বাউল মিলন
আনিসুর রহমান মিলন এবার বাউল চরিত্রে অভিনয় করলেন। যে বাউল পথে পথে গান গেয়ে ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ায় দেশ-দেশান্তরে। লালনের গানের বাণী ছড়িয়ে দেয় সারা দেশে। পথের সেই বাউল অসুস্থ হলে আশ্রয় পায় মুছলেমার কাছে। যার অন্তরে আছে বাউল তত্ত্ব। বাবার ইচ্ছে ছিল, মুছলেমা বড় বাউল হবে। কিন্তু বাবা-মা আর স্বামী হারিয়ে যাওয়ার পর মুছলেমার কণ্ঠ থেকেও সুর হারিয়ে যায়। জৈনদ্দিন ফকিরকে সেবা দিয়ে সুস্থ করে তোলে মুছলেমা। গান শুনে মুগ্ধ হয়। কিন্তু গ্রামের মাতব্বরের তা সহ্য হয় না। নানা চক্রান্ত করতে থাকে সে। এভাবেই আগন্তুক নাটকের গল্প প্রসঙ্গে বললেন পরিচালক নজরুল ইসলাম। নাটকে জৈনদ্দিন ফকিরের চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। তিনি বললেন, ‘এই নাটকে আমি নিজের কণ্ঠেই গান করেছি। আর বাউলেরা যে পোশাক ব্যবহার করেন, আমাকেও তা-ই দেওয়া হয়। ওটা পরে অভিনয় করতে গিয়ে নিজের মধ্যে অন্য রকম এক অনুভূতি তৈরি হয়।’মুছলেমার চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু। আরও অভিনয় করেছেন আরিফ বাউল ও রিঙ্কু। নাটকটি রচনা করেছেন এস এম জাহাঙ্গীর। নাটকের শুটিং হয়েছে সিরাজদীখানের দোয়ারিপাড়া গ্রামের পদ্মমেহ ধামে।