বাইরে থেকে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক করতে হলে যে যে বিষয়ে জেনে নেওয়া খুব জরুরি, সে বিষয়গুলোর ওপরই আলোকপাত করা হবে নাটকের ক্লাসে। নাটককে জেনে-বুঝে তারপর নাটকের অংশ হওয়ার সুযোগ করে দিতেই এ ক্লাসের আয়োজনদু-তিনজন গুরুত্বপূর্ণ অভিনেতার অনুপস্থিতির কারণে রিহার্সেল শুরু করা যাচ্ছে না। আদৌ রিহার্সেল হবে কি না, তা-ও অনিশ্চিত। নির্দেশক বসে আছেন চুপচাপ, অন্যরা ফিসফাস শব্দে গল্প করছে। এ রকম অবস্থায় নাট্যকার ঢুকতেই সবাই যেন কিছু করার একটা সুযোগ পেয়ে গেল। তরুণ অভিনেতাটির সরাসরি প্রশ্ন, ‘স্যার, সেদিন আপনি নাটককে বললেন “অভিনেতার নীল নকশা”।তো আমার মতো অভিনেতা নীল নকশারভেতরে কী খুঁজবে?’ নির্দেশক মুচকি হাসলেন। নাট্যকার যেন এ রকম প্রশ্নের জন্য আগেই তৈরি ছিলেন। এ প্রশ্নের উত্তর বোধ হয় একজন নির্দেশকই ভালো দিতে পারবেন। শেক্সপিয়ার তাঁর ৫০০ বছর আগে নাটক লিখে দিয়ে গত হয়েছেন, রবীন্দ্রনাথও ৬০-৭০ বছর। কিন্তু শত শত নির্দেশক আর হাজার হাজার অভিনেতা-অভিনেত্রী তাঁদের নাটকগুলোয় বছরের পর বছর ধরে অভিনয় করে আসছেন। তাঁরা নিশ্চয়ই কিছু খুঁজে পেয়েছেন। নির্দেশক এ রকম পাল্টা প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। ঢোক গিলে বললেন, ‘আপনি শিক্ষক মানুষ। আপনিই বোধ হয় ভালো বলতে পারবেন।’একরকম বাধ্য হয়েই নাট্যকার বলতে শুরু করেন, ‘এ বিষয়ে আমি যা বলব, তা নতুন কোনো কথা নয়। দুনিয়াজুড়েই নিদের্শক, অভিনেতারা এ কাজটি করে আসছেন, কেউ সচেতনভাবে, কেউ নিজের অজান্তে। গল্প, উপন্যাস, কবিতা—নাটক রচনার ধরন যা-ই হোক না কেন, পাঠক প্রথম পরিচিত হয় লেখকের রচনাশৈলীর সঙ্গে। স্টাইল ইজ দ্য ম্যান, অথাৎ রচনাশৈলীই লেখক। লেখকের, অর্থাৎ নাট্যকারের প্রকাশভঙ্গি বা স্টাইল যা-ই বলি, এর সঙ্গেই আমাদের প্রথম পরিচয় ঘটে। নাট্যকার কী ধরনের সংলাপ ব্যবহার করছেন? তাঁর শব্দের প্রয়োগের ধরন, ভাষার গাঁথুনি—এসবই প্রথম অভিনেতা, নির্দেশকের চোখ পড়ে। একজন অভিনেতাকে নাটকটি ভালো করে পড়ে বুঝতে হলে নাটকটির বিভিন্ন স্তরে অনুসন্ধান করতে হয়। তরুণ অভিনেতার বস্ফািরিত চোখ, “নানা স্তরের যে কথা বললেন ঠিক বুঝতে পারলাম না।”’নাট্যকার এতক্ষণে যেন একটি উপযুক্ত ছাত্র পেয়ে গেলেন। শুরু হলো তার ক্লাস লেকচার, একটু আগে আমি বলছিলাম রচনাশৈলীর কথা। এরপর আসে সংগীতময়তা অর্থাৎ ধ্বনি ও ছন্দের ব্যবহার, অলংকার, উপমা, উৎপ্রেক্ষা, আলংকারিক ভাষা, সংলাপ, দৃশ্যকাঠামো আর প্লট।