বাকপ্রতিবন্ধী চরিত্রে অ্যালেন ও সাবিলা

বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়েই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন অ্যালেন শুভ্র। কিছুদিন আগে অনলাইনে মুক্তি পেয়েছে ‘ভয়েজ অব লাভ’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ইমরাউল রাফাতের মূল ভাবনায় এটি পরিচালনা করেন সজীব খান। ছয় মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো অ্যালেন শুভ্র ও সাবিলা নূর বাকপ্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেন। তবে অ্যালেনের কাছে এমন চরিত্রের অভিনয়ের অভিজ্ঞতাটা ছিল অন্য রকম। কারণ, বাস্তবেও তার প্রায়ই ইশারা ভাষায় কথা বলতে হয়। পরিবারে তার ছোট বোন একজন বাকপ্রতিবন্ধী। ছোট থেকেই অ্যালেন বোনের সঙ্গে ইশারা ভাষায় কথা বলেন। এমন অভিজ্ঞতাই তিনি অভিনয়ে কাজে লাগিয়েছেন। অ্যালেন বলেন, ‘বাকপ্রতিবন্ধীরা সবার আগে এক্সপ্রেশন বা কথা বলার ভঙ্গিটা দেখে। একই সঙ্গে ঠোঁটের যে বলার ভঙ্গি, সেটার দিকে নজর দেয়। আমি আমার বোনের সঙ্গে কথা বলার সময় খুব নিচু স্বরে বলি। তারা একটু দেরিতে বুঝবে, কিন্তু অনেকক্ষণ পর্যবেক্ষণ করেই বুঝতে পারে সব কথার অর্থ।’