বাংলায় 'রাজকাহিনী', বলিউডে 'লাকির'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রাজকাহিনী’ ছবির শুটিংয়ের ফাঁকে অভিনয়শিল্পীরা
‘রাজকাহিনী’ ছবির শুটিংয়ের ফাঁকে অভিনয়শিল্পীরা

সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ নিয়ে এবার হিন্দিতে তৈরি হবে ‘লাকির’। বাংলাদেশের জয়া আহসান অভিনীত কলকাতার এই বাংলা ছবির হিন্দি রিমেকের খবরটি আজ বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছেন পরিচালক সৃজিত মুখার্জি। তিনি এখন আছেন মুম্বাইয়ে।
সৃজিত মুখার্জি মুম্বাই থেকে মুঠোফোনে জানিয়েছেন, বলিউডের জন্য ছবিটির পরিচালনা করবেন তিনিই। যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে কলকাতার শ্রী ভেঙ্কাটেশ ফিল্মস এবং মহেশ ও মুকেশ ভাটদের প্রযোজনা প্রতিষ্ঠান বিশেষ ফিল্মস। বলিউডে ‘রাজকাহিনী’র রিমেকের বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। 

‘রাজকাহিনী’ ছবির পোস্টার
‘রাজকাহিনী’ ছবির পোস্টার


আসছে ১৬ অক্টোবর কলকাতায় মুক্তি পাবে ‘রাজকাহিনী’। বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান এ ছবিতে অভিনয় করছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
ছবিটি নিয়ে ভারতের পত্রিকা টাইমস অব ইন্ডিয়াকে পরিচালক ও প্রযোজক মহেশ ভাট বলেছেন, ‘রাজকাহিনী নিয়ে আমি মুগ্ধ। ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের “জন গণ মন” গানটি আমাকে আবেগী করে তুলেছে। আমাকে অদ্ভুতভাবে আচ্ছন্ন করেছে গানটি।’
এদিকে ‘রাজকাহিনী’র প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কাটেশের পক্ষ থেকে শ্রীকান্ত মোহতা জানান, ছবিটিকে বাংলাদেশে মুক্তি দেওয়ার ব্যাপারে খুব শিগগির প্রক্রিয়া শুরু করবেন তাঁরা। একই আশাবাদ ব্যক্ত করে মুঠোফোনে সৃজিত বলেন, ‘দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনার পরই ছবিটি মুক্তি পাবে বাংলাদেশে। বাংলাদেশে ছবিটি মুক্তি পেলে এটি হবে “রাজকাহিনী”র জন্য অনেক বড় প্রাপ্তি।’
এর আগে একটি ভারতীয় পত্রিকার বরাত দিয়ে সৃজিত বলেন, টালিউডের ‘রাজকাহিনী’ তৈরি হয়েছে ১৯৪৭ সালে দেশবিভাগের সময় ভারত ও বাংলাদেশের বিভক্ত হওয়ার গল্প নিয়ে। কিন্তু বলিউডে ছবিটি তৈরি হবে পাঞ্জাব ও পাকিস্তানের বিভাগ নিয়ে। সৃজিত তাঁর প্রথম বলিউড ছবির পাণ্ডুলিপি লেখার জন্য এরই মধ্যে পশ্চিমবঙ্গের জনপ্রিয় কবি শ্রীজাতকে প্রস্তাব দিয়েছেন।