বাউল সহিদ পেলেন ১০ হাজার পাউন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাউল সহিদ
বাউল সহিদ

অক্সফোর্ডশায়ারে ‘শাহ আবদুল করিমের গানের সেরা শিল্পী’ হয়েছেন বাউল সহিদ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১০ হাজার পাউন্ড। এবার বন্ধু দিবসে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের হেইথ্রপ পার্ক রিসোর্ট প্রাঙ্গণে আয়োজন করা হয় ‘বাউল শাহ আবদুল করিম সংগীত উৎসব’। আয়োজন করে সেলিব্রেশন অব ব্রিটিশ বাংলাদেশি কালচার।
উৎসবের একটি উল্লেখযোগ্য অংশ ছিল ব্রিটেনে ‘শাহ আবদুল করিমের গানের সেরা শিল্পী’ নির্বাচন। এখানে অংশ নেন ২০ জন শিল্পী। বিচারক ছিলেন প্রবাসী শিল্পী হিমাংশু গোস্বামী, আলাউর রহমান, বাংলাদেশ থেকে আসা শিল্পী সেলিম চৌধুরী ও আশিক। বিচারকেরা গান শুনে তাঁদের মতামত জানালেও দর্শকদের হাতেই ছিল প্রিয় শিল্পী নির্বাচনের চাবিকাঠি। দর্শকদের ভোটেই ‘শাহ আবদুল করিমের গানের সেরা শিল্পী’ হয়েছেন বাউল সহিদ। বিজয়ী শিল্পীর হাতে ১০ হাজার পাউন্ডের চেক তুলে দেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, ক্লিফটন গ্রুপের সিরাজ হক ও আল হারামাইন গ্রুপের প্রধান মোহাম্মদ মাহাতাবুর রহমান। প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন জয়নাল আবেদিন ও শাহ টুনু মিয়া।
বাউল সহিদ বলেন, ‘আমার সংগীতজীবন সার্থক হলো। দর্শকদের ভালোবাসার কাছে ঋণী হয়ে গেলাম।’
ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয় দিনটি। অনুষ্ঠানস্থলে ছিল পাক্ষিক ব্রিকলেন পত্রিকার আয়োজনে শাহ আবদুল করিমের আলোকচিত্র এবং বাংলাদেশি পোশাক নিয়ে নিত্য উপহার-ব্রিকলেন টি-শার্ট প্রদর্শনী। ছিল বাংলাদেশি খাবারের আয়োজন। আর মঞ্চে ছিল গান।