বাংলায় 'তোরা সান'

জাপানের এক ভবঘুরের ব্যর্থ প্রেমের কাহিনি নিয়ে ‘তোরা সানস সানরাইজ অ্যান্ড সানসেট’ সিনেমাটির গল্প। জাপানি ভাষা জানতে হবে না, নির্ভর করতে হবে না ইংরেজি সাবটাইটেলের ওপরেও। সম্প্রতি বাংলায় ডাবিং করা হয়েছে জনপ্রিয় এ জাপানি ছবিটি। দেখানো হবে বাংলাদেশের টিভি চ্যানেল এনটিভিতে। ১৯৭৬ সালের ২৪ জুলাই এটি প্রথম মুক্তি পায়।
বাংলাদেশের জাপান দূতাবাস, জাপান ফাউন্ডেশন এবং এনটিভির যৌথ উদ্যোগে ডাবিং ও প্রচার করা হচ্ছে ছবিটি। বিনোদনের পাশাপাশি জাপানের সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের নানা দিক জানা যাবে এ ছবির মাধ্যমে। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে ছবিটি দেখানো হবে। ১৯৬৯ সালে প্রথমবার চলচ্চিত্র নির্মাণের পর তুমুল জনপ্রিয়তা পাওয়ায় ‘তোরা সান’কে নিয়ে মোট ৪৮টি পর্ব নির্মিত হয় ১৯৯৫ সাল পর্যন্ত। ১৯৯৭ সালে দেখানো হয় এর একটি বিশেষ পর্ব।
এনটিভির অনুষ্ঠান ও যোগাযোগ বিভাগের নির্বাহী পাভেল ইসলাম জানান, নভেম্বর থেকে শিশুদের জন্য বাংলায় ডাবিংকৃত আরও একটি সিরিজ শুরু করতে যাচ্ছে এনটিভি।