বাকি আছে শুধু জেলের দৃশ্য

বাংলাদেশে শ্রমজীবী মানুষের অধিকার, অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রের সংগ্রামে এবং সার্বিকভাবে সমাজপ্রগতির লক্ষ্যে ব্রিটিশ ও পাকিস্তান আমলে বামপন্থীদের অনেক ত্যাগ-তিতিক্ষা ও জেল-নির্যাতনের ইতিহাস রয়েছে। পরিচালক তানভীর মোকাম্মেল বাংলাদেশের বামপন্থীদের নিয়ে ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি নির্মাণ করছেন। ছবিতে রয়েছে গত শতকের স্বদেশি আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা। চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে একজন ত্যাগী বামপন্থী নেতাকে ঘিরে, ১৯৭১ সালে রাজাকারদের হাতে নিহত হন তিনি।
‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রের আবহ সংগীত রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। জানা গেছে, সংগীত পরিচালক সৈয়দ সাবাব আলী আরজুর তত্ত্বাবধানে আবহ সংগীত রেকর্ড করা হয় ধানমন্ডির ছায়ানট স্টুডিওতে।
তানভীর মোকাম্মেল জানালেন, চলচ্চিত্রটির শুটিং আর সম্পাদনাসহ পঁচানব্বই ভাগ কাজ শেষ হয়েছে। জেলের ভেতরের কিছু দৃশ্যের শুটিং বাকি আছে। আগামী সেপ্টেম্বর মাসে তা শুট করা হবে। তিনি এ বছরই ডিসেম্বর মাসে ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন।
ছবিতে একজন বামপন্থী নেতার বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান শোভন, খায়রুল আলম সবুজ ও তাওসিফ সাদমান তূর্য। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, নাজিবা বাশার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, মাসুম বাশার, অলোক বসু প্রমুখ।

আগেই জানানো হয়েছে, ‘রূপসা নদীর বাঁকে’ ছবির বাজেট ধরা হয়েছে ৯৬ লাখ টাকা। এর মধ্যে ৫০ লাখ টাকা বাংলাদেশ সরকার অনুদান হিসেবে দিয়েছে। ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান কিনো আই ফিল্মস সূত্রে জানা গেছে, যেহেতু এ ধরনের বিষয়বস্তুর একটি ছবির জন্য তানভীর মোকাম্মেল করপোরেট পুঁজির দ্বারস্থ হতে চাননি, তাই বাকি ৪৬ লাখ টাকা গণ-অর্থায়নের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এ ছবির জন্য অবদান রেখেছেন।

এর আগে তানভীর মোকাম্মেল ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পারে’, ‘লালসালু’, ‘লালন’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলি’সহ আরও কিছু চলচ্চিত্র পরিচালনা করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশি পুরস্কার। তাঁর চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
