বাকিতে কাঁচা ফিল্ম সরবরাহের দাবি মেনে নিয়েছে সরকার
এখন থেকে চলচ্চিত্র প্রযোজকেরা এফডিসি থেকে বাকিতে কাঁচা ফিল্ম সংগ্রহ করতে পারবেন। এই প্রক্রিয়াটি চালু থাকলেও গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তা বাতিল করা হয়। ‘পি ফিল্ম’ নামের এই প্রক্রিয়াটি আবার চালু করার জন্য দাবি জানিয়ে আসছেন চলচ্চিত্র প্রযোজকেরা। সম্প্রতি গঠিত একটি কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার ‘পি ফিল্ম’ প্রথা আবার চালু করেছে।জানা গেছে, কমিটির সুপারিশ অনুযায়ী সুস্থ ও বিনোদনমূলক চলচ্চিত্র নির্মাণের জন্যই বাকিতে কাঁচা ফিল্ম দেওয়া হবে। যাঁদের বিরুদ্ধে অতীতে অশ্লীল চলচ্চিত্র নির্মাণের অভিযোগ রয়েছে এবং যাঁরা ইতিপূর্বে এফডিসির বকেয়া টাকা পরিশোধ করেননি, তাঁরা পি ফিল্মের সুবিধা পাবেন না। একজন নির্মাতা ঢাকায় কাজ করার সময় সর্বোচ্চ ১০ হাজার ফুট নেগেটিভ নিতে পারবেন। এ জন্য তাঁকে অবশ্যই অর্ধেক মূল্য পরিশোধ করতে হবে। আর যদি কেউ ঢাকা অথবা দেশের বাইরে শুটিংয়ে যান, তবে তিনি অর্ধেক মূল্য পরিশোধ করে ২০ হাজার ফুট নেগেটিভ নিতে পারবেন।এফডিসি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে পি ফিল্ম প্রক্রিয়ার আওতায় বিভিন্ন প্রযোজক কাঁচা ফিল্ম নেওয়ার জন্য আবেদন শুরু করছেন।