বাউলসম্রাটের গানে মন মাতানো সন্ধ্যা
‘আবদুল করিম ভাবছে এবার/কন্ডেম গাড়ি কী করব আর/সামনে বিষম অন্ধকার/করতেছি তাই ভাবনা।’ বাউল কবি শাহ আবদুল করিম এ গান লিখে চলে গেলেন বিষম অন্ধকারের দেশে। জীবদ্দশায় অন্ধকারের দেশ নিয়ে তিনি ভেবেছিলেন। কিন্তু কোথায় আছেন? কেমন আছেন তিনি? গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রবেশ করতেই কানে এল তাঁর গানের সুর। বাউলসম্রাট নেই, মৃত্যুঞ্জয়ী হয়ে আছে তাঁর গান। বাউলসম্রাট শাহ আবদুল করিম পরিষদ প্রকাশ করেছে ‘শাহ আবদুল করিম স্মারক গ্রন্থ’। এরই প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে ছিল গানের আসর। পরিষদের সভাপতি বুরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। বক্তৃতা করেন স্মারক গ্রন্থের সম্পাদক মজিবুর রহমান, নাছির উদ্দিন চৌধুরী, মতিউর রহমান, নাসির উদ্দিন, সুজা আল ফারুক প্রমুখ। অনুষ্ঠানে সম্প্রতি শাহ আবদুল করিমের বাড়িতে হামলার প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে এ বাউল কবির নামে উজানধলে তাঁর বাড়িতে একটি জাতীয় জাদুঘর ও সংগীত একাডেমি করার দাবি জানানো হয়।পরে ছিল শাহ আবদুল করিমের সরাসরি শিষ্যদের গাওয়া গানের আসর। দেলোয়ার দেওয়ান গেয়েছেন ‘কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়’ ও ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’। সীমা দেওয়ান শোনান ‘আইলাইনা আইলাইনারে বন্ধু’ ও ‘বন্দে মায়া লাগাইছে’। এ ছাড়া গাইলেন আবদুর রহমান, বাউল বশির উদ্দিন, শামসুল আনোয়ার, বাবুল সরকার, রুবেল দেওয়ান, আলম সরকার প্রমুখ। গানের মধ্যে ছিল: ‘গাড়ি চলে না চলে না’, ‘আমি কুলহারা কলঙ্কিনী’, ‘আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা’, ‘আর কিছু চায় না মনে গান ছাড়া’সহ তাঁর জনপ্রিয় গানগুলো। করিমের বাউল গানে ভেসে আসে ভাটির সুর। সেই সুরে এ শহরের শ্রোতারা পেলেন নির্মল আনন্দ।মানবাধিকারের পক্ষে থিয়েটারধানমন্ডির রবীন্দ্রসরোবরের খোলা মঞ্চের সামনে গতকাল সন্ধ্যায় নাট্যামোদী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ। ‘মানবাধিকারের পক্ষে থিয়েটার’ স্লোগান নিয়ে দু্ই দিনের পথনাটক উৎসব শুরু হয়েছে গতকাল শুক্রবার। সেন্টার ফর এশিয়ান থিয়েটারের আয়োজনে এ উৎসবের প্রথম দিনে সাতটি নাটক পরিবেশিত হয়। দর্শকের উদ্দেশে উৎসবের ঘোষণা দিলেন দলের এক সদস্য। তারপর একের পর এক নাটক। সেন্টার ফর এশিয়ান থিয়েটার প্রকৃতি ও পুরাণ, সাদাকালো এবং ন্যায্যমূল্য থিয়েটার কোং লিমিটেড পরিবেশন করে। পালাকার পরিবেশন করে পরীস্থান, থিয়েটার আর্ট ইউনিট খ্যাপা পাগলার প্যাচাল, সাত্ত্বিক নাট্যসম্প্রদায় রসুখাঁ অথবা আমি এবং পদাতিক নাট্যসংসদ পরিবেশন করে দিনলিপি।খুলনায় নজরুল সংগীত সম্মেলনগতকাল খুলনা বিভাগীয় নজরুল সংগীত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরের শহীদ হাদিস পার্কে নজরুল সংগীত শিল্পী পরিষদ, খুলনা এ সম্মেলনের আয়োজন করে।সম্মেলনের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতারের শিল্পী ওস্তাদ কালিপদ দাশ। সকালে প্রথম পর্বে ছিল আলোচনা। বিকেলে দ্বিতীয় পর্বে সংগীতানুষ্ঠান। আলোচনায় বক্তা ছিলেন নজরুল সংগীত শিল্পী পরিষদের কেন্দ্রীয় কমিটির সচিব এম এ মান্নান এবং শিল্পী ফাতেমা-তুজ-জোহরা, অসিত বরণ ঘোষ, মোহাম্মদ আব্দুল মান্নান ও খুলনা নজরুল সংগীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র রায়। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ভারতী ঘোষ।ফাতেমা-তুজ-জোহরা এবং খুলনা কুষ্টিয়া, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, ঝিনাইদহ নজরুল সংগীত শিল্পী পরিষদের শিল্পীরা এ অনুষ্ঠানে শ্রোতাদের গান গেয়ে শোনান।