বাউল গানের সুরের ধারায় স্নাত হাওরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাল্গুনের সকালে হঠাৎ কালবৈশাখীর ঝাপটা। তাতে ক্ষণিকের জন্য উত্তাল হলো নিস্তরঙ্গ কালনী নদী। দমকা হাওয়ায় কালনীর পাড়ে আছড়ে পড়ল ঢেউ। সকালের রুদ্র আবহাওয়া অবশ্য দুপুর গড়াতেই শান্ত। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বাউলেরা মঞ্চে এলেন গান শোনাতে। ‘কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া’ দিয়ে গানের পর্ব শুরু করলেন বাউলসম্রাট শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালাল। উজানধল মাঠে তখন গান শুনতে আসা শ্রোতাদের বিপুল সমারোহ। গতকাল শনিবার দুই দিনব্যাপী শাহ আবদুল করিম লোক উৎ সবের সমাপনী অনুষ্ঠানে গানের পর্ব শুরু হয়েছিল বেলা তিনটা থেকে। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের সহযোগিতায় আয়োজিত এ উৎ সবে দেশের বিভিন্ন অঞ্চলের লোকসংগীতের শিল্পীরা অংশ নিয়ে শ্রোতাদের গানের সুরে তন্ময় করে রাখেন। উৎ সবে আরও ছিল শাহ আবদুল করিমের জীবন ও লোকসংগীত নিয়ে আলোচনা।সমাপনী দিনে গান শুনিয়েছেন বাউল আবদুর রহমান, কাইয়ুম শাহ, বশিরউদ্দিন সরকার, মায়া রানী সরকার, হরিপদ দাস, খাদিজা আক্তার, আনোয়ার রেজা, দুখু মিয়া, অনিক হাসান, হ্যাপি রানী ধর, রনি চক্রবর্তী, জুঁই চক্রবর্তী, শিউলী চৌধুরী, টুম্পা রানী দাস, নিউ সালমা, নাসির উদ্দিন, সুহেল সরকার, শরিফুল সরকার, তানজিনা হক, করুণা সরকার, ঝুমা আক্তারসহ অনেকে। শিল্পীদের দরাজ কণ্ঠের মাধুর্য আর সুরের ধারায় স্নাত হয় হাওরবাসী। বাউলগানের পুরো অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালন করেন শরফুদ্দিন ও নজরুল ইসলাম। একপর্যায়ে বাউলদের কণ্ঠে ভেসে আসে বিরহী টান। গানের কলিতেও বিদায়ী সুর। বাউল আবদুর রহমানের নেতৃত্বে বাউলসম্রাটের ভাবশিষ্যরা সমবেত কণ্ঠে গাইলেন ‘কেন পিরিতি বাড়াইলে রে বন্ধু, ছেড়ে যাইবায় যদি’। গানের ফাঁকে একপর্যায়ে শাহ নূর জালাল মঞ্চে ওঠেন। তিনি উৎ সবে অংশ নেওয়া দর্শক, শ্রোতা, বাউল ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান, ‘এত মানুষের ভালোবাসা পেয়ে আমরা বিমোহিত। মানুষের ভালোবাসায় আগামী দিনে আবারও মুখরিত হবে উজানধল ময়দান।’গানের সুরে সুরে সময় গড়ায়। রাতে লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরো উজানধল মাঠ। গানের সুরে মুখর হয়ে ওঠে কালনীপারের গ্রাম।