বাইসাইকেল চালানো শেখা
অভিনয়শিল্পী তিশাকে পরিচালক আলভী আহমেদ একটি নাটকের গল্প শোনালেন। নাটকের নাম তহমিনার দিনযাপন। তহমিনা নামের একজন এনজিওকর্মীপ্রতিদিনের ঘটনা নিয়ে নাটকের কাহিনি। অনেক সংগ্রাম করেই বাঁচতে হয় তাকে। গল্প শুনে নাকি তিশা মুগ্ধ। কিন্তু পরিচালকের শর্ত, নাটকের জন্য অবশ্যই তিশাকে বাইসাইকেল চালানো শিখতে হবে। কী আর করা, নানা ব্যস্ততার মধ্যেও শুরু হলো তিশার বাইসাইকেল চালানো শেখা। আর বাইসাইকেল চালানো শিখতে গিয়ে যা যা হয়—পড়ে যাওয়া, কেটে যাওয়া, ব্যথা পাওয়া; সবই হয়েছে। তার পরও তিশা হাল ছাড়েননি। সাইকেল চালানো শিখে তবেই ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন। আলভী আহমেদ বললেন, ‘পুবাইলের একটি গ্রামে আমরা নাটকটির শুটিং করেছি। তিশার সাইকেল চালানো দেখে গ্রামের কেউ বুঝতে পারেনি, ও একেবারেই নতুন। এনজিওকর্মীরা যেভাবে সাইকেল চালিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যায়, তিশাও সেভাবেই কাজটা করেছে।’তিশা বললেন, ‘তহমিনার দিনযাপন একটু অন্য ধরনের নাটক। আর সাইকেল চালানোটা ছিল মজার অভিজ্ঞতা। নাটকটিতে কাজ করতে এসে সাইকেল চালানো শেখা হয়ে গেল।’