা ঘুরছে যদিও, কিন্তু তার বাতাস এসে সবার শরীর জুড়িয়ে দেবে, এমন সম্ভাবনা নেই। ‘বাংলার মাটি বাংলার জল’ নামে যে নতুন নাটকটি তারা আনতে চাইছে মঞ্চে, তারই মহড়া। রবীন্দ্রনাথের ‘ছিন্নপত্র’ থেকে নাট্যরূপ দিয়েছেন সৈয়দ শামসুল হক। নির্দেশনা দিচ্ছেন আতাউর রহমান। এখন মহড়া চালিয়ে নিচ্ছেন পালাকারপ্রধান আমিনুর রহমান মুকুল।এখনো মহড়া শুরুর পর্যায়ে। তাই কার কণ্ঠস্বর চরিত্রের সঙ্গে কীভাবে মিলে যাবে, তারও পরীক্ষা চলছে। ওই যে, যার কথা বলা হচ্ছিল, যিনি পর্যবেক্ষণ করছিলেন রবীন্দ্রনাথকে, তিনি তো বুড়ো। তাঁর চলন-বলন, আচার-আচরণ কী হবে, তা যেমন ঠিক করতে হবে, তেমনি কলকাতায় বসে ইন্দিরা দেবী যখন রবীন্দ্রনাথের চিঠি পড়ছেন, তখন কী হবে তাঁর অভিনয়, সেটাও তো জানতে হবে ঠিক করে! চিঠি ছেঁড়ার সময় তাঁর চোখে-মুখে যে মুগ্ধতা থাকবে, সেটা কৃত্রিম হলেও তো চলবে না।মেয়েটি যখন চিঠি ছিঁড়তে ছিঁড়তে সামনের দিকে চোখ মেলে কিছু দেখল, তখনই মুকুলের জিজ্ঞাসা, কী দেখলে? কী কল্পনা করলে? জানালার ভিতর দিয়ে আকাশ দেখছ, এমনটাই তো হওয়ার কথা। দৃশ্যটা পূর্ণ হয়নি। দৃশ্যের পর দৃশ্য আসছে থাকে। শাহজাদপুর এন্ট্রান্স স্কুলের পণ্ডিতেরাও এসে পড়েন। দাওয়াত দেবেন রবীন্দ্রনাথকে। কথা বলার মধ্যে সংস্কৃতের প্রভাব, বঙ্কিমচন্দ্রের প্রভাব। রবীন্দ্রনাথ একটু মজাও করেন ভাষা নিয়ে। ‘রাজ সকাশে’ শব্দ দুটি শুনে হাসেনও একটু। এরপর পোস্ট মাস্টারের দৃশ্য। পোস্ট মাস্টার এসে চাকরি ছেড়ে দেওয়ার খবর দিচ্ছেন রতনকে। ঝোলা থেকে কিছু একটা বের করতে করতেই চালাচ্ছেন কথাবার্তা। অভিনয়ে সমস্যা ছিল।‘পোস্ট মাস্টার পড়েছ তুমি?’না। দেখেছি।’অর্থাৎ রবীন্দ্রনাথে ছেলেটি গেছে সত্যজিৎ রায় ঘুরে। আহা রে! ছেলেটি যদি ‘পোস্ট মাস্টার’ গল্পটি আগেই পড়ত! যদি ‘ছিন্নপত্র’ খুলে দেখে নিত সেই দুটি চিঠি, যেখানে পোস্ট মাস্টারের উল্লেখ আছে। কিংবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বলা রবীন্দ্রনাথের এই কথাটি সে জানত, ‘পোস্ট মাস্টারটি আমার বজরায় এসে বসে থাকত। ফটিককে দেখেছি পদ্মার ঘাটে। ছিদামদের দেখেছি আমাদের কাছারিতে। ওই যারা কাছে এসেছে তাদের কতকটা দেখেছি, কতকটা বানিয়েছি’ তাহলে রবীন্দ্রনাথ ও বাংলাদেশের পল্লি সম্পর্কে একটা ধারণা পেয়ে যেত। মহড়া চলতে থাকে। এই ফাঁকে জানা হয়ে যায়, ছিন্নপত্রের মাঝে ঢুকে গেছে চিত্রাঙ্গদা, সমাপ্তি, ছুটিসহ আরও কিছু। গানগুলো কীভাবে পরিবেশন করলে সুপ্রযুক্ত হবে, কীভাবে চরিত্রের সঙ্গে মিশে যাওয়া যাবে, এগুলো নিয়ে যথেষ্ট ব্যস্ত পালাকারের সদস্যরা। নাটকের টেক্সটও পরিবর্তিত হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে। সেট ডিজাইন করা হয়ে গেছে। বেশ কিছু নতুন অভিনেতাও আছে এবারের নাটকে, তাই পরিশ্রমটা হচ্ছে বেশি। তার পরও জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নাটকটি নিয়ে মঞ্চে আসবে পালাকার। যত বড় ক্যানভাস, তত বড় মহড়াকক্ষ নয়, তাই একটু কষ্ট তো হচ্ছেই। কিন্তু একটি নতুন ভালো নাটক মঞ্চে আনার জন্য উন্মুখ হয়ে আছে দলটি। উন্মুখ যে হয়ে আছে, তা বোঝা যায় এই বাণিজ্যের যুগেও মঞ্চনাটকের মহড়ার সপ্তাহে চার দিন করে হাজিরা দিচ্ছে তারা।