বাইশে শ্রাবণে বন্যার অ্যালবাম
হূদয়ানন্দ কলম্বিয়ার সংগীত পরিচালক। দীর্ঘদিন যুক্ত আছেন গান্ধর্বলোক অর্কেস্ট্রার সঙ্গে। সুরের ধারা আয়োজিত রবীন্দ্র উৎসবে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন গত বছর। উৎসব শেষে থেকেছেন আরও কিছুদিন। কাজ করেছেন রবীন্দ্রসংগীত নিয়ে। পিয়ানোতে দারুণ দক্ষ তিনি। রবীন্দ্রসংগীতের বিভিন্ন গানের স্টাফ নোটেশন তৈরি করেছেন পিয়ানোর জন্য। পাশাপাশি চর্চাও করেছেন। সহযোগিতা নিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যার কাছ থেকে। এবার বন্যা গান গেয়েছেন আর পিয়ানো বাজিয়েছেন হূদয়ানন্দ। বন্যার ভাষায়, ‘ওগুলো রবীন্দ্রনাথের ভাঙা গান। রবীন্দ্রনাথ নিজেও সেই গানগুলোর সঙ্গে পিয়ানোর ব্যবহার করেছিলেন। পিয়ানোর সঙ্গে দারুণ মানিয়ে যায় গানগুলো।’এবার বাইশে শ্রাবণে বন্যার গাওয়া তেমনি কিছু গান নিয়ে বেরোচ্ছে রবীন্দ্রসংগীতের অ্যালবাম। নাম ওগো বিদেশিনী। বের করছে ইমপ্রেস অডিও ভিশন।অ্যালবামের গানগুলোর সঙ্গে বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে শুধু পিয়ানো। বন্যা বললেন, ‘গ্র্যান্ড পিয়ানোর সঙ্গে গান গাওয়ার মজাই আলাদা। কোনো বাদ্যযন্ত্র ছাড়া গান গাওয়ার সময় যেমন এক রকম পরিবেশ তৈরি হয়, শুধু পিয়ানো ব্যবহার করলে অন্য রকম আবহ তৈরি হয়। শ্রোতারা এই অ্যালবামে তেমনটিই পাবেন।’