বাগেরহাটের মংলার শেলাবুনিয়ায় ছয় দশক ধরে ফাদার মারিনো রিগনের বসবাস। এখানে প্রতিষ্ঠা করেছেন সেন্ট পলস উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় ও এর শিক্ষার্থী এবং এলাকার বাসিন্দাদের নিয়েই তাঁর পরিবার। শেলাবুনিয়ার মায়ায় এতটাই জাড়িয়ে গেছেন যে বাংলাদেশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হতে চান এই ইতালিয়ান ফাদার।ধর্মপ্রচারক ফাদার মারিনো রিগনের জীবন ও কর্ম নিয়ে তৈরি একটি তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে তাঁর এই প্রগাঢ় ইচ্ছাকে। ‘ফাদার মারিনো রিগন: ভেনিস টু সুন্দরবন’ নামের এক ঘণ্টা ২০ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রটি তৈরি করেছেন রবিশঙ্কর মৈত্রী। গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘরে ছিল এর উদ্বোধনী প্রদর্শনী। মুক্তিযুদ্ধের সময় নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা ও প্রেরণা দিয়েছেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে গোপালগঞ্জের বানিয়াচর গ্রামের চার্চের চিকিৎসাকেন্দ্রে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিতেন। ২০০৮ সালে তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাদার রিগন। নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘এ দেশের মানুষের যে ভালোবাসা পেয়েছি, তা কখনোই ভুলব না।’