বাউলদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
রাজবাড়ীর পাংশায় বাউলদের ওপর হামলাকে নিছক কয়েকজন বাউলের ওপর হামলা ভাবা ঠিক হবে না। এ হামলা গোটা বাংলাদেশের ওপর, বাঙালির অসম্প্রদায়িক চেতনার ওপর। বাউলদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাউলদের ওপর আঘাত—রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগান নিয়ে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদ। উদীচীর সদস্য ছাড়াও বিভিন্ন সংগঠনের সদস্যরা এতে অংশ নেন। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের নিরঞ্জন অধিকারী, হাবিবুল আলম, প্রবীর সরদার, সঙ্গীতা ইসলাম প্রমুখ।ফরিদপুর অফিস জানায়, ‘ফতোয়াবাজদের রুখে দাঁড়াও’—এ আহ্বান নিয়ে গতকাল ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে প্রতিবাদ জানায় জেলা উদীচী শিল্পীগোষ্ঠী।সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বাউলদের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জে গতকাল বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে ‘গানে গানে প্রতিবাদ’ জানায় উদীচী শিল্পীগোষ্ঠী।বরিশাল অফিস জানায়, রাজবাড়ীর পাংশা উপজেলার চররামনগর গ্রামে বাউল সাধকদের চুল কেটে দেওয়া ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে বরিশালের বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছে। সকালে প্রথম আলো বন্ধুসভা এবং বিকেলে উদীচী অশ্বিনীকুমার হল চত্বরে প্রতিবাদী গণসংগীত ও মানববন্ধন করে।