
মোটরবাইক অ্যাকসিডেন্ট করার পর বব ডিলান ক্ষান্ত দিলেন। ১৯৬৬ সালটি ছিল কিংবদন্তি এই শিল্পীর জীবনে নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। ওই বছরের ফেব্রুয়ারি মাসে তিনি শুরু করেন ওয়ার্ল্ড ট্যুর। বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কনসার্ট। ২৯ জুলাই শুক্রবার বিকেলে ব্যক্তিগত সহকারীর বাইকে চড়ে অ্যাকসিডেন্টের পর বেশ চোট পান তিনি। শুরুতে ঘটনাটি গোপন রাখা হয়েছিল। কেননা ওই বছরই ছিল আরও অনেকগুলো কনসার্ট। কিন্তু আহত বব ডিলান সবগুলো কনসার্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিতে বলে নিজে চলে যান খণ্ডকালীন বিশ্রামে। অথচ অ্যাকসিডেন্টের দু মাস আগেও ২৭ মে তিনি গান করেছিলেন লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে।
ওই বছরটি ছিল বব ডিলানের ওয়ার্ল্ড ট্যুরের বছর। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত কনসার্ট ও রেকর্ডিং মিলিয়ে তিনি যোগ দিয়েছিলেন ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশের চল্লিশটিরও বেশি অনুষ্ঠানে।
সে তো বহুকাল আগের কথা। গত শতকের সেই গানগুলো যাঁরা শুনতে বা দেখতে পাননি, তাঁদের ও নতুন প্রজন্মের জন্য সেগুলো একত্র করা হয়েছে। সংগীত উদ্যোক্তাদের পরিকল্পনা ছিল ১৯৬৬ সালের কনসার্টগুলোকে এক জায়গায় করে ডিলান ভক্তদের কাছে পৌঁছে দেওয়া। ১৯৬৫-৬৬ সালের কনসার্টগুলো একত্রে ১৮টি সিডিতে ধারণ করা হয়েছিল। কিন্তু সেগুলো যথেষ্ট নয় ভেবে যত জায়গায় ডিলানের যত কণ্ঠ ও রেকর্ডিং পাওয়া গেছে, সব একত্র করা হয়েছে। নভেম্বর মাসের ১১ তারিখ সেই ৩৬টি সিডি প্রকাশ করবে অ্যামাজন। সেগুলোয় থাকবে ১৯৬৬ সালের সব কনসার্ট, স্টুডিও রেকর্ডিং, টেপরেকর্ডারসহ সব। এমনকি কতিপয় পাগল ভক্তের ব্যক্তিগত রেকর্ডও পাওয়া যাবে এগুলোর ভেতরে। দাম পড়বে বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজারেরও বেশি।
এ তো গেল এ বছরের কথা। আগামী বছর আসছে আরও এক চমক। গার্ডিয়ান মিউজিক ৭২টি সিডিতে প্রকাশ করবে ১৯৬৭-৬৮ সালে বব ডিলানের যত সব কথোপকথন। এবার বাক্সভর্তি হয়ে সারা পৃথিবীর ভক্তদের বাড়িতে পৌঁছে যাবেন বব ডিলান। তাঁর নোবেলপ্রাপ্তির খবর জানাজানির বেশ আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল কিংবদন্তিকে নিয়ে এত সব কাণ্ড।
গার্ডিয়ান ও উইকিপিডিয়া অবলম্বনে রাসেল মাহমুদ