বাইশে শ্রাবণ উপলক্ষে ছায়ানটের আয়োজন
রবীন্দ্রনাথের গানগুলো স্বরলিপি আকারে সাজানো আছে ৬৫ খণ্ডে। এর মধ্যে কয়েকটিতে এককভাবে শিরোনাম দিয়ে চিহ্নিত করেছেন বিশ্বকবি। যেমন নবগীতিকা, গীতমালিকা, গীতবীথিকা, কাব্যগীতি ইত্যাদি। গীতিনাট্যের কিছু—বসন্ত, ফাল্গুনী, প্রায়শ্চিত্ত, তাসের দেশ। নামাঙ্কিত হয়েছে নৃত্যনাট্য—চিত্রাঙ্গদা, শ্যামা, চণ্ডালিকা ইত্যাদি। বসন্ত, বর্ষা আর শরতের গান আলাদা রাখতে ঋতু নিয়ে যে কটি স্বরবিতান, তাতে অন্য গানও আছে। তেমনই বর্ষার গানের কেতকীতেও এসেছে নানা প্রসঙ্গ। বর্ষার আবহে প্রেম-পূজার আবহ আসতেই পারে। আছে জগৎসংসারের মূলে যে বিশ্বছন্দ তার কথা—‘বিশ্ব-বীণারবে বিশ্বজন মোহিছে।’ যোগ হয়েছে মুক্ত জীবনের আকাঙ্ক্ষা—‘হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে’—অন্ধ তামস থেকে মুক্তির গান—‘কোথায় আলো, কোথায় ওরে আলো!’ এই কেতকীর গান নিয়েই এক অনুষ্ঠান সাজিয়েছে ছায়ানট। ছায়ানট সূত্রে জানা গেছে, ২২ শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সে উপলক্ষে আজ শুক্রবারের আয়োজন সংগীত-পাঠ ও নৃত্যসন্ধ্যা। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাতটার অনুষ্ঠান শুরু হবে কেতকী নিয়ে সন্জীদা খাতুনের কথায়। সম্মেলক গানের বাইরে একক পরিবেশনায় থাকছেন ইফ্ফাত আরা দেওয়ান, মহিউজ্জামান চৌধুরী, রোকাইয়া হাসিনা, মিতা হক, লাইসা আহমদ লিসার সঙ্গে আরও অনেক নবীন শিল্পী ও প্রতিশ্রুতিমান শিক্ষার্থী।