নির্দেশক অনেকক্ষণ পর একটা আক্রমণের সুযোগ পেয়ে গেলেন, ‘আপনার এই খোঁজাখুঁজি আসলে দেহ নিয়ে খোঁড়াখুঁড়ি, প্রাণটা কই? এসব তো পরীক্ষার খাতার প্রশ্নোত্তর। অভিনেতাকে তাঁর অভিনেয় চরিত্রটি উপস্থাপন করতে হবে। কালো অক্ষরে আঁকা চরিত্রটিকে মঞ্চে রক্তমাংসের মানুষে রূপান্তর করতে হবে। সেটা আপনার এই দেখায় সম্ভব না। শুধু নাটকের কাঠামো, গঠনপ্রক্রিয়া, সংলাপের ধরন—এসব বিশ্লেষণ করে নাটকের প্রাণ প্রতিষ্ঠা করা যাবে না।নাট্যকার যেন একটু আহত হলেন, ‘কেন? কেন সম্ভব নয়? মানুষের চিন্তা বা ভাবের উৎপত্তি কোথা থেকে হয়? নিশ্চয় কোনো বস্তু থেকে? বস্তুবিহীন বা কোনো অবলম্বনহীন ভাবনার কথা কি আমরা কল্পনা করতে পারি? পারি না।’নির্দেশক বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিলেন, তর্কটা জমে গেল। ‘বস্তু থেকে চিন্তার উৎপত্তি, এটা আমি শতবার স্বীকার করি। আমার একটি প্রশ্ন, নাটক একটি শিল্প আর পৃথিবীর তাবৎশিল্পের কেন্দ্র কী?’নাট্যকারের ঝটপট উত্তর, ‘কেন মানুষ।’ নির্দেশক যেন এতক্ষণ এ উত্তরের অপেক্ষা করছিলেন, ‘ঠিক বলেছেন, তাহলে বিষয়টা কী দাঁড়াল?’ কেন্দ্রে যেহেতু মানুষ তার অর্থ বিষয়টা রাজনৈতিক, সামাজিক। আলোচনা এতটা গভীরে চলে যাবে, নাট্যকার ভাবতে পারেননি। মহড়াকক্ষজুড়ে সবগুলো মুখ উদগ্রীব হয়ে তাকিয়ে। নাট্যকার বিষয়টি সহজবোধ্য করার জন্য বললেন, ‘যদি আরেকটু সহজ করে বলেন, তাহলে সবার বুঝতে সুবিধা হয়।’ নির্দেশক বলতে শুরু করলেন, ‘শুধু পাণ্ডুলিপিতে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে নাটক বিশ্লেষণ করা সম্ভব নয়। যখনই কোনো ব্যক্তি শিল্পের উপভোগ বা শিল্পসৃষ্টি থেকে শিল্পের বিশ্লেষণের ক্ষেত্রে প্রবেশ করেন, তখন এটা পরিষ্কার, তিনি শিল্পক্ষেত্রের বাইরে গিয়ে দাঁড়িয়েছেন, অর্থাৎ তিনি বাইরে থেকে শিল্পকে দেখতে শুরু করেছেন।’ কিন্তু শিল্পের বাইরেটা আবার কী? ‘বিষয়টা এভাবে বলা যেতে পারে, মুক্তা যেমন শুক্তির উৎপন্ন, শিল্পও তেমনি সমাজের উৎপন্ন, আর শিল্পের বাইরে গিয়ে দাঁড়ানোর অর্থ হলো সমাজের ভেতরে গিয়ে দাঁড়ানো। আমি এ কথাটিই বলতে চাইছিলাম, শিল্পের কেন্দ্রে যে মানুষ আপনার কথিত নীল নকশার মধ্যে লুকিয়ে আছে, তাঁকে খুঁজে বের করা।’আলোচনা তরুণ অভিনেতার মাথার অনেক ওপর দিয়ে চলে যাচ্ছিল, ‘স্যার, এই বিষয়ে আরেক দিন। আজ এটুকুই থাক।’ নাট্যকারের কান দিয়ে যেন গরম বাতাস বেরিয়ে গেল।